নাম লিখিয়েছেন অমরত্বের খাতায়
মৃত্যু ছুটেছে তাঁর জীবনের সমান্তরালে। বারবার ধরার চেষ্টা করেছে। কিন্তু তাঁর ছুটবার গতি এত বেশি ছিল যে ধরাশায়ী করা যাচ্ছিল না কিছুতেই। যখন ধরা গেল, ততক্ষণে তিনি নাম লিখিয়েছেন অমরত্বের খাতায়। মানুষ সাধারণত যে জীবন যাপন করে, আজ মঙ্গলবার সে জীবনে ইতি টেনেছেন নির্মল সেন। ফেলে গেছেন কাজ ও সংগ্রামের দীর্ঘ ইতিহাস। যখন জীবিত ছিলেন, তখনো মৃত্যুকে ভোলেননি নির্মল সেন। ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ শিরোনামে কলাম লিখে জীবন ও মৃত্যুর ইতিকথা বলে গেছেন অনেক দিন। আজীবন শ্রমিক শ্রেণীর পক্ষের রাজনীতি করেছেন। জেল-জুলুম, দারিদ্র্য আর ব্যাধি তাঁকে নুইয়ে দেওয়ার চেষ্টা করেছে বারবার। হয়তো টলেছেন, কিন্তু কখনো পড়ে যানটি। মৃত্যুবরণ করেছেন আদর্শের ঝাণ্ডা হাতে, স্বপ্ন বুকে করে।গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক নির্মল সেন জন্মগ্রহণ করেন ১৯৩০ সালের ৩ আগস্ট। বাবা সুরেন্দ্রনাথ সেনগুপ্ত ও মা লাবণ্যপ্রভা সেনগুপ্তের ঘরে নির্মল কুমার সেনগুপ্ত নামে জন্মেছিলেন তিনি। পাঁচ ভাই আর তিন বোনের সঙ্গে বেড়ে উঠেছেন জন্মস্থান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দীঘিরপাড় গ্রামে।৩ আগস্ট তাঁর প্রকৃত জন্ম তারিখ কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। শোনা যায়, ছেলেবেলায় তাঁর দুরন্তপনায় অতিষ্ঠ হয়ে সুরেন্দ্রনাথ তাঁর ঠিকুজি ছিঁড়ে ফেলেছিলেন। এরপর তাঁর প্রকৃত জন্মতারিখ অজ্ঞাত থেকে যায়। বাবা সুরেন্দ্রনাথ ছিলেন কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের গণিতের শিক্ষক। এর আগে তিনি ঢাকার ইস্ট বেঙ্গল ইনস্টিটিউশনে শিক্ষকতা করতেন। দেশভাগের পর নির্মল সেনের মা-বাবা তাঁকে ছাড়া বাকি সন্তানদের সঙ্গে নিয়ে কলকাতায় চলে যান। নির্মল সেন দেশের মায়া ছাড়তে পারেননি, একাকী থেকে যান বাংলাদেশে। থেকেছেন ঝালকাঠি জেলায় তাঁর পিসির বাড়িতে। পড়াশোনা ও রাজনীতিতে হাতেখড়িনির্মল সেনের শিক্ষাজীবন শুরু হয়েছিল গ্রামের বাড়ির পাঠশালায়। এরপর কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনে চতুর্থ শ্রেণীতে কিছুদিন লেখাপড়া করেন। টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি এমই স্কুলে পড়েছেন পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী। এরপর চলে যান বরিশাল জেলার বাখরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে তাঁর পিসির বাড়িতে। ভর্তি হন কলসকাঠি বিএম একাডেমিতে। ১৯৪২ সালে ভারতজুড়ে ব্রিটিশবিরোধী আন্দোলন জোরদার হলে তার ঢেউ এসে লাগে কলসকাঠিতেও। তখন তিনি অষ্টম বা নবম শ্রেণীর ছাত্র। জড়িয়ে পড়েন আন্দোলনে। ওই বিদ্যালয় থেকে মূলত তাঁর রাজনীতির হাতেখড়ি। যখন তিনি নবম শ্রেণীর ছাত্র, তখন মহাত্মা গান্ধীর নেতৃত্বে ‘ভারত ছাড় আন্দোলন’ শুরু হয়। মেধাবী ও সংবেদনশীল নির্মল সেন ‘ভারত ছাড় আন্দোলনে’ যোগ দেন। এ সময় তিনি ১৬ দিন স্কুলের গেটে শুয়ে থেকে ধর্মঘট পালন করেন। ১৯৪৪ সালে ১৪ বছর বয়সে কলসকাঠি বিএম একাডেমি থেকে প্রবেশিকা (এসএসসি) পাস করে উচ্চমাধ্যমিকে (আইএসসি) ভর্তি হন বরিশালের ব্রজ মোহন কলেজে।