নানা সমস্যায় ‘বিশ্বনাথ থানা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা মানুষকে সুন্দর ও শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য নিরাপত্তা দিয়ে থাকি। কিন্তু আমরা ডিউটি করে এসে শান্তিতে একটু বিশ্রাম নেব কিংবা নিজের কাজকর্ম করব সে সুযোগ নেই। যেখানে থাকি সেখানকার জানালার কাচ ভাঙা, নলকূপ নেই, পুকুরের পানি দূষিত। এক কথায় নানা সমস্যায় জর্জরিত আমাদের থানা কমপ্লেক্সটি। আমাদের খবর কেউ রাখে না।’ কথাগুলো বলেন বিশ্বনাথ থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কনস্টেবল।১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি থানার প্রশাসনিক ভবনটি উদ্বোধন করা হয়। এরপর থেকে ভবনটির কোনো সংস্কার হয়নি। ভবনের ছাদ ও দেয়ালের কোথাও কোথাও পলেস্তারা খসে পড়ছে। অনেক জানালার কাচ ভেঙে গেছে। ফলে ভাঙা কাচ দিয়ে শীতের দিনে ঠান্ডা বাতাস আর বর্ষায় বৃষ্টির পানি ভেতরে ঢোকে। এতে পুলিশ কর্মকর্তাসহ কনস্টেবলদের পোহাতে হয় প্রচণ্ড দুর্ভোগ। তা ছাড়া থানার অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্রও বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ নিয়ে পুলিশ কর্মকর্তারা চিন্তিত। থানা সূত্রে জানা গেছে, থানায় স্থাপিত একমাত্র নলকূপটি প্রায় চার বছর আগে বিকল হয়ে গেছে। তাই বাইরে থেকে তাদের বিশুদ্ধ পানি কিনে আনতে হয়। এতে স্বল্প বেতনভোগী পুলিশ সদস্যদের পোহাতে হচ্ছে বাড়তি ভোগান্তি। থানা কম্পাউন্ডের ভেতর থাকা একমাত্র পুকুরটিরও জরাজীর্ণ অবস্থা। পুকুরটি একদিকে যেমন ভরাট হয়ে গেছে, অন্যদিকে পানিতে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। পুকুরের দূষিত পানিতে গোসল করলে দেখা দিচ্ছে নানা রোগ-বালাই। থানা সূত্রে আরও জানা গেছে, এখানে কোনো কোয়ার্টার না থাকায় প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় গাদাগাদি করে থাকতে হচ্ছে পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলদের। বাধ্য হয়ে স্ত্রী-সন্তানদের অন্যত্র রাখতে হচ্ছে তাঁদের। এতে অনেক সময় তাঁদের জরুরি কাজ রেখেও যেতে হচ্ছে স্ত্রী-সন্তানের কাছে। বৈদ্যুতিক লাইনগুলোও বিকল হয়ে যাওয়ায় রাতের বেলা থানার কম্পাউন্ডের দ্বিতীয় তলায় ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। তাই চলাচলের ক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হয়। আর গ্রীষ্মকালে বিদ্যুতের সংকট চরম আকার ধারণ করে।পুলিশ কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে টহল দেওয়ার জন্য পুলিশের রয়েছে একটি মাত্র গাড়ি। জরাজীর্ণ এ গাড়ি নিয়েও শঙ্কায় থাকতে হয় পুলিশ সদস্যদের। যেকোনো সময় দুর্ঘটনাকবলিত হতে পারে গাড়িটি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, থানার প্রশাসনিক ভবনটির প্রথম তলায় আটটি কক্ষ রয়েছে। এগুলোর মধ্যে থানার পরিদর্শকের (ওসি) একটি, উপপরিদর্শকদের (এসআই) একটি, এএসআইদের একটি, একটি জুনিয়র সেরেস্তা, একটি বেতার রুম, একটি রান্নাঘর, একটি পুরুষ হেফাজতখানা ও একটি মহিলা হেফাজতখানা। দ্বিতীয় তলায় রয়েছে ছয়টি কক্ষ। এগুলোর মধ্যে একটি পরিদর্শন কক্ষ, একটি ইন্টারোগেশন কক্ষ, একটি নামাজের ঘর, দুটি ব্যারাক (কনস্টেবলদের জন্য), একটি অফিসার কোয়ার্টার, একটি অফিসার ইনচার্জ কোয়ার্টার। এখানে রয়েছে আসবাবপত্রের সংকট। দীর্ঘদিন ধরে সুইপার পদটি শূন্য থাকায় শৌচাগারের অবস্থাও করুণ। থানার উপপরিদর্শক (এসআই) হামিদুর রহমান বলেন, এখানে আমরা কোয়ার্টার, পানি, বিদ্যুৎ, গাড়িসহ নানা সমস্যার মধ্যে কোনোমতে কাজ চালিয়ে যাচ্ছি। এতসব সংকটে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে।থানার পরিদর্শক (ওসি) আশেক সুজা বলেন, কোয়ার্টারের সংকটে অনেকেই এখানে (বিশ্বনাথে) ফ্যামিলি আনতে পারছেন না। তা ছাড়া পানি ও বিদ্যুতের সংকট তো লেগেই আছে। গাড়িসংকটে অনেক সময় আসামি ধরতে যেতে আমাদের বিড়ম্বনার মধ্যে পড়তে হয়।