নানা সমস্যায় নাকাল পৌরবাসী
১৯৭৩ সালের ২৩ জুলাই বরগুনা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এটি ১৯৯৫ সালে দ্বিতীয় এবং ১৯৯৯ সালে প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা পায়। প্রায় ১২ দশমিক ৯৬ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় সাড়ে ছয় হাজার পরিবারে লোকসংখ্যা ৬০ হাজার ৮৭৫ জন। আর ভোটারের সংখ্যা ১৯ হাজার ৪৮২। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৫৩০ এবং নারী ভোটার আট হাজার ৯৫২ জন। পৌর এলাকায় কাঁচা বসতি ৬০ দশমিক ৯৯ শতাংশ, আধাপাকা বসতি ২৪ দশমিক ৬৩ এবং পাকা বসতি রয়েছে ৫ দশমিক ৫০ শতাংশ। পৌর এলাকায় ছয়টি সরকারি-বেসরকারি ও দুটি স্যাটেলাইট প্রাথমিক বিদ্যালয়, নয়টি মাধ্যমিক বিদ্যালয়, ছয়টি কিন্ডারগার্টেন, আটটি মাদ্রাসা ও তিনটি কলেজ রয়েছে। পৌর এলাকায় বতর্মানে ২৮৯টি গভীর নলকূপ; পাকা, কাঁচা ও হেরিংবোন মিলিয়ে ১৫৪ দশমিক ৩৭ কিলোমিটার রাস্তা; ৫৮ দশমিক ১৩ কিলোমিটার নালা রয়েছে। পৌর এলাকার প্রায় তিন হাজার পানির গ্রাহকের পানি সরবরাহের জন্য রয়েছে আটটি পাম্পহাউস ও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। কিন্তু পৌর নাগরিকেরা প্রায়ই নানা অসুবিধা ভোগ করছে বলে অভিযোগ রয়েছে।বৃষ্টি আর জোয়ারের পানিতে নাকাল পৌরবাসী: সামান্য বৃষ্টি আর জোয়ারের পানিতে প্রায়ই নাকাল হন শহরের কয়েকটি এলাকার বাসিন্দারা। প্রয়োজনীয় নর্দমা ও খাকদোন নদীর উৎসমুখে গেট না থাকায় অমাবস্যা-পূর্ণিমার সময় নদনদীতে জলস্ফীতি হলেই শহরের চরকলোনি, কাঠপট্টি, গোলাম সরোয়ার রোড, বঙ্গবন্ধু রোডসহ কয়েকটি এলাকা হাঁটু পানিতে নিমজ্জিত হয়। কাঠপট্টি এলাকার বাসিন্দা ওমর ফারুক জানান, ‘সামান্য পানি বাড়লেই আমাদের এলাকা পানিতে তলিয়ে যায়। তখন আমাদের দুর্ভোগের সীমা থাকে না।’ বঙ্গবন্ধু রোডের কয়েকজন ব্যবসায়ী জানান, জোয়ারের পানিতে রাস্তাঘাট হাঁটু পানিতে নিমজ্জিত হওয়ায় তাঁদের বেচাকেনা বন্ধ হয়ে যায়। খাকদোন নদী ও প্রধান নর্দমার (মূল ড্রেন) উৎসমুখে গেট লাগানো হলে শহরবাসী এই সমস্যার কবল থেকে রক্ষা পেতেন। শহরের চরকলোনি এলাকার বাসিন্দা মাহমুদুল আজাদ বলেন, ‘চরকলোনিবাসীর প্রধান সমস্যা হলো জোয়ারের পানি। প্রায়ই বাঁধ উপচে জোয়ারের পানি এলাকায় ঢুকে পড়ায় ঘরবাড়ির মালামাল নষ্ট হয়। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। আমাদের দীর্ঘদিনের দাবি এই এলাকায় উঁচু বাঁধ নির্মাণ করা হোক।’ পয়নিষ্কাশন, নর্দমা ও ডাস্টবিনের সুষ্ঠু ব্যবস্থা নেই: বরগুনা পৌরসভাকে ১৯৯৮ সালে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করা হলেও আজও শহরের পয়োনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন হয়নি। পয়োনিষ্কাশনের জন্য শহরের নর্দমার (ড্রেন) ব্যবস্থা অপ্রতুল। অধিকাংশ নর্দমা সংস্কারের অভাবে ভেঙেচুরে গেছে। ঢাকনা না থাকায় সেগুলো থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। পৌরসভার কর্মকর্তারা জানান, বরগুনা শহরকে শত ভাগ কাঁচা পায়খানা মুক্ত করার জন্য পৌর কর্তৃপক্ষ ১৯৯২ সালে এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ১০ শহর উন্নয়ন প্রকল্পের আওতায় কার্যক্রম শুরু করে। কিন্তু ১৭ বছরেও সে কাজ সফল হয়নি। শহরে বর্তমানে ৫৮ কিলোমিটার ড্রেন রয়েছে। এরমধ্যে ২৪ দশমিক ১৩ কিলোমিটার পাকা ও ৩৩ দশমিক ৭৮ কিলোমিটার কাঁচা। পাকা ড্রেনগুলোর মধ্যে ৫০ শতাংশই বর্তমানে ভাঙাচুরা ও ব্যবহার অনুপযোগী। আর শহরে বতর্মানে কী পরিমাণ ডাস্টবিন আছে, তা পৌরসভার জানা নেই। শহরের কাঠপট্টি, গোলাম সরোয়ার রোড, বঙ্গবন্ধু রোড, নজরুল ইসলাম রোড, সাহাপট্টি, বাজার রোড, ডিকেপি রোড, কলেজ রোড, কলেজ ব্রাঞ্চ রোড, আমতলা এলাকার ড্রেনগুলোয় স্থানীয় অধিকাংশ বাড়িঘরের পায়খানার সংযোগ থাকায় এসব এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। নিরাপদ পানির উৎস সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট অকেজো: ১৯৯৮ সালে ডানিডার অর্থায়নে শহরের ডিকেপি রোডে পৌর নাগরিকদের নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নামে একটি প্রকল্প বাস্তবায়িত হয়। ২০০০ সালে উদ্বোধনের পর অতিরিক্ত ব্যয়ের অজুহাতে তিন-চারবার এই প্লান্টটি চালু করে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এই প্লান্টটি সংরক্ষণের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পৌর পানি সরবরাহ বিভাগের সহকারি প্রকৌশলী মজিবুল হায়দার বলেন, ‘ঘূর্ণিঝড় সিডরে প্লান্টের দুটি পাম্প হাউসে পানি ঢুকে পাম্প দুটি অকেজো হয়ে গেছে। পাম্প দুটি সচল করতে প্রায় ৩০ লাখ টাকার প্রয়োজন। বেশ কয়েকবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেও এই অর্থ পাওয়া যায়নি বলে তা মেরামত করা সম্ভব হয়নি।’ বর্তমানে পৌর এলাকার দুই হাজার ৬৯৯ জন গ্রাহকের পানি সরবরাহের জন্য সাতটি পাম্প রয়েছে। গভীর নলকূপ দিয়ে পাম্পের মাধ্যমে পানি তুলে বর্তমানে সে পানি গ্রাহকদের সরবরাহ করা হয়। এই সাতটি পাম্পের আবার দুটি বর্তমানে বিকল রয়েছে। গ্রাহকদের অভিযোগ, নলকূপের মাধ্যমে সরবরাহ করা পানিতে অতিরিক্ত লৌহের (আয়রন) আধিক্য থাকায় এই পানি দিয়ে গোসল করলে শরীর আঠালো হয়ে যায় এবং মাথার চুল উঠে যায়। অনেক সময় চুলকানিসহ নানা চর্মরোগ দেখা দেয়। এই পানি রান্না-বান্না ও খাওয়ার পানি হিসেবে ব্যবহার করা যায় না। শহরের বাগানবাড়ী, আমতলাপাড় এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, এসব এলাকায় পর্যাপ্ত পানি পাওয়া যায় না। চিকন নলে পানি আসায় দৈন্দিন চাহিদা মেটে না। ডিকেপি রোডের পশ্চিম প্রান্তেও পানি সমস্যার কথা জানান কয়েকজন। নাথপট্টি এলাকার বাসিন্দা স্বপন দেবনাথ জানান, আগে বাজার রোড, শেরেবাংলা রোড, নাথপট্টি, কলেজ রোড, বাগান বাড়িসহ পুরোনো