নানা সমস্যায় প্রতিবন্ধী নারীরা, সহায়তাও অপ্রতুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা, কর্মসংস্থান, বিয়েসহ প্রতিটি ক্ষেত্রে তীব্র বৈষম্যের শিকার প্রতিবন্ধী নারীরা। তার পরও তাদের জন্য সরকারের উল্লেখযোগ্য কোনো কর্মসূচি নেই। বরং ভাতা, ঋণসহ যেটুকু সহায়তা আছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, দেশের মোট জনসংখ্যার ১০ শতাংশ কোনো না কোনো ধরনের প্রতিবন্ধিতার শিকার। জাতীয় পর্যায়ে জরিপ না থাকায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রকৃত সংখ্যা কত তা জানা নেই। অন্যদিকে সরকারের অসচ্ছল প্রতিবন্ধী ভাতা পাচ্ছে তিন লাখ মানুষ। এর মধ্যে কতজন নারী, তার হিসাব নেই। জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব জওয়াহেরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে প্রতিবন্ধী নারীদের জন্য বহু সুপারিশ দেওয়া হয়েছে। সরাসরি কথা বলতে গেলে মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অমনোযোগী শ্রোতার মতো শোনেন, তারপর ভুলে যান।’জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবির প্রথম আলোকে বলেন, গত দেড় বছরে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমে প্রতিবন্ধী নারীকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মিরপুরে ফাউন্ডেশনের ক্যাম্পাসে ১৬ জন কর্মজীবী নারী হোস্টেলে থাকার সুযোগ পাচ্ছেন। জাতীয় বিশেষ শিক্ষাকেন্দ্রের আওতায় দৃষ্টি, শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধী ৭০ জন মেয়ে হোস্টেলে থেকে প্রাথমিক পর্যন্ত পড়ার সুযোগ পাচ্ছে। শারীরিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণকেন্দ্রে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী মেয়েরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ পাচ্ছে। ১৯৭৪ সাল থেকে সরকারের সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমে বর্তমানে ৬৪ জেলায় দৃষ্টিপ্রতিবন্ধীরা প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়তে পারছে। তবে শুধু ছেলেদের জন্য আবাসিক ব্যবস্থা আছে। ঢাকায় এ কার্যক্রমের রিসোর্স শিক্ষক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, সরকারের এ ধরনের ভালো একটি উদ্যোগে মেয়েরা অংশ নিতে পারছে না। ঢাকা বধির হাইস্কুল থেকে শ্রবণপ্রতিবন্ধীরা এসএসসি পাস করার সুযোগ পাচ্ছে। এখানেও শুধুই ছেলেদের জন্য আবাসিক ব্যবস্থা আছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মো. হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, প্রতিবন্ধী নারীর জন্য সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা কর্মসূচি নেই। প্রতিবন্ধী ভাতা নারী-পুরুষ সবার জন্য। নারীকে এ ভাতা পাওয়ার জন্য আবার প্রতিযোগিতায় নামতে হয়। তাই নারীদের জন্য আলাদা কর্মসূচি থাকা জরুরি।আতঙ্কে অভিভাবকেরা: প্রতিবন্ধী নারীর দৈহিক বৃদ্ধিতে আতঙ্কিত থাকেন অভিভাবকেরা। নওগাঁয় নাম প্রকাশে অনিচ্ছুক ১০ বছরের শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক মেয়ের মা বলেন, ‘মেয়ে বড় হচ্ছে আর ভয়ও বাড়ছে। বাসায় ছেলে কাজের লোক রাখি না।’ অনেক পরিবারে প্রতিবন্ধী কিশোরীদের শারীরিক বৃদ্ধি ঠেকানোর জন্য কম খাবার দেওয়া হয় বলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।নির্যাতন: প্রতিবন্ধী নারীদের যৌন নির্যাতনসহ (ধর্ষণ) বিভিন্ন নির্যাতনের শিকার হওয়ার ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। শারীরিক প্রতিবন্ধীরা আদালতে উপস্থিত হতে পারেন না। দৃষ্টি, শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধী নারীরা ঘটনাটি বর্ণনা করতে পারে না, সাক্ষীকে শনাক্ত করতে পারে না। ফলে আইনি প্রতিকার পাওয়ার ক্ষেত্রেও বিড়ম্বনা পোহাতে হয়। গাজীপুরের কাপাসিয়ায় এক শ্রবণ ও বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হন। পরে তাঁর লাশ পাওয়া যায় বাড়ির পাশে। এ ঘটনায় তাঁর বাবা ২০০৯ সালে একটি হত্যা মামলা করেন। তবে আজও বিচার পাননি।