নাফিসের বিরুদ্ধে মামলার রায় ৯ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার সন্ত্রাসী পরিকল্পনায় অভিযুক্ত বাংলাদেশি কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের (২১) মামলার রায় ঘোষণা করা হবে ৯ আগস্ট। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলার রায়ে নাফিসের শাস্তি ঘোষণার কথা থাকলেও তাঁর আইনজীবী অ্যাটর্নি হেইডি সি সিজার সময়ের আবেদন করেন। সিটির ব্রুকলিনে অবস্থিত ইস্টার্ন ফেডারেল আদালতের প্রধান বিচারক ক্যারল অ্যামনের আদালতে এই মামলা চলছে।অ্যাটর্নি হেইডি সি সিজার বিচারক ক্যারল অ্যামনের কাছে বলেন, নাফিসের শাস্তি ঘোষণার আগে এর বিভিন্ন বিষয় আরও পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। দণ্ড ঘোষণার আগে তিনি এ ধরনের শাস্তির জন্য প্রস্তুত কি না, সেটা পরীক্ষা করা উচিত। তাঁর মানসিক ও ফরেনসিক বিষয় পর্যালোচনার জন্য সময়ের প্রয়োজন। নাফিসের আইনজীবীর আবেদনের পর বিচারক ক্যারল রায়ের নতুন তারিখ ঘোষণা করেন। আগামী ছয় সপ্তাহের মধ্যে এসবের পরীক্ষ-নিরীক্ষা শেষ হবে বলে জানা গেছে।নাফিস সন্ত্রাসের জন্য দোষ স্বীকার করে নেওয়ায় তাঁর ৩০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে তাঁর আইনজীবী শাস্তির মেয়াদ কমানোর জন্য প্রসিকিউশনের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন।নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার সন্ত্রাসী পরিকল্পনায় অভিযুক্ত নাফিস দোষ স্বীকার করেছেন। তাঁর বর্তমান বয়স ২১ বছর। এ হিসেবে ৩০ বছরের কারাদণ্ড হলে ৫১ বছর বয়সে কারামুক্ত হবেন তিনি।যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ভবন উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে এফবিআই গত বছরের ১৭ অক্টোবর নাফিসকে গ্রেপ্তার এবং ১৬ নভেম্বর গ্র্যান্ড জুরি তাঁকে অভিযুক্ত করে। ২০১২ সালের জানুয়ারিতে স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আগমনের পর দক্ষিণ-পূর্ব মিসৌরির একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। সাইবার সিকিউরিটি-বিষয়ক ওই কোর্স শেষ না করেই জুনের শেষ সপ্তাহে নিউইয়র্কের একটি টেকনিক্যাল কলেজে ভর্তি হন নাফিস।এফবিআই নাফিসকে গ্রেপ্তারের পর ঢাকায় তাঁর পরিবারের পক্ষ থেকে বলা হয়, তিনি ষড়যন্ত্রের শিকার।