নানা সংকটে ঢাকা কলেজে শিক্ষা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষের সংকট, শিক্ষকের স্বল্পতা, পাঠকক্ষ না থাকা, সেমিনার-পাঠাগারে বই-পুস্তকের অভাব, ছাত্রাবাসে স্থানাভাব—এমন নানা অসুবিধায় ঐতিহ্যবাহী ঢাকা কলেজে পড়ালেখা ব্যাহত হচ্ছে।কলেজে শ্রেণীকক্ষের সমস্যা প্রকট। উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত অধ্যয়নের ব্যবস্থা রয়েছে এখানে। অধিকাংশ বিভাগেরই নিজস্ব শ্রেণীকক্ষ মাত্র দুটি করে। কোনো কোনো বিভাগের নিজস্ব শ্রেণীকক্ষই নেই। অন্য বিভাগের শ্রেণীকক্ষ চেয়ে নিয়ে সেসব বিভাগের পাঠদান চলছে। উপরন্তু শ্রেণীকক্ষগুলোও ছোট, শ্রেণীর সবার জায়গা হয় না। খোঁজ নিয়ে জানা যায়, বিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে তিনটি করে শ্রেণীকক্ষ। তবে কলা ও বাণিজ্য অনুষদের অধিকাংশ বিভাগের শ্রেণীকক্ষ দুটি করে। ইসলামের ইতিহাস ও মনোবিজ্ঞান বিভাগের একটি করে। ইংরেজি, অর্থনীতি ও ইতিহাস বিভাগের নিজস্ব কোনো শ্রেণীকক্ষই নেই।সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছাদেকুল ইসলাম বলেন, ‘আমাদের ক্লাসে ছাত্র ২৫০ জন। কিন্তু শ্রেণীকক্ষে বড়জোর ১০০ ছাত্র ধরে। তাই স্যার কী পড়ান তা পেছনের সারির ছাত্ররা শুনতে পায় না।’কলেজের অধ্যক্ষ অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কলেজে যত ছাত্র ভর্তি করা হয়, সে তুলনায় শ্রেণীকক্ষ নেই। এ কারণে ক্লাস নিতে অনেক সময় সমস্যায় পড়তে হয়। বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে।’ তিনি জানান, যেসব বিভাগের নিজস্ব কক্ষ নেই, সেসব বিভাগের ছাত্রদের নিয়মিত খোঁজ রাখতে হয় কোন শ্রেণীকক্ষ খালি আছে।ক্লাস নেন না শিক্ষকেরা: শিক্ষকের স্বল্পতাও রয়েছে। এ কারণে একই শিক্ষককে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রদের পড়াতে হয়। এতে অনেকেই নিয়মিত পাঠদান করতে পারেন না। নিরুৎসাহিত থাকেন। নানা অজুহাতে পাঠদানে বিরত থাকেন বলে ছাত্রদের অভিযোগ। এতে এক ধরনের বিশৃঙ্খল অবস্থায় পড়েছে লেখাপড়ার কাজ। অনেক দিন থেকেই ছাত্ররা উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে আলাদা শিক্ষক রাখার দাবি জানিয়ে আসছেন।দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের একাধিক ছাত্র জানান, দ্বিতীয় বর্ষে তাঁদের ৪৫ দিনের বেশি পাঠদান করেননি শিক্ষকেরা। তাঁদের অভিযোগ, অসুস্থতা, যানজট, জরুরি কাজ—এমন নানা অজুহাতে শিক্ষকেরা পাঠদানে বিরত থাকেন। এ প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, ‘দু-চারজনের সময়জ্ঞান একটু কমই থাকে। তারা হয়তো ক্লাস ঠিকমতো নেন না। তবে বেশির ভাগ শিক্ষকই শিডিউল অনুযায়ী ক্লাস নেন।’বিভাগের সেমিনারে পর্যাপ্ত বই নেই: প্রতিটি বিভাগে একটি করে সেমিনার কক্ষ থাকলেও সেখানে পর্যাপ্ত বই নেই। শিক্ষার্থীরা চাইলেও এখান থেকে প্রয়োজনীয় বই সংগ্রহ করতে পারেন না। অথচ প্রতি বছর ভর্তির সময় সেমিনারের জন্য কলা অনুষদের ছাত্রদের কাছ থেকে এক হাজার ২০০ এবং বিজ্ঞান অনুষদের ছাত্রদের কাছ থেকে এক হাজার ৮০০ টাকা করে নেওয়া হয় বলে শিক্ষার্থীদের অভিযোগ। নেই পাঠকক্ষ: সাতটি ছাত্রাবাসের কোনোটিতেই ছাত্রদের জন্য আলাদা পাঠকক্ষ নেই। দক্ষিণ ছাত্রাবাসের দর্শন দ্বিতীয় বর্ষের ছাত্র শিশির আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রাবাসে গাদাগাদি করে থাকার কারণে ঠিকমতো পড়াশোনা করতে পারি না। রিডিং রুম থাকলে আমরা ভালোভাবে পড়তে পারতাম।’ কলেজে একটি পাঠাগার আছে। কলেজ চলাকালে ছাত্ররা সেখানে পড়তে পারেন। কিন্তু বেলা তিনটার পর ওই পাঠাগার বন্ধ করে দেওয়া হয়।কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, সম্প্রতি কলেজের মিলনায়তনটি বিকেল পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত ছাত্রদের পাঠকক্ষ হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।১৫ হাজার ছাত্রের জন্য দুটি বাস: কলেজ সূত্র জানায়, বর্তমানে ছাত্রসংখ্যা ১৫ হাজার। তাঁদের যাতায়াতের জন্য বাস মাত্র দুটি। এর একটিতে ৬০, অন্যটিতে ৪০ জন ছাত্র পরিবহন করা যায়। শিক্ষার্থীরা জনান, বাসের স্বল্পতায় পাবলিক বাসে চলাচল করতে গিয়ে প্রায়ই চালক ও সহকারীর সঙ্গে তর্ক বাধে ছাত্রদের। তারপর সংঘর্ষ। কলেজের সামনে বাস ভাঙচুরের ঘটনা এখন নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সূত্র জানায়, গত ৬ ও ৭ ফেব্রুয়ারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এক ছাত্র-শিক্ষক মতবিনিময়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ছাত্রদের পরিবহনের জন্য সাত দিনের মধ্যে দুটি বাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন হয়নি। ছাত্রাবাসে গাদাগাদি: ছাত্রাবাসে গাদাগাদি করে থাকছেন ছাত্ররা। ছয় জনের কক্ষে আছেন ১২-১৩ জন এবং আটজনের কক্ষে ১৬-১৭ জন। কলেজের সাতটি ছাত্রাবাসের মধ্যে শুধু পূর্ব ছাত্রাবাসে থাকেন অন্য অমুসলিম ছাত্ররা। স্থানের সংকট বেশি উত্তর ও দক্ষিণ ছাত্রাবাসে। ছাত্রাবাস দুটির প্রতি কক্ষে তিন শয্যায় ছয়জনের থাকার কথা। সরেজমিন ঘুরে দেখা গেছে, বেশির ভাগ কক্ষেই থাকছেন ১২-জন। আন্তর্জাতিক ছাত্রাবাসে প্রতি কক্ষে চার শয্যায় আটজনের জায়গায় আছেন ১৩-১৪ জন। ইলিয়াস ও পশ্চিম ছাত্রাবাসেরও একই অবস্থা। শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাস শুধু স্নাতকোত্তরের ছাত্রদের জন্য। অথচ রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রায় সব বর্ষের ছাত্ররাই থাকেন। কেবল দক্ষিণায়ন ছাত্রাবাসে তুলনামূলকভাবে ছাত্ররা ভালোভাবে আছেন। এখানে চার শয্যায় আছেন আটজন।অধ্যক্ষ অবশ্য বলেছেন, প্রথম বর্ষের ছাত্রদের ছাত্রাবাসে থাকতে সমস্যায় পড়তে হয়। তবে আগের চেয়ে অবস্থা এখন অনেক ভালো বলে জানান তিনি।