নাফিজা আনজুমের উৎসব!
গণিত অলিম্পিয়াডে মেয়েদের অংশগ্রহণকে উৎসা হিত করতে প্রবর্তিত তাজিমা এইচ মজুমদার প্রাইজ ইন ম্যাথমেটিকস-২০১০ জিতেছে সিলেটের শিক্ষার্থী নাফিজা আনজুম। সবাই তাকে প্রমি ডাকে। এবারের অলিম্পিয়াডে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে সে। হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, সর্বাধিকবার অংশগ্রহণের পুরস্কার এবং প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব—সব মিলিয়ে এ যেন নাফিজার উত্সব। তার আনন্দ ছিল তাই বাঁধহারা। ‘এই পুরস্কার আমাকে গণিতের প্রতি মনোযোগী হতে আরও উত্সাহিত করবে।’ পুরস্কারটির প্রবর্তক বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার বলেন, ‘এখনো গণিতের জাতীয় উত্সবে অংশ নিতে মেয়েদের বেশ বেগ পেতে হয়। অথচ একটু সমর্থন পেয়েই তারা অনেক ভালো ফলাফল করে দেখাচ্ছে।’ ভবিষ্যতে পদার্থবিদ্যায় পড়তে আগ্রহী প্রমি গণিতকে সবার কাছে পৌঁছে দিতে কাজ করতে চায়। তাজিমা এইচ মজুমদার প্রাইজ ইন ম্যাথমেটিকস পুরস্কারটি প্রবর্তিত হয় ২০০৮ সাল থেকে। এ পর্যন্ত তিনজন এই পুরস্কারে ভূষিত হয়েছে। নাফিজা আনজুম ছাড়া বাকি দুজন হলো ঢাকার রুবাবা হাসান (২০০৮) ও চট্টগ্রামের নাজিয়া চৌধুরী (২০০৯)। —খাদিজা আক্তার