চট্টগ্রামে মানববন্ধনে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছিলেন আরব সাগরের ভারত উপকূলে জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি জাহান মণির ইঞ্জিন ক্যাডেট শাহরিয়ার রাব্বির মা বিলকিস রহমান। নিজের সন্তানকে জলদস্যুদের হাত থেকে বাঁচানোর আবেদন-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে তিনি মানববন্ধনে অংশ নেন।গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনের সড়কে জাহান মণির নাবিকদের স্বজনেরা মানববন্ধনে অংশ নেন। বাংলাদেশ সচেতন নাবিক সমাজ এই কর্মসূচির আয়োজন করে।মানববন্ধন থেকে এমভি জাহান মণির নাবিকদের উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁদের পরিবারের সদস্যরা। মানববন্ধনে বিলকিস রহমান সাংবাদিকদের বলেন, চার-পাঁচ দিন পর জাহাজের খাবার শেষ হয়ে যাবে। এ সময়ের মধ্যে সরকার ও জাহাজের মালিককে তাঁদের উদ্ধারে ব্যবস্থা নিতে হবে। তা না হলে তাঁরা বাঁচতে পারবেন না।জাহাজের তৃতীয় কর্মকর্তা কামরুল হোসেনের স্ত্রী মিনা পারভীন চোখ মুছতে মুছতে বলেন, গত রোববার সন্ধ্যায় ফোন করে তাঁর স্বামী শুধু দোয়া করার জন্য বলেছেন। দেড় মিনিট পর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মায়ের সঙ্গে ছেলে মইন হাসানও বাবাকে উদ্ধারের আকুতি জানাতে মানববন্ধনে অংশ নেয়।৫ ডিসেম্বর আরব সাগরে ভারত উপকূলে জলদস্যুদের কবলে পড়ে জাহান মণি। জাহাজে ২৫ জন বাংলাদেশি নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রী রয়েছেন। জাহাজটি এখন সোমালিয়ার উপকূলে। গত রোববার জলদস্যুরা জিম্মি নাবিকদের পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ করে দেয়। এ সময় জিম্মি নাবিকেরা স্বজনদের জানান, জলদস্যুরা ৯০ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করেছে।এদিকে জিম্মি নাবিকদের উদ্ধারে জাহাজের মালিকপক্ষের সঙ্গে সরকারকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রিয়াসাত হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক ফয়সাল আজীম গতকাল এক বিবৃতিতে এ আহ্বান জানান।