২৯ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতানের ১২টি গান করবেন এক হাজার জন শিল্পী। সুরের ধারা আয়োজন করেছে সহস্র কণ্ঠে রবীন্দ্রনাথের গান নিয়ে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য রবীন্দ্রসংগীতের শিল্পীদের নাম নিবন্ধন করতে আহ্বান জানিয়েছেন সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি বলেন, ‘এই অনুষ্ঠানে আমরা ঢাকাসহ সারা দেশের শিল্পীদের অংশগ্রহণ চাইছি। রবীন্দ্রসংগীতের নিয়মিত চর্চা করছেন—এমন শিল্পীদের আগামী সোমবারের মধ্যে নাম নিবন্ধনের অনুরোধ করছি।’তিনি জানান, নাম নিবন্ধনের জন্য ঢাকায় ২/৭ লালমাটিয়া ব্লক-বি ঠিকানায় সুরের ধারার কার্যালয়ে অথবা ০১৫৫৭-৬১৬৯৯০ নম্বরে যোগাযোগ করতে হবে। গীতবিতানের সব গান নিয়ে তৈরি হচ্ছে ২২টি ডিভিডির অডিও অ্যালবাম শ্রুতি গীতবিতান। এর প্রকাশনা উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের উৎসব আয়োজন করেছে সুরের ধারা। সঙ্গে আছে প্রথম আলো ও চ্যানেল আই।