নাফিসের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি
সন্ত্রাসী হামলা পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রের কারাগারে আটক বাংলাদেশি যুবক কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। নিউইয়র্কের আদালত কর্তৃক নিযুক্ত নাফিসের আইনজীবী প্রথম আলো ডটকমকে বলেছেন, তিনি এ মামলা নিয়ে কোনো সংবাদপত্রের সঙ্গে কথা বলবেন না। নাফিসের ব্যাপারে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে বলে তিনি জানান। ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের প্রথম আলো ডটকমকে বলেন, নাফিসের বক্তব্য জানার জন্য তাঁর সঙ্গে সাক্ষাতের চেষ্টা চলছে। এ নিয়ে গত বৃহস্পতিবার দূতাবাস থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের পাতা ফাঁদে পড়ে গত ১৭ অক্টোবর নিউইয়র্কে গ্রেপ্তার হন নাফিস। গোয়েন্দাদের প্ররোচনায় নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেন নাফিস। পরিকল্পনা বাস্তবায়নের গোয়েন্দা নাটকে হাতেনাতে গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়। ছাত্র ভিসায় বাংলাদেশ থেকে যাওয়া নাফিসের জন্য নিউইয়র্কের আদালত থেকেই হেইডি সিজার নামের একজন আইনজীবী নিযুক্ত করা হয়। নিউইয়র্কের ব্রুকলিনে ডিটেনশন কেন্দ্রে আটক নাফিসের পক্ষে তাঁর পরিবার বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়নি।মামলার স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী, মামলাটি প্রথমে গ্র্যান্ড জুরিতে যাওয়ার কথা। যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন অ্যাটর্নি মঈন চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, গ্র্যান্ড জুরি বাছাই প্রক্রিয়ায় অনেক সময়ই বিলম্ব ঘটে। বাংলাদেশ কর্তৃপক্ষ প্রকৃত অর্থে নাফিসকে সহযোগিতা করতে চাইলে ভিন্ন একজন আইনজীবী নিয়োগ করা প্রয়োজন। ঢাকায় নাফিসের পরিবার থেকে তাঁকে নির্দোষ দাবি করা হয়। মার্কিন কর্তৃপক্ষের কাছ থেকে রেজওয়ানুল আহসান নাফিসের বাংলাদেশি পরিচয় নিশ্চিত হওয়ার পর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে তাঁকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়। নাফিসের বক্তব্য শোনার জন্য বাংলাদেশ দূতাবাস ‘কনসুলার একসেস’ চায়। তবে মামলার সঙ্গে জড়িত মার্কিন কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসকে জানিয়ে দেয়, নাফিস দূতাবাসের সহযোগিতা গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেছেন।