নাবিকদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে ফিরে আসা জার্মানির মালিকানাধীন জাহাজের দুই বাংলাদেশি নাবিক বলেছেন, ‘জলদস্যুদের হাতে আটক বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণির মজুদ তেল ও পানি দিয়ে আর বেশি দিন চলবে না। কাজেই নাবিকদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমরা এ ক্ষেত্রে সরকার ও মালিকপক্ষের কার্যকর উদ্যোগ আশা করছি।’নাবিক জাফর ইকবাল ও গিয়াসউদ্দিন আজম খান গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। জাহান মণির উদ্ধার ও সমুদ্রগামী নৌপরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন। এতে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রিয়াসাত হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক ফয়সাল আজীম। জাফর ও গিয়াস সাত মাস ২০ দিন পর সম্প্রতি জলদস্যুদের কবল থেকে মুক্তি পান। তাঁরা জার্মানির পতাকাবাহী জাহাজ এমটি মারিডা মারগুয়েরাইট জাহাজে ছিলেন। ৫৫ লাখ মার্কিন ডলার মুক্তিপণের বিনিময়ে এই দুজনসহ জাহাজ এবং এর সব নাবিককে মুক্তি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে দুই নাবিক জানান, জাহান মণি অনেক পুরোনো। এর নিজস্ব পানি উৎপাদনক্ষমতা থাকলেও তা বেশি দিন সচল থাকার কথা নয়। মজুদ তেল দিয়েও বেশি দিন চলবে না। তাই যত দ্রুত সম্ভব জলদস্যুদের মুক্তিপণের টাকা দিয়ে বন্দীদের ফিরিয়ে আনা দরকার।আটক সময়ের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা বর্ণনা করে তাঁরা বলেন, ‘জলদস্যুরা সব সময় একে-৪৭, রকেট লঞ্চারসহ বিভিন্ন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পাহারায় থাকত। কখনো ২০-৩০ জন আবার কখনো ৫০-৭০ জন পর্যন্ত পাহারায় ছিল। আমাদের কখনো জাহাজের বাইরে বেরোতে দেওয়া হতো না। তবে জাহাজের ভেতর আটকে রাখা হলেও খাওয়াদাওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি।’ দুই নাবিক বলেন, মুক্তিপণ পাওয়ার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত জলদস্যুরা ক্ষিপ্ত থাকে। জাহাজমালিক মুক্তিপণের আলোচনা বন্ধ রেখে অন্য ব্যবস্থা নিচ্ছে—এমন কিছু বুঝতে পারলে তারা যেকোনো অঘটন ঘটাতে পারে। ফলে মুক্তিপণের টাকা দিয়ে যত তাড়াতাড়ি সমঝোতা করা যায়, ততই মঙ্গল। জাফর ও গিয়াস বাংলাদেশি জাহাজে আটক নাবিকদের পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, জলদস্যুরা মুক্তিপণের টাকা পাওয়ার নিশ্চয়তা পেলে ঝামেলা করে না। আর যোগাযোগ নিয়মিত না হলেও তেমন দুশ্চিন্তার কিছু নেই। কারণ, জলদস্যুরা একই সময়ে আটক বিভিন্ন জাহাজের মালিকের সঙ্গে আলোচনা চালায়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা সমুদ্র সম্পদ অধিদপ্তরকে ঢেলে সাজানোসহ আরও কয়েকটি বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এর মধ্যে রয়েছে—বাংলাদেশি জাহাজের কর্মকর্তা-কর্মচারীদের ভিসাসংক্রান্ত জটিলতা দূর করা, বিদেশে বিশেষ করে, ইউরোপীয় ইউনিয়নে মেরিটাইম শিক্ষা সনদ গ্রহণযোগ্য করতে কার্যকর পদক্ষেপ নেওয়া ইত্যাদি।