বাজার এলাকায় দুটি পাম্প দিয়ে পানি সরবরাহ করা হতো। অনেক দিন ধরে একটি পাম্প নষ্ট হয়ে যাওয়ায় এখন একটি পাম্প দিয়ে পালা করে পানি সরবরাহ করায় তাঁরা প্রয়োজনের চেয়ে কম পানি পান। আর বিদ্যুৎবিভ্রাট হলে তো পানিই পান না। দখলের কারণে ফুটপাত ও রাস্তাঘাটে চলাচলে দুর্ভোগ: বরগুনা শহরের ফুটপাতগুলো অবৈধ দখলে চলে যাওয়ায় পথচারীদের নিত্য দুর্ভোগ পোহাতে হচ্ছে। সদর রোডের টাউন হল থেকে পৌরসভা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দখল করে রেখেছে দখলদারেরা। সদর রোডের পাকা পুলের পূর্ব পারে ভাড়ায়চালিত মোটরসাইকেল স্ট্যান্ড, পশ্চিম পাশে কাঁচা বাজার এলাকা থেকে পশ্চিমে পৌরসভা কার্যালয় পর্যন্ত রাস্তার দুই পাশে শাকসবজি বিক্রেতা, মুরগি বাজার, ফলের দোকান, মুদি-মনোহারির দোকানের মালামালের ফুটপাত, এমনকি মূল রাস্তার মাঝ বরাবর রাখা হয়েছে। শহরের নজরুল ইসলাম সড়ক, বঙ্গবন্ধু সড়ক, বাজার রোড, সিলভারপট্টি, ফার্মেসিপট্টি ও মাদ্রাসা সড়কের ফুটপাতগুলো দখল করে অবৈধ দোকান গড়ে উঠেছে। নজরুল ইসলাম সড়কে দুটি হার্ডওয়্যার সামগ্রী ও বেশ কয়েকটি মুদির দোকানের মালামাল ফুটপাত ও মূল রাস্তার মাঝ বরাবর ফেলে রেখে যান ও পথচারীদের চলাচলে বাধার সৃষ্টি করছে প্রতিনিয়ত। বাজার সড়কে বিভিন্ন দোকানের মালামাল রেখে, কেউ কেউ ঘরবাড়ি তোলার জন্য ইট, বালু, রড, খোয়া রাস্তার ওপর ফেলে রাস্তাটি প্রায় যান ও পথচারী চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। সাহাপট্টির সিদ্দিক স্মৃতিমঞ্চ এলাকায় বহুজাতিক কোম্পানির গাড়ি, ঠেলাগাড়ি ও অবৈধ দোকান পুরো রাস্তায় চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। পথচারীদের জন্য এসব ফুটপাত নির্মাণ করা হলেও তা নির্মাণের পরপরই অবৈধ দখলে চলে যাওয়ায় মানুষের সীমাহীন ভোগান্তি হচ্ছে। পুলিশ অবৈধ দখলদারদের বিরুদ্ধে মাঝেমধ্যে অভিযান চালালেও কয়েক দিন যেতে-না-যেতেই ফুটপাতগুলো দখল হয়ে যায়। পৌর কর্তৃপক্ষ এসব অবৈধ দখলদার উচ্ছেদের কোনো উদ্যোগ নিচ্ছে না।ইজারাদার ও দালালদের ফাঁদে সাধারণ উৎপাদক ও ক্রেতারা: শহরের সরকার নির্ধারিত টোল বাজারগুলো অবৈধ দখলে চলে যাওয়ায় সাধারণ জেলে ও কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য স্বাধীনভাবে বিক্রি করতে পারছেন না। পাশাপাশি সাধারণ ক্রেতারাও পাইকারি ও খুচরা বিক্রেতার কাছ থেকে অধিক মূল্যে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন।খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকায় কাঁচা তরকারি বাজার, মাছ বাজার, মুরগি বাজার, ধান-চাল বাজার, গরুর বাজার, ছাগলের বাজার, বাঁশের তৈরি সামগ্রীর বাজার, মুড়ির বাজার, বাকালীদের বাজার, পান বাজারসহ কমপক্ষে ২০টি বাজার (খাসমহল) রয়েছে। এসব বাজারে এক ইঞ্চি জায়গাও খালি নেই, যেখানে গ্রামের একজন চাষি দাঁড়িয়ে তাঁর উৎপাদিত পণ্য স্বাধীনভাবে বিক্রি করতে পারেন। পাশাপাশি এসব বাজারের ইজারা প্রথাকে কেন্দ্র করে গড়ে উঠেছে একশ্রেণীর মধ্যস্বত্ত্বভোগী খুচরা বিক্রেতা ও দালাল। তাঁদের হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ কৃষক ও ক্রেতারা। একজন সাধারণ ক্রেতা ইচ্ছে করলেই সরাসরি উৎপাদকের কাছ থেকে পণ্য কিনতে পারেন না।