নানা স্বাদের ইফতার
সিলেটের ঐতিহ্যবাহী ইফতারি কিনতে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষণীয়। প্রতিদিন বিকেলে নগরের জিন্দাবাজার, বন্দরবাজার আর আম্বরখানা পরিণত হয় ইফতারির বাজারে। পাশাপাশি বাসাবাড়িতে দুপুর থেকে ইফতারির নানা পদ আয়োজনের চলে মহোৎসব। বিভিন্ন দোকানির সঙ্গে কথা বলে জানা যায়, রোজাদারদের মধ্যে যাঁরা ইফতারে ঝালের স্বাদ নিতে পছন্দ করেন, তাঁদের কাছে হালিম খুব প্রিয়। তাই ফুটপাত থেকে শুরু করে অভিজাত রেস্তোরাঁগুলোতে অত্যাবশ্যকীয় ইফতারপণ্য হিসেবে হালিমের রয়েছে আলাদা কদর। শাহিনা আক্তার নামের সুবিদবাজার এলাকার এক গৃহবধূ জানান, ঝালজাতীয় মুখরোচক খাবারই বাসাবাড়িতে অনেকের প্রিয়। এ ক্ষেত্রে অনেকেই ইফতারির সময় হালিম খেতে পছন্দ করেন। হালিমের পাশাপাশি সিলেটে বিরিয়ানির বেশ কদর রয়েছে। বিরিয়ানি ইফতারসামগ্রী হিসেবে নগরবাসীর কাছে খুবই প্রিয়। ঐতিহ্যগতভাবে এর যথেষ্ট কদর রয়েছে সিলেটে। প্রতি কেজি বিরিয়ানির দাম ৪০০ থেকে ৫০০ টাকা। তবে দোকানভেদে বিরিয়ানির দামে হেরফের রয়েছে। আম্বরখানা এলাকার নাজিমুদ্দিন বলেন, ‘বিরিয়ানি কিনতে হলে জিন্দাবাজার কিংবা বন্দরবাজার এলাকাই ভালো। এই দুই বাজার রমজান মাসে বিরিয়ানির বাজার হিসেবে পরিচিত। এসব স্থানের বিভিন্ন দোকানে তৈরি করা হয় নানা স্বাদের ও নামের বিশেষ বিরিয়ানি।’ ক্রেতারা বললেন, সব ধরনের বিরিয়ানির দাম গতবারের চেয়ে কেজিপ্রতি আট থেকে ১০ টাকা বেড়েছে। দোকানিদের দাবি, তেল ও মসলার দাম বৃদ্ধি পাওয়ায় দাম বেড়েছে। তবে সেটা সহ্যসীমার বাইরে নয় বলে দোকানিরা মন্তব্য করেছেন। বিরিয়ানির কারিগর আসলাম মিয়া বলেন, ‘সিলেটে মূলত কাচ্চি, শাহি, কাশ্মীরি, সুলতানি, আকবরি, বিফ ও চিকেন—এ ধরনের বাহারি নামের বিরিয়ানি পাওয়া যায়। তবে দামভেদে স্বাদের পার্থক্য রয়েছে এসব বিরিয়ানিতে। যেহেতু এখানকার মানুষের বিরিয়ানির প্রতি অন্য ধরনের আকর্ষণ রয়েছে, তাই এসব বিরিয়ানিও আমরা নানা স্বাদে ক্রেতাদের কাছে উপস্থাপন করছি।’ সরেজমিনে বাজারে দিয়ে দেখা যায়, নানা স্বাদের ইফতারসামগ্রীতে দোকানগুলো ভরে গেছে। ক্রেতারাও বাজার ঘুরে নিজেদের পছন্দমতো কিনছেন। মুড়ি, ছোলা, আলুর চপ, ডিম চপ, বেগুনি, আখনি, ছানা, পেঁয়াজু, খিচুড়ি, হালিম, কাবাব, বাখরখানি, ফিরনি, দই, বিভিন্ন ধরনের ভাজি-বড়া, বিরিয়ানির পাশাপাশি সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী বিভিন্ন ইফতার আয়োজন চোখে পড়ার মতো। সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক দোকানি খোলা রাস্তায় স্তরে স্তরে ইফতারপণ্য সাজিয়ে রাখছেন। এ ধরনের অস্বাস্থ্যসম্মতভাবে খাবার রাখার বিষয়টি স্থানীয় প্রশাসন দেখেও না দেখার ভান করছে বলে ক্রেতারা অভিযোগ করেছেন।রোজা উপলক্ষে খেজুরের পাশাপাশি বিভিন্ন ধরনের ফলমূলের কদর বেড়েছে। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে আলাপকালে জানা যায়, ইফতার শুরু হয় পানি বা শরবত দিয়ে। তবে খোলাবাজারে যেসব শরবত কিনতে পাওয়া যায়, সেসবে নানা ধরনের রাসায়নিক রং ব্যবহার করা হয়। ফলে তা খাবারের ক্ষেত্রে অনিরাপদ হয়ে পড়ে। এখান থেকে ডায়রিয়া, আমাশয় ও জন্ডিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে বলে বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন। একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসক আনজুমা মাসুদ জানান, বাজারে কিনতে পাওয়া যায় এমন চপ, পেঁয়াজু, বেগুনি, হালিমে তেলের পরিমাণ বেশি থাকে। এ ধরনের খাবার না কিনে বাসায় ভালো ও কম তেল দিয়ে তৈরি করে নেওয়াটাই ভালো।ইফতারপণ্যের দাম গতবারের চেয়ে এবার বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে অভিযোগ করেন নগরের পাঠানটোলা এলাকার কিন্ডারগার্টেনের শিক্ষক শাহরিয়ার আমিন। তিনি বলেন, ‘বাজারদর তেমন একটা এদিক-সেদিক না হলেও রমজান মাসে দোকানিরা সবকিছুর দাম বাড়িয়ে দেন। গতবারের তুলনায় এবার ইফতারসামগ্রীর দাম একটু বেশি। ফলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষজনকে দুর্ভোগে পড়তে হচ্ছে।’