নান্দাইলে গুলিতে নিহত ১, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের চরভেলামারি গ্রামে আজ সোমবার সকাল ১০টার দিকে আবুল হাছেন (৩৬) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের প্রতিপক্ষ এয়াকুব আলী তাঁকে গুলি করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা হলেন, হাছেনের মা সখিনা খাতুন (৭০) ও বড় ভাই হারেছ মিয়া (৪০)। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাছেনের পরিবারের লোকজনের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে এয়াকুব আলী ও তাঁর লোকজন আবুল হাছেনকে গুলি চালিয়ে হত্যা করেছেন। খুনের ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী এয়াকুব আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসী জানান, এতে ওই বাড়ির চারটি ঘর পুড়ে যায়। পরে ঈশ্বরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।গ্রামবাসী ও হাছেনের পরিবারের লোকজন জানান, আবুল হাছেনের সঙ্গে একই গ্রামের এয়াকুব আলীর জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে মামলাও করে। সম্প্রতি তাঁদের বিরোধ চরমে পৌঁছায়। গ্রামবাসী সূত্রে জানা যায়, ১৫ দিন আগে আবুল হাছেন তাঁর বাড়ির পাশে একটি বিতর্কিত জায়গায় ঘর তোলেন। ওই জায়গা নিয়ে নান্দাইল জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা চলছে। এয়াকুব আলীর সমর্থকদের দাবি, ওই জায়গার ওপর আদালতের স্থিতাবস্থা জারি রয়েছে। প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানান, আজ সকালে ওই জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে এয়াকুব আলী তাঁর কাছে থাকা দোনলা বন্দুক দিয়ে গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে আবুল হাছেন ঘটনাস্থলেই মারা যান। এয়াকুব আলী আত্মগোপনে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। বেতাগৈর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন সরকার প্রথম আলো ডটকমকে জানান, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে গ্রামে কয়েকটি সালিস-দরবার হয়। কিন্তু ঘটনার মীমাংসা হয়নি।নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) খন্দকার জাকির হোসেন প্রথম আলো ডটকমকে জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।