নাফ নদের বাংলাদেশ অংশে নাসাকা বাহিনীর গুলিবর্ষণ
মিয়ানমারে সীমান্তরক্ষী বাহিনী নাসাকা আজ সোমবার সকালে ও দুপুরে কক্সবাজারে নাফ নদের বাংলাদেশের জলসীমায় ঢুকে কাঠভর্তি ট্রলার ও গরুবোঝাই তিনটি ট্রলারে গুলি চালিয়েছে। একপর্যায়ে তারা গরুবোঝাই একটি ট্রলারও নিয়ে যায়। ট্রলারগুলো মিয়ানমার থেকে টেকনাফে আসছিল। বিডিআর এ ঘটনার প্রতিবাদ জানিয়ে নাসাকাকে চিঠি দিয়েছে।টেকনাফ ৪২ রাইফেলস ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ঘটনার প্রতিবাদে নাসাকা বাহিনী বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে। নাসাকা আবার বাংলাদেশ জলসীমায় ঢোকার চেষ্টা করলে তাদের পাল্টা জবাব দিতে বিডিআর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় বিডিআর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, নাসাকা বাহিনীর সদস্যরা চলতি মাসে ১০-১২টি ট্রলার নিয়ে গেছেন।টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী আবুল হাশেম জানান, আজ সকালে কাঠভর্তি একটি ও গরুবোঝাই একটি ট্রলার টেকনাফে আসছিল। এ সময় নাসাকা বাংলাদেশ জলসীমায় ঢুকে ১০-১২টি গুলি চালায়। তারা বেলা দেড়টার দিকে গরুবোঝাই আরেকটি ট্রলার লক্ষ্য করে ২০-২৫টি গুলি চালায়। তবে চালক ট্রলারটি কোনো রকমে পালিয়ে শাহপরীর দ্বীপের গোলপাড়া চরে আশ্রয় নেন।এ সময় স্থানীয় লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে এদিক-সেদিক ছুটোছুটি করতে থাকে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।