নানা সংকটে নাজুক সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিত্সকসহ চিকিত্সা সরঞ্জামের সংকট এবং প্রয়োজনীয় লোকবলের অভাবে রংপুরের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। বর্তমানে এখানকার চিকিত্সা কার্যক্রম চলছে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের চারজন চিকিত্সককে দিয়ে। এতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ওই উপস্বাস্থ্য কেন্দ্রগুলো চিকিত্সকশূন্য হয়ে পড়েছে। ফলে পুরো উপজেলার মানুষই ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৩১ শয্যাবিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যায় উন্নীত করার কাজ চলছে। এখানে স্ত্রীরোগ, মেডিসিন, সার্জারি, আ্যাানেসথেসিয়া বিশেষজ্ঞ ও ডেন্টাল সার্জনসহ নয়জন চিকিত্সকের পদ থাকলেও বর্তমানে কেবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও একজন চিকিত্সা কর্মকর্তা আছেন। বাকি সাতটি পদই শূন্য। ২০০৮ সাল থেকেই এখানে চিকিত্সক সংকট চলছে। তবে সম্প্রতি উপজেলার কৈকুড়ী, কান্দি, পীরগাছা ও পারুল ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র থেকে চারজন চিকিত্সক এনে কোনোমতে চালানো হচ্ছে এখানকার কার্যক্রম। এ ছাড়া এখানে পাঁচজন সেবিকা, একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান, দুজন ওয়ার্ডবয়, একজন মালি ও একজন পরিসংখ্যানবিদসহ জুনিয়র মেকানিকের পদটিও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ল্যাবরেটরির প্রয়োজনীয় সরঞ্জামেরও অভাব রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে মেশিনটি দীর্ঘ সাত বছর ধরে নষ্ট। পানির লাইনে আয়রন জমে থাকায় পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। এখানে জেনারেটর থাকলেও তেল সরবরাহ না থাকায় সেটি চালু করা যায় না। ফলে বিদ্যুত্ চলে গেলে রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। টয়লেটগুলো নিয়মিত পরিষ্কার না করায় সেগুলো দুর্গন্ধ ছড়ায়। অন্যদিকে আবাসিক কোয়ার্টারগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তা বসবাসের অনুপোযোগী হয়ে পড়েছে। ৮ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, বহির্বিভাগের সামনে শতাধিক রোগীর ভিড়। দুজন চিকিত্সক তাদের সেবা দিচ্ছেন। চিকিত্সা নিতে আসা পীরগাছা উপজেলার কান্দি কাবিলাপাড়া গ্রামের রনজু মিয়া (৩৫) বলেন, তিনি কিছুদিন আগে বুকে আঘাত পেয়েছেন। ওই ব্যথার চিকিত্সায় তাঁকে কোনো ওষুধ না দিয়ে রংপুরে গিয়ে এক্স-রে করাতে বলছেন চিকিত্সকেরা। উপজেলার অনন্তরাম গ্রামের তাজরুল ইসলাম জানান, তাঁর মুখের ঘায়ের জন্য চিকিত্সক তাঁকে ৬টি ভিটামিন-বি কমপ্লেক্স ট্যাবলেট দিয়েছেন। উপজেলার সুখানপুকুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী নাছিমা আক্তার এসেছেন তাঁর চার বছরের সন্তানকে নিয়ে। শিশুটির জ্বর ও সর্দিকাশির চিকিত্সায় দেওয়া হয়েছে চারটি প্যারাসিটামল ও চারটি ইনকট্রিম ট্যাবলেট। স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগের রোগী দলবাড়ী খামার গ্রামের ওসমান গনি (৭৫) দুর্ঘটনায় আহত হয়ে ১৫ দিন আগে ভর্তি হয়েছেন। তিনি জানান, এখানে দু-একটি ট্যাবলেট ছাড়া কিছুই পাওয়া যায় না। সবই বাহির থেকে কিনতে হয়। অন্নদানগর গ্রামের রাহিলা বেগম (৫০) অভিযোগ করেন, চিকিত্সককে সকালে একবার দেখলেও আর সারাদিন দেখেন না। বড় পানসিয়া গ্রামের আবুল কালাম (৬০) বলেন, রাতে বিদ্যুত্ চলে গেলে অন্ধকারেই থাকতে হয়। মাঝে মাঝে হারিকেন বা মোমবাতির ব্যবস্থা করা হয়।স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তার দায়িত্বে থাকা ডা. রণজিত্ কুমার বর্মণ বলেন, চিকিত্সক না থাকায় আপাতত উপজেলার চারটি উপস্বাস্থ্য কেন্দ্র থেকে চারজন চিকিত্সক এনে এখানকার কাজ চালানো হচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত আলী বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সক সংকটের বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।