নানা সমস্যায় মাধবপুরের ৪ স্বাস্থ্যকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক-সংকটসহ নানা সমস্যায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ও চৌমুহনী ইউনিয়নের চারটি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাসেবা মারাত্মক ব্যাহত হচ্ছে। এর মধ্যে তিনটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না থাকায় রোগীরা ১২ কিলোমিটার দূরে উপজেলার সদরে এসে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। দীর্ঘদিন সংস্কারের অভাবে আদাঐর, বহরা, মনতলা ও চৌমুহনী স্বাস্থ্যকেন্দ্র ও আবাসন ভবনে ফাটল দেখা দিয়েছে। বৃষ্টি হলে ছাদ চুয়ে পানি পড়ে। ভবনগুলো যেকোনো সময় ভেঙে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছে এলাকাবাসী।৩০ জানুয়ারি কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, তিনটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের পদ দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। রোগীদের চিকিৎসা দিচ্ছেন পরিবার পরিকল্পনা বিভাগের পরিবারকল্যাণ পরিদর্শিকা ও চিকিৎসা সহকারীরা। চিকিৎসক না থাকায় এসব কেন্দ্রে দিন দিন রোগীর সংখ্যাও কমে যাচ্ছে। সরেজমিন ঘুরে চারটি স্বাস্থ্যকেন্দ্রের খণ্ডচিত্র তুলে ধরা হলো:আদাঐর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রসরেজমিনে এ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা গেছে রোগী নেই। বসে আছেন চিকিৎসক সহকারী সম্পদ রায় গুপ্ত ও পরিবারকল্যাণ পরিদর্শিকা শেপালী রায়। রোগী না থাকার কারণ জানতে চাইলে সম্পদ রায় গুপ্ত বলেন, ‘আমি কিছু সময় মাঠে ছিলাম আর্সেনিক রোগের ওপর কাজ করতে। রোগীরা আমি না থাকলে এখানে আসে না।’ চিকিৎসা সহকারী সম্পদ রায় গুপ্ত বলেন, বৃষ্টি হলে ছাদ চুয়ে পানি পড়লে কক্ষে বসা যায় না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারবার আবেদন করেও লাভ হয়নি।বহরা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রখোঁজ নিয়ে জানা যায়, চিকিৎসা সহকারী আব্দুল আলী ২০০৯ সালের ৩ সেপ্টেম্বর অবসরে চলে গেছেন। এর পর থেকে এ পদে আর কোনো চিকিৎসক দেওয়া হয়নি। সরেজমিনে দেখা গেল, ওষুধ বিতরণ কক্ষে তালা ঝুলছে। ফার্মাসিস্ট নারায়ণ চন্দ্র দেব গেছেন বাইরে। নেই কোনো রোগী। স্বাস্থ্যকেন্দ্রের এক কক্ষে বসে আছেন, পরিবারকল্যাণ পরিদর্শিকা হাসিনা বেগম। তিনি বলেন রোগীদের ধারণা, হাসপাতাল শনিবার বন্ধ থাকে। তাই আজ রোগী নেই। পরিদর্শিকা হাসিনা বেগম আরও বলেন, ‘প্রতিদিন গড়ে ৫০ জন রোগীকে আমি একা চিকিৎসা দিচ্ছি। চিকিৎসক না থাকায় এত রোগীকে সামাল দেওয়া আমার জন্য কষ্টকর হয়ে যায়।’ তিনি জানান, আবাসন ভবনগুলোতেও ফাটল ধরেছে। ফাটলগুলো দেখে রাতে ভয়ে ঘুম হতে চায় না। মনতলা উপস্বাস্থ্যকেন্দ্রছয় মাস আগে এ কেন্দ্রে যোগ দেন চিকিৎসক নুরুল্লাহ। তিন মাস পর তিনি প্রেষণে চলে আসেন মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। এর পর থেকে স্বাস্থ্যকেন্দ্রের এ পদটি খালি পড়ে আছে। এখানে তিন বছর ধরে ফার্মাসিস্ট নেই। সবকিছু একাই সামলাতে হচ্ছে চিকিৎসা সহকারী চন্দন কুমার দেকে। তিনি বলেন, ‘তিন মাস ধরে আমি একাই এত রোগীকে সামাল দিচ্ছি। সবাইকে ভালোভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।’চৌমুহনী স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রসহকারী চিকিৎসক সারমিন আক্তার ২০০৯ সালের অক্টোবর মাসে বদলি হওয়ার পর পদটি খালি হয়। ছয় মাস ধরে নেই ফার্মাসিস্ট। ১০ বছর ধরে নেই আয়া। নেই বিদ্যুৎ। রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে পরিবারকল্যাণ পরিদর্শিকা রহিমা খাতুন ও মনোয়ারা খাতুনকে। স্বাস্থ্যকেন্দ্রের আবাসন ভবনটি সংস্কারের অভাবে পরিত্যক্ত প্রায়। এর দরজা-জানালা খুলে নিচ্ছে মাদকাসক্তরা। ভবনটি এখন মাদকসেবী ও জুয়াড়িদের দখলে।সরেজমিনে দেখা যায়, ভবনের পাশে প্রকাশ্যে জুয়াড়িরা বসে জুয়া খেলছে। স্বাস্থ্যকেন্দ্রের এক কক্ষে পরিদর্শিকা রহিমা খাতুন, অপর কক্ষে চিকিৎসা দিচ্ছেন আরেক পরিদর্শিকা মনোয়ারা খাতুন।বহরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমান উল্লা বলেন, ‘হাসপাতালে চিকিৎসক নেই এটি আমি আগে শুনিনি। এখন আপনার কাছ থেকে জানলাম। বিষয়টি আমি উপজেলার মাসিক সভায় আলোচনা করব।’উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসক না থাকায় রোগীদের ১২ কিলোমিটার দূরে উপজেলা সদরে গিয়ে চিকিৎসা নিতে হয়। আমি এখানে জরুরি ভিত্তিতে হাসপাতালগুলোতে চিকিৎসক দেওয়ার দাবি জানাচ্ছি।’উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা এ বি এম ইব্রাহিম বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-সংকট থাকায় মনতলা উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক নূরুল্লাহকে প্রেষণে নিয়ে আসা হয়েছে। আর বাকি স্বাস্থ্যকেন্দ্রগুলোর বিষয়টি ভালো বলতে পারবেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকিব উদ্দিন।’