কলেজে পড়ার সময় যোগ দেন ব্রিটিশবিরোধী ও স্বাধীনতাকামী সংগঠন অনুশীলন সমিতিতে। সে সময় ভারতের স্বাধীনতা-আন্দোলনের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক কর্মতত্পরতাও তিনি চালিয়ে গেছেন। কমিউনিস্ট আন্দোলনে সক্রিয় কর্মী হিসেবে কাজ শুরু করেন। যোগ দেন রেভল্যুশনারি সোস্যালিস্ট পার্টিতে (আরএসপি)। উচ্চমাধ্যমিক শেষ করেন ১৯৪৬ সালে। ১৯৪৭ সালে দেশভাগ হলে তিনি থেকে যান নিজ দেশ, মানুষ ও প্রকৃতিকে ভালোবেসে। ১৯৪৮ সালে বিএসসি পড়ার সময় ছাত্র-আন্দোলন করতে গিয়ে রাজবন্দী হিসেবে গ্রেপ্তার হন। চার বছর জেলে থাকার পর ছাড়া পান ১৯৫৩ সালে। পরে ১৯৬১ সালে স্নাতক (বিএ) পাস করেন জেলখানায় বসে। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। রাজনৈতিক জীবননির্মল সেনের রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৪২ সালে ‘ভারত ছাড় আন্দোলনে’ যোগ দেওয়ার মাধ্যমে। ১৯৪৪ সাল থেকে রেভল্যুশনারি সোস্যালিস্ট পার্টির (আরএসপি) কর্মী হিসেবে সক্রিয়ভাবে কাজ শুরু করেন। ১৯৪৮-১৯৫৩ সাল পর্যন্ত বামপন্থী নেতা হিসেবে কারাবন্দী ছিলেন।জেল থেকে বেরিয়ে তত্কালীন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ আউয়ালের অনুরোধে ছাত্রলীগে যোগ দেন। তিনি এম এ আউয়ালের কাছে দাবি জানিয়েছিলেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিতে। এম এ আউয়াল দাবিটি মেনে নেন। ১৯৫৩ সালে নির্মল সেন বরিশাল জেলা পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। তখন তাঁর সঙ্গে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন গোলাম রব্বানি। পরে রব্বানি বিচারপতি হন। ১৯৫৪ সালে নির্মল সেন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নির্বাচিত হন। সে সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন আবদুল মোমিন তালুকদার এবং এম এ আউয়াল। ১৯৬০ সালে নির্মল সেন আবার আরএসপিতে ফিরে যান।রাজনৈতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার কারণে নির্মল সেন বারবার শাসকশ্রেণীর নির্যাতনের লক্ষ্যবস্তুতে পরিণত হন। আইয়ুব খানের দুঃশাসনের বিরুদ্ধে দেশ যখন ফুঁসে উঠেছিল, তখন নির্মল সেন সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন স্বৈরাচারবিরোধী আন্দোলনে।পাকিস্তান আমলে আরএসপিসহ অন্য বামপন্থী দলের রাজনৈতিক কর্মীরা ভীষণ রাষ্ট্রীয় নির্যাতনের মুখে পড়েছিলেন। তাঁরা প্রকাশ্যে কাজ করতে পারতেন না। এ সময় বহু কমিউনিস্ট-কর্মী কারাবন্দী হন। তাই কমিউনিস্ট আন্দোলনের কর্মীরা অন্য রাজনৈতিক দলে ঢুকে কাজ করতেন। নির্মল সেনও তা-ই করেছেন। অন্য দলের সঙ্গে মতাদর্শগত পার্থক্য থাকায় এক সময় তিনি নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেন। ১৯৬৯ সালে আদমজী জুটমিলে রুহুল আমিন কায়সার, খান সাইফুর রহমান, সিদ্দিকুর রহমানকে সঙ্গে নিয়ে সংযুক্ত শ্রমিক ফেডারেশন গঠন করেন। ১৯৮৪ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৯ সালে ব্রিটিশবিরোধী সন্ত্রাসবাদী আন্দোলনের নেতা অতীন্দ্রমোহন রায়, মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, নেপাল নাহা, রুহুল আমিন কায়সার, খান সাইফুর রহমান, সিদ্দিকুর রহমানকে সঙ্গে নিয়ে শ্রমিক কৃষক সমাজবাদী দল নামে একটি রাজনৈতিক দলও প্রতিষ্ঠা করেন নির্মল সেন। তিনি ১৯৮৮ সালে এই দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক ও সাংবাদিকতা জীবনে নির্মল সেন বিভিন্ন সময়ে প্রায় আট বছর জেল খেটেছেন। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অনশন করেছেন। ১৯৪৮ সালের আগস্ট মাসে নির্মল সেন প্রথম জেলে যান। জেলে থাকা অবস্থায় ১৯৪৯ সালে বন্দীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে নির্মল সেন ছয় দিন অনশন করেন। এরপর মে মাসে রাজবন্দীদের দুই ভাগে বিভক্ত করার প্রতিবাদে নির্মল সেন ২৪ দিন অনশন করেন। সে অনশন ভাঙিয়ে ছিলেন ফকির আবদুল মান্নান। কিন্তু দাবি আদায় না হলে তিনি একই বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে ৪০ দিন অনশন করেন। সে অনশন ভাঙিয়েছিলেন মনোরঞ্জন ধর ও ফকির আবদুল মান্নান। এর পরও কর্তৃপক্ষ দাবি না মানায় ১৯৫০ সালে নির্মল সেনসহ আরও অনেক রাজবন্দী ৫২ দিন অনশন করেন।ভাষা-আন্দোলন এবং এরপর বাংলাদেশের স্বাধীনতা-আন্দোলনে সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নির্মল সেন। নির্মল সেন রাজনৈতিক কারণে কারাবরণ করেছেন মোট ১৬ বার। এরশাদবিরোধী আন্দোলনে পাঁচ দলীয় জোটের নেতা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০৮ সালে নির্মল সেনের নেতৃত্বাধীন শ্রমিক কৃষক সমাজবাদী দল এবং মোশরেফা মিশুর নেতৃত্বাধীন বিপ্লবী ঐক্যফ্রন্ট একীভূত হয়। নতুন পার্টির নাম হয় গণতান্ত্রিক বিপ্লবী পার্টি। নবগঠিত এই রাজনৈতিক দলের সভাপতি নির্বাচিত হন নির্মল সেন। আমৃত্যু তিনি এ দায়িত্ব পালন করেন।সাংবাদিকতা ও লেখালেখিশৈশব থেকেই নির্মল সেন লেখালেখি শুরু করেন। অষ্টম শ্রেণীতে পড়ার সময় হাতে লেখা ‘কমরেড’ পত্রিকায় তিনি লিখতেন। তাঁর কাকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ধীরেন্দ্রনাথ সেনগুপ্তের সম্পাদনায় ‘ঝরনা’ নামের দেয়াল পত্রিকা প্রকাশিত হতো। সেখানেও তিনি নিয়মিত লিখতেন। পাকিস্তান আমলে তাঁর মতো রাজনীতিকদের বাইরে থাকা নিরাপদ ছিল না। ১৯৫৬ সালে জেল থেকে মুক্তি পেয়ে নিরাপদ আশ্রয়ের জন্য যুক্ত হন সাংবাদিকতায়। কাজ শুরু করেন ‘দৈনিক জেহাদ’-এ। ১৯৬১ সালে ‘ইত্তেফাক’ পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। এরপর ১৯৬৪ সালে ‘দৈনিক পাকিস্তান’, পরবর্তী সময় ‘দৈনিক বাংলা’য় সাংবাদিকতা শুরু করেন। প্রেস ট্রাস্টের এ পত্রিকাটি ১৯৯৭ সালে বন্ধ হওয়ার সময় নির্মল সেন ছিলেন এর সহকারী সম্পাদক। ১৯৭২-৭৩ সালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট সাংবাদিক ও বাম রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব নির্মল সেন। বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রতিষ্ঠাতা সভাপতিও তিনি। ১৯৭২-৭৮ সাল পর্যন্ত এ ইউনিয়নের সভাপতি ছিলেন নির্মল সেন। তিনি জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য। আশির দশকে প্রায় আট বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অতিথি শিক্ষক ছিলেন। অসুস্থ হওয়ার পরও মাঝে মাঝে বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লিখেছেন।