নানা সমস্যায় ফরিদপুরের হাজি শরীয়তুল্লাহ পৌর কাঁচাবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জায়গা কম, ময়লা পরিষ্কার করা হয় না। দুর্গন্ধের জন্য নাক চেপে থাকতে হয় সারাক্ষণ। এর মধ্যেই চালাতে হয় আমাদের রুটি-রুজির কাজ।’—এভাবেই বাজারের সমস্যার কথা তুলে ধরলেন ফরিদপুর শহরের প্রধান কাঁচাবাজার হাজি শরীয়তুল্লাহ মার্কেটের মুরগি ব্যবসায়ী মো. ফারুক শেখ।১৯৭৬ সালে এ বাজার চালু হয়। বাজারের পূর্ব পশ্চিম অংশ ঘেঁষে বয়ে গেছে কুমার নদ। বাজারের ময়লা ফেলে এ নদীটিও দূষিত করে ফেলা হচ্ছে।খাসি বিক্রেতা জানে আলম জানান, যে ঘরে খাসির মাংস বিক্রি হয়, সেটি খুপচি ঘরের মতো। ঘরের পাঁচটি জানালা বন্ধ করে বাইরে দোকান বসানো হয়েছে। ভেতরে পর্যাপ্ত আলো নেই। অন্ধকারই খাসি বাজারের মূল সমস্যা।পাইকারি কাঁচামাল বিক্রেতা আজিজ মণ্ডল জানান, বাজারের এ অংশে পানির ও টয়লেটের সমস্যা প্রকট। এ অংশে কোনো বাথরুম নেই। টয়লেটে যেতে হলে আমাদের বাজারের এক প্রান্তে ছুটে যেতে হয়। এর ফলে কাজ ব্যাহত হচ্ছে। নিয়মিত বাজার ঝাড়ু দেওয়া হয় না। অপরিষ্কার, নোংরা ও দুর্গন্ধ হয়ে থাকে পরিবেশ।মাছ বিক্রেতা বিপ্লব কুমার বর্মণ জানান, যে জায়গায় মাছ বিক্রি হয় তাতে জায়গার সমস্যা হচ্ছে। মাছ বাজারে প্রায় দেড় শ বিক্রেতা কিন্তু জায়গা কম। তা ছাড়া এ বাজারে বিদ্যুতের লাইন টানা থাকলেও বিদ্যুৎ সরবরাহ নেই। ফলে ক্রেতা-বিক্রেতা সবাইকেই ভোগান্তির মুখে পড়তে হয়।মুদি দোকানি মো. নূরুল ইসলাম বলেন, ‘বাজারের দক্ষিণ দিকের কলাপসিবল গেটটি অকেজো। যেকোনো সময় বড় ধরনের চুরি বা ডাকাতির ঘটনা ঘটতে পারে। আমরা আতঙ্কের মধ্যে থাকি। কখন কী হয় বলা যায় না।’ সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাজারের প্রবেশের জন্য পাঁচটি পথ রয়েছে। তিনটি পথের গেট ভগ্ন অবস্থায় রয়েছে। যেকোনো সময় ভেঙে পড়তে পারে। বাজারের দক্ষিণ ও পশ্চিম অংশে চলাচলে দুটি পথ রয়েছে। দক্ষিণের পথসংলগ্ন রথখোলা পতিতাপল্লি। এ কারণে মাদকসেবী ও অপরাধীরা হরহামেশাই বাজারে প্রবেশ করে সাধারণ ব্যবসায়ীদের নানা সমস্যার সৃষ্টি করে। পশ্চিম অংশে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে অপর একটি পথ রয়েছে।বাজার অভ্যন্তরের সড়কগুলো তেমন প্রশস্ত না হাওয়ায় সাধারণ লোকজন ও ব্যবসায়ীদের মালামাল ওঠানামায় ভোগান্তির অন্ত নেই। বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের যানবাহন প্রবেশের কোনো অবস্থা নেই। মাংস ও মুরগি বাজারের অবস্থা আরও নাজুক। অস্বাস্থ্যকর পরিবেশে ভগ্ন টিনের নিচে কেনাবেচা ও মাংস ড্রেসিংয়ের কাজ চলে। দুর্গন্ধে চলাচল দায়। কাঁচামালের আড়ৎপট্টিতে বড় সমস্যা শৌচাগার। দুই হাজার ব্যবসায়ীর এই বাণিজ্যিক কেন্দ্রে একটি মাত্র শৌচাগার। তাও একেবারে পশ্চিম দিকে অবস্থিত। সবাইকে টয়লেট করতে এখানেই ছুটে আসতে হয় এবং অনিবার্যভাবে দিতে হয় লাইন। পৌরসভার পানিব্যবস্থা থাকলেও অব্যবস্থাপনার কারণে তা ব্যবসায়ীদের খুব একটা কাজে আসে না।বাজার সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে জানা গেছে, বাজারে পণ্যের মূল্য তালিকা হালনাগাদ করা হয় না। যে যার মতো দামে পণ্য বিক্রি করে। নামমাত্র পণ্য তালিকা ঝোলানো থাকলেও তার প্রয়োগ নেই। তবে কোনো ধরনের চাঁদাবাজি নেই। বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, ‘আমাদের সমস্যার অন্ত নেই। আগে তো বাজারের নিরাপত্তাব্যবস্থা যা ইচ্ছে, তাই ছিল। আমরা নির্বাচিত হওয়ার পর এসব সমস্যা সমাধান করেছি। সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূলে কিছুটা কাজ করতে পেরেছি। তবে বাজারের যাবতীয় সমস্যা নিয়ে স্থানীয় সাংসদ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে দেখা করব। আশা করি, তাঁর সাহায্য পেলে সব সমস্যা ধীরে ধীরে সমাধান করা সম্ভব হবে।’ ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ মাহাতাব আলী বলেন, ‘বাজারের ময়লা-আবর্জনা সরানোর জন্য পৌরসভা নির্দিষ্ট জায়গা করে দিয়েছে। পরে গাড়ি এসে তা অপসারণ করে। তবে ব্যবসায়ীরা এ ব্যাপারে মোটেও সচেতন নয়। তারা লুকিয়ে ময়লা-আবর্জনা, পশুর বর্জ্য কুমার নদে ফেলে পরিবেশ দূষিত করছেন। আমরা বারবার উদ্যোগ নিয়েও ঠেকাতে পারছি না। আর টয়লেটের জন্য জায়গাই প্রধান সমস্যা। জায়গা পেলে আমরা টয়লেট নির্মাণ করে দেব। কোনো ব্যবসায়ীই চায় না, তার দোকানের পাশে টয়লেট হোক।’স্থানীয় সাংসদ শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বাজারে দীর্ঘদিন ধরে সংস্কারের ছাপ পড়েনি। তাই সমস্যা দিন দিন বেড়ে গেছে। আমরা পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করব। তবে যেটি আগে সমাধান করার প্রয়োজন, সেটি আগে করব। ব্যবসায়ীদের বহু দিনের চাহিদা ছিল নদীতে একটি ঘাট নির্মাণের। আমি সেটি করে দিয়েছি। চাঁদাবাজি বন্ধ করেছি। কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না।