নানা রঙের বি শ্ব কা প
পুলিশময় ম্যাচ‘ক্রিকেটরাজ্যে পৃথিবী পুলিশময়’—কবি সুকান্ত ভট্টাচার্য বেঁচে থাকলে মোহালির স্টেডিয়ামে নিরাপত্তার আয়োজন দেখে হয়তো এমনটাই লিখতেন। স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা ২৮ হাজার, আগামীকাল সেখানে হচ্ছে দক্ষিণ আফ্রিকা-হল্যান্ড ম্যাচ। গোটা আয়োজন ঘিরে পুলিশ থাকছে এক হাজার ৪০০ জন। অর্থাৎ ২০ জন দর্শকের জন্য একজন করে পুলিশ। স্টেডিয়ামের ভেতরে-বাইরে তিন স্তরের নিরাপত্তা। মানুষের গতিবিধির ওপর কড়া নজর ৬০টি সিসিটিভি ক্যামেরার। ট্রাফিক পুলিশ, অশ্বারোহী পুলিশসহ যত ধরনের পুলিশ আছে, সবই দেখা যাবে স্টেডিয়ামে। এই ম্যাচটাকে ‘পুলিশময়’ ম্যাচ বললে খুব বেশি বলা হবে কি? ওয়েবসাইট।সমর্থনহীন অধিনায়কসাকিব আল হাসানের সঙ্গে বেশ কিছু মিল আছে ড্যারেন স্যামির। দুজনই অধিনায়ক, দুজনই অলরাউন্ডার। দুজনের দলই প্রথম ম্যাচে হেরে ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় ম্যাচে। দলের পারফরম্যান্সও খুব একটা খারাপ নয়। কিন্তু সবচেয়ে বড় অমিলটা হলো সমর্থনে। দেশের কোটি কোটি মানুষের সমর্থন পাচ্ছেন সাকিব আল হাসান। কিন্তু ড্যারেন স্যামি সমর্থন তো পাচ্ছেনই না, বরং ক্যারিবিয়ান সমর্থকদের কারও কারও কথা শুনলে মনটাই ভেঙে যাবে তাঁর। পরশু ম্যাচে তাঁর ছয় রানের সংক্ষিপ্ত ইনিংসটার সময় ওয়েস্ট ইন্ডিজের কিছু সমর্থক আজেবাজে মন্তব্য করেছে তাদের অধিনায়ক সম্পর্কে। একজনের দাবি, স্যামি না থাকলেই ওয়েস্ট ইন্ডিজ আরও ভালো করত। কেউ বলছে, স্যামি অকর্মার ঢেঁকি! কারও কারও দাবি, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে স্যামির একজন ‘গডফাদার’ও নাকি আছে! ওয়েবসাইট।তিনি দেখেননি২৭ ফেব্রুয়ারি ভারত-ইংল্যান্ড ‘টাই’ ম্যাচটা দেখার পর অনেকের নিশ্চয়ই রাতে ঘুম হয়নি উত্তেজনায়। উল্টোটাও হয়েছে অনেকের বেলায়। ওই ম্যাচ না দেখেই ঘুমিয়ে পড়েছিলেন ক্রিকেট-বেরসিক অনেকেই এবং সেই তালিকায় আছেন ইউনুস খানও! পাকিস্তানের এই ব্যাটসম্যান জানালেন, বিশ্বকাপের ওই টাই ম্যাচটা দেখা হয়নি তাঁর। ‘আসলে আমি আগেই ঘুমিয়ে পড়েছিলাম। তাই ওই ম্যাচটা দেখা হয়নি। আমি মিস করেছি, তবে ম্যাচটি কিন্তু একই সঙ্গে এই বার্তাও দিয়েছে, এই উপমহাদেশে ৪০০ রানের স্কোরও নিরাপদ নয়।’ বলেছেন ইউনুস। ওয়েবসাইট। দর্শকহীন হ্যাটট্রিক২০১১ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। বিপুলসংখ্যক দর্শকের হাততালি আর অভিনন্দন প্রাপ্যই ছিল হ্যাটট্রিক হিরো কেমার রোচের। কিন্তু তা আর হলো কই? ওয়েস্ট ইন্ডিজ-হল্যান্ড ম্যাচে দর্শক ছিল না বললেই চলে। টিকিটের টাকা উশুল করতে হবে, এই চেতনায় উদ্বুদ্ধ হাতেগোনা কিছু ছাড়া পুরো স্টেডিয়ামে উপস্থিত ছিল মাত্র দুই-আড়াই হাজার দর্শক। এর মধ্যে স্কুল শিক্ষার্থীর সংখ্যাই বেশি। শিশুদের আগ্রহ বাড়াতে বিনা পয়সায় খেলা দেখার সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু যারা মাঠে আসেনি, হ্যাটট্রিকটা সরাসরি দেখতে না পারার আফসোস তাদের থাকতেই পারে। হ্যাটট্রিক তো আর বারবার আসে না! ইতিহাসের সাক্ষী হওয়ার দারুণ একটা সুযোগ হারিয়েছে তারা। ওয়েবসাইট।