আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ শুরু হয়েছে। এখন ওই সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। এ তদন্তে যাদের নাম আসবে, তারা যে-ই হোক না কেন, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কেরানীগঞ্জে আজ শুক্রবার গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল শেষে আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন। দিবসটি উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ তাদের দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে। পরে আইন প্রতিমন্ত্রী গণহত্যায় নিহতদের স্মরণে জিঞ্জিরার মনু বেপারির ঢাল এলাকায় নির্মিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় আইন প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ, কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রমুখ।প্রসঙ্গত, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে আজকের দিনে কেরানীগঞ্জে পাঁচ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছিল পাকিস্তানি সেনা এবং তাদের এ দেশীয় দোসরেরা।