নানা ষড়যন্ত্র আছে, কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নানা ষড়যন্ত্র আছে। অনেক কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে। তবে মানুষ ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এটুকু অনুধাবন করতে পেরেছে যে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর ‘কালোত্তীর্ণ ভাষণটি বাঙালি জাতির অনন্ত অনুপ্রেরণা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সেমিনার হয়।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন লেখক ও সাংবাদিক আবুল মোমেন।প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। তবে এখন আর মিথ্যা ইতিহাস দিয়ে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করা যাচ্ছে না। তিনি পাকিস্তানি জেনারেল নিয়াজির একটি বই উদ্ধৃত করে বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পরই পাকিস্তান ভেঙে যায়, এ কথা তিনি নিজেই স্বীকার করেছেন।মূল প্রবন্ধে আবুল মোমেন বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অনির্বাণ শিখার মতো। এর আলো আমাদের পথ দেখায়। এ ভাষণ ৪০ বছর পর আজও প্রাসঙ্গিক এবং উদ্দীপনাময়।’ তিনি বলেন, এটি কোনো সাধারণ ভাষণ নয়। এর তুলনা হতে পারে শিল্পের সঙ্গে। উত্কণ্ঠায়, উত্তেজনায় অস্থির একটি জাতিকে ২০ মিনিটের ভাষণ সেদিন প্রাণসঞ্চার করেছিল।মূল প্রবন্ধের ওপর বক্তৃতায় কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা দেশের সীমানা অতিক্রম করেছিল। যুক্তরাষ্ট্রের একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘সানফ্রানিসকোর এক ট্যাক্সিচালক আমাকে বললেন, ‘তোমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে আমার অবদান আছে। আমি জর্জ হ্যারিসন ও রবিশঙ্করের কনসার্টে টিকিট কিনে অংশ নিয়েছি।’ শেষ পর্যন্ত ওই ট্যাক্সিচালক আমাকে বললেন, ‘তোমরা শেখ মুজিবকে হত্যা করতে পারলে?’বিশিষ্ট সমাজবিজ্ঞানী অনুপম সেন বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের কোনো তুলনা নেই। এটি বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ।অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন শেখ হাফিজুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সৈয়দ সিদ্দিকুর রহমান।