১৯৯৭ সালে সরকার ‘দৈনিক বাংলা’ বন্ধ করে দেয়। কিন্তু সাংবাদিক-কর্মচারীদের পাওনা পরিশোধে গরিমসি শুরু করে। সাংবাদিক ও শ্রমিকেরা কাজ হারিয়ে অত্যন্ত দারিদ্র্য ও কষ্টে দিনাতিপাত করতে থাকেন। এ সময় সরে থাকেননি নির্মল সেন। ‘দৈনিক বাংলা’সহ বন্ধঘোষিত চারটি পত্রিকার সাংবাদিক-কর্মচারীদের পাওনা আদায়ে জাতীয় প্রেসক্লাবে আমরণ অনশনে বসেছিলেন তিনি। দাবি আদায় করে আন্দোলন সফল করেছেন। দীর্ঘদিন ‘অনিকেত’ ছদ্মনামে কলাম লিখেছেন পত্রিকায়। সে সময় অত্যন্ত জনপ্রিয় ছিল কলামগুলো। তাঁর রচিত বইগুলোর মধ্যে ‘আমার জবানবন্দি’, ‘মা জন্মভূমি’, ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’, ‘বার্লিন থেকে মস্কো’, ‘লেনিন থেকে গর্বাচেভ’, ‘মানুষ সমাজ রাষ্ট্র’ এবং ‘আমার জীবনে ’৭১-এর যুদ্ধ’ উল্লেখযোগ্য।অসুস্থতানির্মল সেন ২০০৩ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হন। এরপর তিনি দেশে-বিদেশে চিকিত্সা নেন। প্রথমে তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করানো হয়। ৫৯ দিন চিকিত্সা শেষে অর্থাভাবে দেশে ফিরে আসেন। ২০০৪ সালে ভারতের টিআরএ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। ৯ মাসের চিকিত্সা শেষে তিনি নিজ গ্রামে ফিরে আসেন। ২০১২ সালে ২২ ডিসেম্বরে গোপালগঞ্জে গ্রামের বাড়িতে ভীষণ অসুস্থ হয়ে পড়েন নির্মল সেন। ২২ ডিসেম্বর রাতে তাঁকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। ২৪ তারিখ তাঁকে ওই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) এক নম্বর কেবিনে নেওয়া হয়। সেখানে কৃত্রিম ব্যবস্থায় তাঁকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা নেওয়া হয়।ঢাকায় রওনা হওয়ার আগে গ্রামের বাড়িতে নির্মল সেন পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিদের কাছে জীবনের শেষ ইচ্ছার কথা জানান। নির্মল সেনের ভাতিজা কংকন সেন জানিয়েছিলেন তাঁর কাকার শেষ চার ইচ্ছার কথা। নির্মল সেনের প্রথম ইচ্ছা ছিল, বাড়ির জায়গায় নারীদের জন্য একটি কলেজ নির্মাণ করা। মৃত্যুর পর যেকোনো মেডিকেল কলেজে দেহদান করা ছিল তাঁর দ্বিতীয় ইচ্ছা। তৃতীয় ইচ্ছা ছিল, সাংবাদিকতা পেশায় অবদানের জন্য মৃত্যুর পর তাঁকে কোনো রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হলে তা ফিরিয়ে দেওয়া। তাঁর শেষ ইচ্ছা ছিল, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী তাঁর মৃত্যুর সময় নির্মল সেনকে যে কথাগুলো বলে গিয়েছিলেন, তা বাম রাজনৈতিক নেতাদের নিয়ে সংবাদ সম্মেলনের মধ্যে প্রকাশ করা। কংকন সেন আরও বলেন, এই চার ইচ্ছা তিনি লিখে রেখে গেছেন।[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন: সুব্রত সাহা]