নাবিক আটকের ঘটনায় জাপানকে ক্ষমা চাইতে বলেছে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাবিক আটকের ঘটনায় জাপানকে ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে চীন। গতকাল শুক্রবার আটক ওই চীনা নাবিককে মুক্তি দেয় জাপান। এরপর চীন সরকারের পাঠানো একটি বিশেষ বিমানে চড়ে গতকাল সন্ধ্যায়ই চীনা নাবিক জেহান কিউজিওন জাপান ত্যাগ করেন। জেহান কিউজিওনের মুক্তির পরই চীন আবারও পূর্ব চীন সাগরের বিতর্কিত দাইয়ুতি দ্বীপটি নিয়ে তাদের আগের অবস্থান ব্যক্ত করেছে। এদিকে দেশে ফিরে ওই চীনা নাবিক নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেন, ‘দাইয়ুতি দ্বীপটি চীনেরই অংশ। আমি সেখানে মাছ ধরতে গিয়েছিলাম। আমাকে গ্রেপ্তার করাটা ছিল অবৈধ।’জেহান কিউজিওন নিজের মুক্তিতে চীন সরকার ও দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার প্রতি দেশ ও দেশের মানুষ যে সমবেদনা দেখিয়েছে, তা অতুলনীয়।’চীনের নাবিক মুক্তি পাওয়ার পরপরই জাপান সরকারকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছে চীন। এর পাশাপাশি জাপানের কাছে ক্ষতিপূরণও দাবি করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নাবিককে আটক করে জাপান চীনের সার্বভৌমত্বের ওপর আঘাত করেছে।জাপানি কর্তৃপক্ষ প্রায় দুই সপ্তাহ আগে পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দাইয়ুতি দ্বীপের কাছ থেকে চীনের একটি মাছধরা ট্রলারের একজন নাবিককে আটক করে। তাঁর বিরুদ্ধে জাপানের কোস্টগার্ডের জাহাজকে ইচ্ছা করে ধাক্কা মেরে ফুটো করে দেওয়ার অভিযোগ আনা হয়।এ নিয়ে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটে। চীন আটক নাবিকের দ্রুত ও নিঃশর্ত মুক্তি দাবি করে আসছিল।এদিকে চীনের সামরিক এলাকায় অবৈধভাবে আলোকচিত্র গ্রহণের অপরাধে কর্তৃপক্ষ চার জাপানি নাগরিককে সে দেশে আটক করার ঘটনার পরই জাপান ওই নাবিককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।জাপান ও চীনের ক্রম অবনতিশীল কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বলেন, এ অবস্থার জন্য জাপানই দায়ী।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, কোনো কূটনৈতিক ইস্যু দুই দেশের সম্পর্কে দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার আগেই তা সমাধান করা উচিত।