জাতীয় প্রতিবন্ধী ফোরামের ডিজঅ্যাবিলিটি রাইটস ওয়াচগ্রুপের আহ্বায়ক কাজী রোজী প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জে চারটি ধর্ষণ মামলার মধ্যে আসামিপক্ষের সঙ্গে আপস করে ফেলেছে দুটি পরিবার। অন্য দুটির ক্ষেত্রেও পরিবার কত দিন যুদ্ধ করে টিকে থাকতে পারবে, তা বলার উপায় নেই।অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্টের (এডিডি) সহায়তায় গঠিত প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের সভাপতি উম্মে কুলসুম বলেন, বেশির ভাগ ক্ষেত্রে মামলা মাঝপথেই থেমে যায়। খুব কম সংখ্যক ঘটনার বেলাতেই শেষ পর্যন্ত আইনি প্রতিকার পাওয়া সম্ভব হয়।অক্টোবর মাসে নারায়ণগঞ্জের কাশিপুর কলেজ রোডে স্বল্পমাত্রার মানসিক প্রতিবন্ধী একজন ধর্ষণের শিকার হন। মোবাইল ফোনে ধর্ষণের ঘটনাটি ভিডিও করে সেই নারীর পরিবারের কাছে ২০ হাজার টাকা দাবি করে বখাটেরা। বিষয়টি প্রথম আলোসহ বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয়। ঘটনা ঘটার কয়েক দিন পর ফতুল্লা থানায় প্রতিবন্ধী নারীর পরিবার মামলা করে। ফতুল্লা থানার পুলিশ এ মামলার এক আসামিকে গ্রেপ্তার করলেও প্রতিবন্ধী নারীর মেডিকেল পরীক্ষায় বিষয়টিকে ধর্ষণ হিসেবে উল্লেখ করা হয়নি।বিয়ে ও যৌতুক: মতিয়া ফেরদৌস ২০০৭ সালে তাঁর প্রতিবন্ধী মেয়েকে তিন লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে দেন। এরপর জামাতা বিদেশে যাওয়ার জন্য আরও দুই লাখ টাকা দাবি করেন। না দেওয়ায় অমানুষিক নির্যাতন চালিয়ে মেয়েকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। ২০০৮ সালের রুপমের পরিবার বাগেরহাট জেলার ফকিরহাট থানায় মামলা করে। তবে সুবিচার পাওয়া তো দূরের কথা, উল্টো রুপমের পরিবারকে আসামিপক্ষ বিভিন্নভাবে হয়রানি করছে বলে জানান মতিয়া ফেরদৌস। জওয়াহেরুল ইসলাম জানান, বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে বিয়ে দিয়েছেন। তবে মেয়ে নয়, মেয়ের স্বামী শ্বশুরবাড়িতে এসে থাকছেন এবং সব খরচ বহন করছে মেয়ের পরিবার। তবে বেশির ভাগ ক্ষেত্রে প্রতিবন্ধী নারীর পরিবারের পক্ষে আর্থিক ও অন্যান্য সহযোগিতা দেওয়া সম্ভব হয় না।চাকরি পেতে সমস্যা: প্রতিবন্ধী পুরুষ অনেক কষ্টে চাকরি পেলেও ‘প্রতিবন্ধী’ ও ‘নারী’ হওয়ায় মাঠপর্যায়ে কাজ পাচ্ছেন না নারীরা। বাংলাদেশ ব্লাইন্ড মিশনের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন ফাহিমা খাতুন। তিনি জানান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আইনের আশ্রয় নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত লাভ হয়নি।’ উন্নয়ন হয়েছে সামান্যই: সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) ২০০২ সালে ঢাকাসহ ছয়টি বিভাগে ‘প্রতিবন্ধী নারী ও বাংলাদেশের সমাজকাঠামো’ শীর্ষক গবেষণা করে। ৩০০ জন প্রতিবন্ধী কিশোরী ও নারী এতে অংশ নেয়।আট বছর পর সোশ্যাল অ্যাসিস্টেন্স অ্যান্ড রিহেভিলিয়েশন ফর দি ফিজিক্যালি ভালনারেবল আরেকটি গবেষণা করে। ২০০৮ সালের ওই গবেষণা অনুযায়ী, ১৪২ জনই শিক্ষার কোনো সুযোগ পায়নি। স্নাতক ডিগ্রি লাভ করেছে বা প্রক্রিয়ার মধ্যে আছেন—এ ধরনের নারীর সংখ্যা ৪ দশমিক ৫ শতাংশ। কুটিরশিল্প, ব্যবসাসহ বিভিন্ন পেশায় থাকা ৩৫ দশমিক ৬ শতাংশেরই মাসিক আয় এক থেকে দুই হাজার টাকা।দুটি গবেষণার তথ্যমতে, কিশোরী প্রতিবন্ধীদের মধ্যে বাল্যবিবাহের হার খুবই কম। অবিবাহিত নারীর সংখ্যা ৫০ শতাংশের বেশি। প্রতিবন্ধী নারীর বিয়ে হলেও অধিকাংশেরই খরচ স্বামী বহন করেন না। ক্রমান্বয়ে তালাকপ্রাপ্তা নারীর সংখ্যাও বাড়ছে।