নাফিসের বিষয়ে তথ্য জানা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, আজ রাতে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকের পর কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যাবে। তিনি বলেন, বিষয়টি স্পর্শকাতর। তাই এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। আজ শুক্রবার দীপু মনি তাঁর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আগামীকাল শনিবার ঢাকায় অনুষ্ঠেয় মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের সম্মাননা দেওয়ার বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, নিউইয়র্কের ফেডারেল ব্যাংক ভবনে হামলার ষড়যন্ত্রে গ্রেপ্তার বাংলাদেশি তরুণ নাফিসের বিষয়ে বিস্তারিত জানতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের বৈঠক হবে। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।দীপু মনি বলেন, ‘নাফিসের জাতীয়তার বিষয়টি নিশ্চিত হলে আমরা মার্কিন সরকারের কাছে কনস্যুলার একসেস (বন্দীর সঙ্গে একজন কূটনীতিকের কথা বলার সুযোগ) চাইব।’ এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাঁর জাতীয়তা সম্পর্কে নিশ্চিত নই। সে বাংলাদেশি হতে পারে, আবার মার্কিন নাগরিকও হতে পারে। এমনকি তাঁর দ্বৈত নাগরিকত্বও থাকতে পারে। তাঁর নাগরিকত্বের বিষয়ে নিশ্চিত হওয়ার পর আমাদের সরকার পরবর্তী পদক্ষেপ ঠিক করবে।’