নাফিসকে ধরতে ফেসবুকের সাহায্য নেয় এফবিআই
নিউইয়র্কের ফেডারেল ব্যাংক ভবনে হামলার ষড়যন্ত্রে গ্রেপ্তার বাংলাদেশি যুবক কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া তথ্য তদন্তের কাজে লাগাচ্ছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)। এফবিআই জানায়, ফেসবুকে হামলার পরিকল্পনা নিয়ে তাদেরই সূত্রের সঙ্গে কথা বলেছিলেন বাংলাদেশি যুবক রেজওয়ানুল।নিউইয়র্কের আদালতে দেওয়া অভিযোগের নথির বরাত দিয়ে সিনিউজ জানায়, এফবিআইয়ের এক সূত্র বন্ধু সেজে রেজওয়ানুলের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করতেন। আর ওই যোগাযোগ থেকেই এফবিআই সহজে গ্রেপ্তার করতে পেরেছে রেজওয়ানুলকে। জানতে পেরেছে তাঁর পরিকল্পনার কথা। এফবিআইয়ের ওই সূত্র গত জুন থেকে জুলাই মাস পর্যন্ত ফেসবুকে রেজওয়ানুলের সঙ্গে যোগাযোগ করেন। এফবিআইয়ের গোপনীয় মানবিক বিভাগের (সিএইচএস) সূত্র বন্ধু সেজে রেজওয়ানুলের সঙ্গে কথাবার্তা বলতেন। এফবিআইয়ের সিএইচএস বিভাগ তাঁদের সব ধরনের কথাবার্তা রেকর্ড করত। তাঁরা ইসলামি আইনের শাসন নিয়ে আলোচনা করতেন। রেজওয়ানুল ফেসবুকে জানান যে তিনি যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাসী হামলা চালাতে চান। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে বসবাসরত আরেক বাংলাদেশি তাঁকে পরামর্শ দিয়েছেন, ইসলামি আইন প্রতিষ্ঠার জন্য তিনি এটা করতে পারেন।এফবিআই ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে এর আগেও সন্ত্রাসী ও অপরাধীদের শনাক্ত করেছে। গত মে মাসে সিনেট ওয়েবসাইটে প্রকাশিত খবরে জানা যায়, এফবিআই ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করেছে যাতে মাইক্রোসফট, ফেসবুক, ইয়াহু, গুগলে প্রয়োজনে সরকারের নজরদারির সুযোগ রাখা হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় গত বুধবার দুপুরে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশি যুবক কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসকে গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমের খবর ও পুলিশের বর্ণনা অনুযায়ী, গোয়েন্দাদের পাতা ফাঁদে পা দিয়েছেন রেজওয়ানুল। আদালতে দাখিল করা অভিযোগে দাবি করা হয়েছে, রেজওয়ানুল এক হাজার পাউন্ড ওজনের বোমা দিয়ে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। মার্কিন অর্থনীতিতে আঘাত হানা ছিল তাঁর লক্ষ্য।নিউইয়র্ক পুলিশ বলেছে, ২১ বছর বয়সী রেজওয়ানুল গত জানুয়ারিতে ছাত্র ভিসায় যুক্তরাষ্ট্রে পৌঁছান। পুলিশের দাবি, ‘খুব বড়’ হামলা চালানোর জন্য তিনি সমমনা লোক খুঁজছিলেন।বুধবার বিকেলেই রেজওয়ানুলকে ব্রুকলিন আদালতে হাজির করা হয়। সংক্ষিপ্ত শুনানির পর তাঁকে কারাগারে পাঠানো হয়। অপরাধ প্রমাণিত হলে রেজওয়ানুলের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।পুলিশ বলেছে, রেজওয়ানুল ছয় মাস ধরে বাংলাদেশি-বহুল এলাকা কুইন্সের জ্যামাইকায় বাস করছিলেন।