বরগুনা সদর উপজেলার বরইতলা গ্রামের জেলে আমিন উদ্দীন চারটি ইলিশ ও অন্য কয়েকটি মাছ ধরে মাছ বাজারে এসেছিলেন একটু বেশি দাম পাওয়ার আশায়। তাজা ইলিশ দেখে কয়েকজন খুচরা ক্রেতা কেনার আগ্রহে কাছে যান। কিন্তু মাছের সাজি মাথা থেকে নামাতেই পিঁপড়ের মতো ঘিরে ধরেন বেশ কয়েকজন লোক। কথা বলে জানা গেল, তাঁরা বাজারের ফড়িয়া। সঙ্গে সঙ্গে হাঁকাহাঁকি-ডাকাডাকিতে কানে বাজ পড়ার অবস্থা। শেষ পর্যন্ত ৮৭৫ টাকা সর্বোচ্চ মূল্য নির্ধারণ হলো। এই টাকার মধ্যে আবার দালালের কমিশন, শতকরা পাঁচ টাকা হারে ইজারাদারের টোল বাদ দিয়ে হাতে পেলেন মাত্র ৮০০ টাকা। জেলে আমিন উদ্দীন বলেন, ‘বড়রা গরিব গো লইগ্গা নিয়ম বানায়, হেই নিয়মে গরিব গো ঠকন লাগবে, এইডাই নিয়ম। ইচ্ছা করলেও মুই বাইরে মাছ বেচতে পারমু না এইডাই নিয়ম, বেশি দাম কেডা না চায় কন।’ তিনি হিসাব দিয়ে বলেন, ‘৬০ টাকা রিকশা ভাড়া, খাজনা, দালালের টাহা দিয়া ৬০০ টাহার বেশি থাকপে না।’ বরগুনা কাঁচা বাজারে ২০ অক্টোবর সবজি বিক্রি করতে এসেছিলেন সদর উপজেলার মাইঠা গ্রামের কৃষক ইউসুফ আলী। তিনি আক্ষেপ করে বলেন, ‘চোহের সামনে দেহি মোগো ক্যামনে ফরিয়ারা ঠকায়, কিন্তু করার কিছুই নাই। মাথার ঘাম পায়ে ফেইল্লা সবজি ফলাই, কিন্তু ভালো দামে বেচতে পারি না, সব পাইকার আর দালালেরা খায়। ১০-১২ টাকায় কিইন্না ৩০-৪০ টাকায় মানসের ধারে ব্যাচে, হায় রে কপাল, কার ধারে কমু এই দুঃখের কতা।’রাস্তাঘাট বেহাল, পথচারীদের বিড়ম্বনা: পৌর এলাকার অধিকাংশ রাস্তা দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত আর খানাখন্দে ভরে গেছে। রাস্তাগুলোর দুরবস্থা এমনই যে এখন যানবাহন তো দূরে থাক হাঁটাও দুরুহ হয়ে পড়েছে। মূল শহরের বালিকা বিদ্যালয় সড়ক, নজরুল ইসলাম সড়ক, সদর রোডের পূর্ব প্রান্তে টাউন সেতু থেকে সিরাজউদ্দীন মিলনায়তন পর্যন্ত এবং পশ্চিমাংশে রোজি মহল, সোনিয়া সিনেমা হল এলাকা, কাঠপট্টি সড়ক, সাহাপট্টি সড়ক, প্রধান ডাকঘর, ভূমি অফিসসংলগ্ন সড়ক, রাসেল স্কোয়ার থেকে কলেজ শাখা সড়ক, কলেজ সড়ক থেকে বটতলা পর্যন্ত সংযোগ সড়ক, সদর রোড থেকে কলেজ রোড সংযোগ সড়ক, ডিকেপি সড়ক, গ্রিন রোড, ক্রোক বাসস্ট্যান্ড রোড, বটতলা থেকে দক্ষিণে আমতলা রোড, কেজি স্কুল রোড, পশ্চিমে কলেজ সড়ক, শহরের পূর্বাংশে কেন্দ্রীয় ঈদগা থেকে থানাপাড়া হয়ে মহিলা কলেজ পর্যন্ত, জজ কোর্ট থেকে জেলখানা পর্যন্ত, শহীদ স্মৃতি সড়ক থেকে পুলিশ লাইন হয়ে কালীবাড়ী পর্যন্ত এবং মাইঠা সড়ক একেবারে চলাচলের অযোগ্য হয়ে আছে। রিকশাচালক রিপন বলেন, ‘ভাঙা রাস্তায় রিকশা চালাইয়্যা রাইতে শরীর ব্যথায় ঘুমাইতে পারি না।’