ভোলা জেলার দৌলতখান উপজেলার একটি বিচ্ছিন্ন ইউনিয়ন মদনপুর। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে এখানকার পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। প্রভাবশালী সকেট পক্ষ ও নান্নু-জাফর পক্ষ একে অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি মামলা ও সংবাদ সম্মেলন করেছে। মদনপুরের বাসিন্দা ও জেলে সূত্রে জানা গেছে, মদনপুর ইউনিয়ন মেঘনায় সম্পূর্ণ বিলীন হওয়ার পর ১৯৯২ সালে চর পড়ে আবার এর প্রায় পাঁচ হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় আসে। সে সময় থেকে নাসির উদ্দিন ওরফে নান্নু ডাক্তার, জাফর পণ্ডিত ও তাঁদের লোকজন জমির মালিকদের মধ্যে জমি বণ্টনের নেতৃত্ব দিয়ে আসছেন। কিন্তু মদনপুর, মধুপুর, চর টগবী, চর পদ্মা, চর মুন্সির চরে প্রায় ৪০০ হিন্দু পরিবারের দুই হাজার হেক্টর জমির মালিকেরা এখনো তাদের জমি বুঝে পাননি। অনেক জমির মালিককে বছর শেষে সামান্য কিছু টাকা ধরিয়ে দিয়ে প্রভাবশালী ব্যক্তিরা ওই জমি ভোগদখল করছেন। মদনপুরের জমির মালিক ভবরঞ্জন শীল বলেন, ‘জাফর পণ্ডিত ও তাঁর লোকজন প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে না দিয়ে নিজেরাই কয়েক হাজার একর জমি ভোগদখল করছেন। জমির মালিকেরা দখলে গেলে সন্ত্রাসী বাহিনী দিয়ে পিটিয়ে উৎখাত করা হয়।’ তবে জাফর পণ্ডিত এসব অভিযোগ অস্বীকার করেন। স্থানীয় লোকজন আরও জানান, গত জোট সরকারের পাঁচ বছর মদনপুর ইউনিয়নের মধুপুর তরমুজের খেও মেঘনা দখল করে মাছ ধরেছেন নান্নু ডাক্তার। ডুবোচর দখল করে জেলেদের মারধর করে অবৈধ পেটানো জাল দিয়ে মাছ ধরেছে তাঁর বাহিনী। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সকেট বাহিনী তরমুজের খেও মেঘনার দখল নেয়। ২০০৯ সালে নান্নু ডাক্তার পক্ষকে উৎখাত করলেও চলতি বছর এ দুই পক্ষ সমঝোতা করে একইসঙ্গে মধুপুর মৎস্য অবতরণ কেন্দ্রে রামরাজত্ব কায়েম করে। তারা মেঘনার ডুবোচর দখল করে পেটানো জাল পাতে এবং সেখানে কোনো সাধারণ জেলেকে মাছ ধরতে দেয় না। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এই দুই পক্ষই গনসংযোগ চালিয়ে যাচ্ছে। সকেটের বাড়ি সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে হলেও তিনি মদনপুরের বাসিন্দা এবং ভোটার হওয়ার আবেদন করেছেন নির্বাচন কর্মকর্তার অফিসে। চরে বাড়িঘর করেছেন। তাঁকে সহায়তা করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ দস্তগীর, জসিম উদ্দিন পাটওয়ারী, বাবুল শিকদার ও লুৎফুর রহমান পাটওয়ারী। এঁরা মূলত দুই চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত জাফর পণ্ডিত এবং বিএনপি সমর্থিত নান্নু ডাক্তারকে প্রতিহত করে নিজেদের কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্যই সকেটকে সমর্থন দিয়ে চরে উঠাচ্ছেন। এদিকে জাফর পণ্ডিত ও নান্নু ডাক্তার তাঁদের চেয়ারম্যানির আসন হাতছাড়া ও দীর্ঘদিনের কর্তৃত্ব চলে যাওয়ার আশঙ্কায় সকেটের বিরোধিতা করছেন। এসব কারণেই দুই বাহিনীর মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে।৫ নভেম্বর ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মদনপুর ইউনিয়ন চর উন্নয়ন কমিটির সভাপতি এনায়েত উল্লাহ লিখিতভাবে বলেন, ‘কিছু জোতদারের উত্ত্যক্ত করা ছাড়া আমরা চরবাসী শান্তিতে বসবাস করছি। সকেট বাহিনী দীর্ঘদিন মেঘনায় জেলেদের মাছ ও জাল ডাকাতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা মদনপুরের মানুষের শান্তি নষ্ট করার জন্য ওই জবরদখল করে জমি ক্রয় করে। আমরা এর থেকে মুক্তি চাই।’ ৫ নভেম্বর সকেটের বাড়িতে সংবাদ সম্মেলনে সকেটের বাবা ছগির আহাম্মেদ লিখিতভাবে জানান, ২৩ অক্টোবর রাতে নান্নু ডাক্তার, তাঁর ভাই নাগর, জাফর পণ্ডিত ও চুন্নুর নেতৃত্বে একদল সন্ত্রাসী চারটি ট্রলারযোগে মদনপুর ইউনিয়নের মধুপুর মৎস্য অবতরণ কেন্দ্রে সকেটের মৎস্য আড়তে হামলা চালায়। এ সময় তারা চারটি আড়ত থেকে সাড়ে চার লাখ টাকা লুট করে। এ ছাড়া ওই সন্ত্রাসীরা ২৫ অক্টোবর রাতে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চৌদ্দগড় গ্রামে সকেটের বাড়িতে হামলা চালায়। এ নিয়ে ২৭ অক্টোবর আদালতে মামলা করা হয়েছে।সকেট বাহিনীর প্রধান জামাল উদ্দিন সকেট প্রথম আলোকে বলেন, ‘সবগুলো মামলায় আমরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসেছি। গত ২৩ অক্টোবর রাতে নান্নু বাহিনী সাদা পোশাকধারী পুলিশের সহযোগিতায় আমার মাছঘাটে ও জেলেদের ওপর হামলা চালিয়েছে। আমি মদনপুরে নির্বাচন করব, তাই আমার বিরুদ্ধে নান্নু-জাফর সন্ত্রাসী লেলিয়ে দিয়েছে। আমি ২৭ অক্টোবর মদনপুরে বাড়ির কাজ শুরু করলে নান্নু বাড়ির কাজ করতে বাধা দেন। আমি সে বাধা উপেক্ষা করে ঘর তুলেছি।’ নাসির উদ্দিন ওরফে নান্নু ডাক্তার প্রথম আলোকে বলেন, ‘জামাল উদ্দিন সকেটের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তিনিও মাছের ব্যবসা করেন, আমিও নিরিবিলি ব্যবসা করি। আমরা কেন পুলিশের শেল্টার নিয়ে তাঁর আড়তে হামলা চালাব? কেন তাঁকে বাড়ি করতে বাধা দেব?’ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সকেট বাহিনী দীর্ঘদিন মেঘনায় সন্ত্রাস ও জলদস্যুতা চালাচ্ছে। এর আগে তারা চরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। সকেটের অত্যাচারে জেলেরা সন্ত্রস্ত। সকেট ও তাঁর ভাই কামালের বিরুদ্ধে ১০-১২টি মামলা আছে। তাঁদের গ্রেপ্তারের জন্যই ২৩-২৫ অক্টোবর দৌলতখান উপজেলার মধুপুর, মদনপুর ও সদর উপজেলার বাপ্তা এলাকায় পুলিশি বিশেষ অভিযান চলেছে। কিন্তু সকেট বাহিনীর সন্ত্রাসীরা মদনপুর মধুপুরে পুলিশের ওপর হামলা এবং বাপ্তায় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করিয়েছে। পুলিশ এ ঘটনায় ১৭ জনকে আসামি করে মামলা করেছে।’