নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের নান্দাইল-কেন্দুয়া সড়কে যাত্রীবাহী বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও শিশুসহ ১৩ জন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন: নছিমনের চালক পাপ্পু মিয়া (৩০), যাত্রী সাহারা খাতুন (৪৫), আম্বিয়া খাতুন (৪০)। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে বাঁশহাটি উচ্চবিদ্যালয়ে সামনে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনটি নছিমনে করে প্রায় ৫০ জনের একটি দল নেত্রকোনার মদনপুরে অবস্থিত হজরত শাহ সুলতান (র.)-এর মাজারে চলমান ওরসে অংশ নিতে যাচ্ছিলেন। বাঁশহাটি উচ্চবিদ্যালয়ে সামনে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনটি রাস্তা থেকে অনেক দূরে ছিটকে পড়লে ঘটনাস্থলেই চালকসহ পাঁচজন নিহত হন। আহত হন আরও ১৩ জন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম বলেন, লাশ এখনো হাসপাতালেই আছে। মামলার প্রস্তুতি চলছে।