ছাত্রাবাসের আসন নিয়ে রাজনীতি: ছাত্রাবাসের আসন নিয়ে চলছে রাজনীতি। সাধারণ ছাত্রদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে কোনো ছাত্র ছাত্রাবাসে আসন বরাদ্দ পেলেও রাজনৈতিক কর্মসূচিতে অংশ না নিলে ছাত্রাবাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। সূত্র জানায়, ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলেও ছাত্রাবাসের আসন পাওয়ার বিষয়টি তারাই নিয়ন্ত্রণ করছে। সাবেক সভাপতির পক্ষের নেতারা দক্ষিণ ও সাধারণ সম্পাদকের নেতারা উত্তর ছাত্রাবাস এককভাবে নিয়ন্ত্রণ করছেন। অন্য ছাত্রাবাসগুলোতে যৌথ নিয়ন্ত্রণ। দক্ষিণ ও উত্তর ছাত্রাবাসের একাধিক ছাত্র প্রথম আলোকে জানান, কলেজ কর্তৃপক্ষ কোনো ছাত্রকে আসন বরাদ্দ দিলেও বাস্তবে আসন পেতে দলীয় রাজনীতিতে অংশ নিতে হয়। উত্তর ছাত্রাবাসের সুপার হুমায়ুন কবীর বলেন, ‘বরাদ্দ পাওয়া ছাত্রদের কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ আমাদের কানেও আসে। তবে এ বছর থেকে বিভাগীয় চেয়ারম্যানরা ছাত্রদের সিট বরাদ্দ দেওয়ায় সমস্যা কমে এসেছে।’জানতে চাইলে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সগির আহমেদ ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান প্রথম আলোকে বলেন, কলেজ ছাত্রাবাসে কর্তৃপক্ষ যাদের বরাদ্দ দেয় তারাই থাকতে পারে। জোর করে ছাত্র তোলা সম্ভব নয়। দুই নেতাই জানান, কলেজের রাজনীতির সঙ্গে এখন তাঁদের সম্পৃক্ততা নেই। কনিষ্ঠ (জুনিয়র) নেতা-কর্মীরাই এখন ছাত্রাবাসের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন। রাতে আলুভর্তা-ভাত: ছাত্রাবাসের মেসগুলোতে দুপুরে ছাত্রদের মাছ কিংবা মাংস খাওয়ানো হয়। তবে রাতের নিয়মিত বরাদ্দ আলুভর্তা, ডাল আর ভাত। শিক্ষার্থীরা জানান, মেসের খাবারের মানও তেমন ভালো না। অধ্যক্ষের কাছে কয়েকবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি।কলেজে একটি ক্যানটিনও রয়েছে। সেখানকার খাবারের মান নিয়েও অভিযোগ রয়েছে ছাত্রদের। তা ছাড়া অমুসলিম ছাত্রদের জন্য খাবারের আলাদা ব্যবস্থাও নেই।উত্তর ছাত্রবাসের সুপার হুমায়ুন কবীর বলেন, ‘মেসে প্রতি বেলায় খাবরের বরাদ্দ ১৫ টাকা। তাই সব সময় ভালো খাবার দেওয়া যায় না।’ মেসে সরকার কিংবা কলেজ কর্তৃপক্ষের ভর্তুকি দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। মেডিকেল সেন্টার প্রতিষ্ঠায় স্বাস্থ্য উপদেষ্টার প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই: সাতটি ছাত্রাবাসের ছাত্রদের জন্য কোনো মেডিকেল সেন্টার নেই। ছাত্ররা দীর্ঘদিন ধরে এর দাবি করছেন। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ওই ছাত্র-শিক্ষক মতবিনিময়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা মোদাচ্ছের আলী শিগগিরই কলেজে একটি মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা এবং একটি অ্যাম্বুলেন্স দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।