নাফ নদী থেকে ২১ জেলেকে নিয়ে গেছে নাসাকা
কক্সবাজারের টেকনাফে গতকাল শুক্রবার রাতে মাছ ধরার সময় নাফ নদী থেকে ২১ জেলেকে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকা। রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ইঞ্জিনচালিত একটি মাছ ধরার নৌকাসহ পাঁচটি নৌকা নিয়ে যায় নাসাকা। জেলেদের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে প্রতিদিনের মতো টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার আবুল হোসেন, মো. ছিদ্দিক, মোহাম্মদ আমিনসহ ২১ জন জেলে নাফ নদীতে মাছ ধরতে যান। তাঁরা ঝোড়ো হাওয়ার কবলে পড়লে টেকনাফের জালিয়াপাড়ার রমজান আলীর মালিকানাধীন একটি মাছ ধরার নৌকা তাঁদের উদ্ধারের চেষ্টা চালায়। এ সময় মিয়ানমারের নাসাকা বাহিনী তিনটি ট্রলারে করে এসে বাংলাদেশে জলসীমা অতিক্রম করে তাঁদের ধরে নিয়ে যায়। মাছ ধরার নৌকার মালিক রমজান আলী জানান, এ ব্যাপারে টেকনাফ সদর বিওপির কোম্পানি কমান্ডারকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলো ডটকমকে বলেন, এ ব্যাপারে মিয়ানমারের নাসাকা বাহিনীর ৬ নম্বর সেক্টরের কাছে একটি প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। জেলেসহ নৌকাগুলো ফেরত না দেওয়া পর্যন্ত তাঁদের তত্পরতা অব্যাহত থাকবে।