শহরের গ্রিন রোড এলাকার বাসিন্দা কবির হোসেন বলেন, ‘আমরা যে কত দুর্ভোগে আছি তা বলে শেষ করতে পারব না। রাস্তার অধিকাংশ স্থানে ভেঙে বড় বড় অংশ ফাঁকা হয়ে গেছে।’ সাহাপট্টি এলাকার স্বপন সাহা বলেন, ‘আমাদের সামনের রাস্তাটাকে এখন আর রাস্তা বলা যায় না। রাস্তার ওপরের পাথর ক্ষয়ে গেছে, পুরো রাস্তায় বর্ষার পানি জমে কাদা-জলে বিশ্রী অবস্থা। দুর্ভোগের শেষ নেই।’ একই ধরনের কথা বলেন কাঠপট্টি এলাকার বাসিন্দা ফেরদৌস মিয়া, ডিকেপি সড়কের বাসিন্দা বাচ্চু চৌধুরী, হাইস্কুল সড়কের বাসিন্দা আবুল কালাম আজাদ নজরুল ইসলাম সড়কের ব্যবসায়ী টিটু মোল্লা ও ব্যবসায়ী মনির খান প্রমুখ।পৌর মেয়র যা বলেন বরগুনা পৌরসভার মেয়র মো. শাহজাহান বলেন, ‘শহরের রাস্তাঘাটের সংস্কার ও নির্মাণে এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি। ক্রোক পাউবো সেতু থেকে টাউন হল বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তাটি ৩৬ ফুট প্রশস্ত করে দুপাশে নালাসহ ফুটপাত ও মাঝখানে ডিভাইডার নির্মাণ করা হবে। এ ছাড়া ঈদগাহ থেকে মহিলা কলেজ পর্যন্ত রাস্তাটি প্রশস্তকরণ, সুলতান আলী রোড, কালীবাড়ি হয়ে শহিদ স্মৃতি রোড, পুলিশ লাইন থেকে নয়াকাটা রোড, আমতলা রোডের পশ্চিমাংশ হয়ে ক্রোক স্কুল পর্যন্ত রোড, সিদ্দিকুর রহমান রোড থেকে পুলিশ লাইন হয়ে শ্মশান পর্যন্ত রোড আধুনিকীকরণের কাজ অল্পদিনের মধ্যেই শুরু হবে। এ ছাড়া টাউন হল-সংলগ্ন এলাকায় মুক্তিযুদ্ধ ভাস্কর্য নির্মাণ, শহরে দুটি ওভারহেড পানির ট্যাংক নির্মাণসহ নাথপট্টি লেক সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে এরই মধ্যে প্রকল্পের অর্থ বরাদ্দ পাওয়া গেছে। জানুয়ারি মাসের মধ্যেই আমরা এসব কাজ শুরু করতে পারব।’মেয়র মো. শাহজাহান বলেন, নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২-এর (ইউজিএপি) আওতায় এসব কাজ বাস্তবায়ন করা হবে। আগামী পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের আওতায় শহরের ৯০টি রাস্তা নির্মাণ ও পুনর্নির্মাণ করা হবে। ইতিমধ্যে চলতি অর্থবছরে ২৮টি রাস্তা আধুনিকীকরণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। প্রকল্পের আওতায় শহরের উন্নত পয়োনিষ্কাশনব্যবস্থা গড়ে তোলার জন্য মাস্টারপ্ল্যান তৈরির কাজ চলছে। এ ছাড়া ৩৭ জেলা শহর উন্নয়ন প্রকল্পের আওতায়ও শহরের বিভিন্ন অবকাঠামো উন্নয়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে।মেয়র বলেন, ‘আমি নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ব্যাপারে সন্তুষ্ট নই। তবে গত ১০ বছরে পৌর এলাকার যে উন্নয়ন হয়েছে, তা বিগত দিনের চেয়ে কয়েক গুণ বেশি। আমাদের আর্থিক সীমাবদ্ধতা আছে বলে আমরা পরিপূর্ণ নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারিনি সত্য, তবে আমাদের আন্তরিকতার বিন্দুমাত্র ঘাটতি নেই।’