নান্নুকে জিজ্ঞাসাবাদে ঢাকায় নিরাপত্তা দল পাঠাতে পারে ভারত
ঢাকায় গ্রেপ্তার হওয়া জইশে মুহাম্মদের জঙ্গি নান্নু মিয়া ওরফে বেলাল মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ভারত শিগগিরই একটি বিশেষ দল পাঠাবে। নিরাপত্তা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এ দল নান্নু মিয়াকে ১৯৯৯ সালের কান্দাহারে বিমান ছিনতাইয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে। নান্নু ইতিমধ্যেই ওই ছিনতাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছেন।ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা গতকাল মঙ্গলবার বলেন, নান্নু সম্পর্কে খোঁজ নিতে তাঁরা বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন। গ্রেপ্তারকৃত লোকটি যদি বিমান ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকে, তাহলে বিষয়টি অবশ্যই বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করা হবে।তবে ঢাকায় পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এ বিষয়ে ভারতের সঙ্গে তাদের কোনো রকম যোগাযোগ হয়নি।ঢাকায় র্যাব সদস্যরা গত ২৮ ফেব্রুয়ারি নান্নুকে গ্রেপ্তার করে। র্যাবের জিজ্ঞাসাবাদে নান্নু ১৯৯৯ সালে কাঠমান্ডুতে আইসি-৮১৪ বিমান ছিনতাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা স্বীকার করেন। নান্নু বিভিন্ন সময় ভারতের বিভিন্ন কারাগারে বন্দী থাকার কথাও জানান।বিভিন্ন সূত্রে জানা গেছে, ভারত আশা করছে, নান্নুকে বাংলাদেশ তাদের হাতে তুলে দেবে। নান্নু এখন পুলিশ রিমান্ডে আছে।জঙ্গি সংগঠন জইশে মুহাম্মদ ২০০০ সালে প্রতিষ্ঠা করেন মাওলানা মাসুদ আজহার। ২০০১ সালে ভারতীয় পার্লামেন্টে হামলার জন্য মাসুদ আজহারকে দায়ী করা হয়।