নাম দেওয়ার সময় দুই দিন বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন (ইসি) গঠনে নাম দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো আরও দুই দিন সময় পাচ্ছে। আজ রোববার অনুসন্ধান কমিটির সভায় নাম দেওয়ার জন্য দুই দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়। আগের সিদ্ধান্ত অনুযায়ী নাম জমা দেওয়ার শেষ সময় ছিল আজ।আজ সন্ধ্যায় সুপ্রিম কোর্ট ভবনের সম্মেলন কক্ষে অনুসন্ধান কমিটির সভা অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এতে সভাপতিত্ব করেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম সভায় উপস্থিত ছিলেন।সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতাউল হাকিম জানান, ‘রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম নেওয়ার জন্য আরও দুদিনের সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।’অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্ব পালন করছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের জনসংযোগ কর্মকর্তা এবং তথ্য অধিদপ্তরের প্রধান ফিচার রাইটার জালাল উদ্দিন প্রথম আলো অনলাইনকে জানান, আজ সন্ধ্যায় অনুসন্ধান কমিটির বৈঠকে নাম দেওয়ার জন্য আরও দুই দিনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ইসি গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণে রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটি গঠন করেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২১ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করে অনুসন্ধান কমিটি গঠন করা হয়। ২৪ জানুয়ারি এ ব্যাপারে গেজেট প্রকাশ করা হয়। ২৫ জানুয়ারি কমিটি প্রথম সভা করে। ওই সভায় নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়ার সিদ্ধান্ত হয়। তবে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোই নাম দিতে পারবে। এ ক্ষেত্রে একটি রাজনৈতিক দল পাঁচটির বেশি নাম দিতে পারবে না।এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী মাসেই শেষ হচ্ছে।