রাজধানীর নামকরা হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয়। এগুলোর কয়েকটির সঙ্গে কিডনি কেনাবেচার সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা আছে। জয়পুরহাটসহ বেশ কয়েকটি জেলার মানুষকে ঢাকায় এনে তাদের কিডনি কেনা হয়। গ্রেপ্তারের পর চক্রের প্রধান তারেক আজিম ওরফে বাবুল চৌধুরী (৪৭) এ কথা স্বীকার করেন।তারেককে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফকিরাপুল থেকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার দুপুরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মনিরুজ্জামান বলেন, কিডনি কেনাবেচার জন্য তিনটি দল সক্রিয় রয়েছে। প্রতিটি দলে ছয় থেকে আটজন সদস্য রয়েছে। তিনি বলেন, দরিদ্র লোকজন কিডনি বিক্রি করে। কিন্তু দালালেরা টাকা মেরে দেয়। কিডনি বিক্রির সঙ্গে জড়িত থাকতে পারে, এমন অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ দুটি হাসপাতালে গিয়েছে। সেখানে কাউকে পাওয়া যায়নি। গোয়েন্দা কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত এ চক্রের ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।গ্রেপ্তার হওয়া তারেক জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন একটি কলেজ থেকে তিনি এমএ পাস করেন। এরপর ঢাকায় এসে তৈরি পোশাক কারখানার বিভিন্ন সামগ্রী কেনাবেচার ব্যবসা শুরু করেন। ২০০৬ সালে এক আত্মীয়ের জন্য কিডনি চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেন। এতে দেখেন, অনেক লোক কিডনি বিক্রি করতে সাড়া দিচ্ছে। এসব দেখেই তিনি কিডনির ব্যবসা করতে নেমে পড়েন।কারা এসব কেনাবেচার সঙ্গে জড়িত জানতে চাইলে তারেক বলেন, রোগীরা নিজেদের প্রয়োজনে লোক জোগাড় করেন। জয়পুরহাটের কালাই উপজেলার দুটি গ্রামের লোক কিডনি বেচাকেনা করে। কারও কিডনির দরকার হলেই তাঁরা ওই সব লোকের সঙ্গে যোগাযোগ করেন। তাদের মাধ্যমে কিডনি সংগ্রহ করা হয়। জয়পুরহাট ছাড়াও মাদারীপুর, সাতক্ষীরা, ফরিদপুরের লোকজন কিডনি কেনাবেচা করে।তারেক আজিম বলেন, রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড, বারডেম ও কিডনি ফাউন্ডেশনে কিডনি প্রতিস্থাপন করা হয়। তিনি এসব হাসপাতালের নাম বললেও হাসপাতালের কোনো চিকি ৎ সক এর সঙ্গে জড়িত আছেন কি না, তা বলতে পারেননি। কিডনি বেচাকেনা চক্রের হোতা আরও জানান, বিদেশে কিডনি বিক্রির ক্ষেত্রে পান্থপথের এক ব্যবসায়ী তাঁদের সহযোগিতা করেন।সাংবাদিকদের সামনে তারেক বলেন, কিডনি বেচাকেনা যে বেআইনি, তিনি তা জানতেন না। প্রতিটি কিডনি বিক্রিতে দালালদের ২৫ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। আর কিডনিদাতাকে দেওয়া হয় এক লাখ ৭০ হাজার থেকে চার লাখ টাকা।সাত্তার নামের এক দালালের নাম উল্লেখ করে তারেক বলেন, ওই দালাল তাঁর স্ত্রী ও চাচাতো ভাইয়ের কিডনিও বিক্রি করে দিয়েছেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।সংবাদ সম্মেলনে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, কিডনি কেনাবেচার সঙ্গে জড়িত ৩৮ জনের সন্ধান পেয়েছে পুলিশ। তাঁদের বেশির ভাগই রাজধানীর বাসিন্দা। তিনি বলেন, কিডনির মূল ক্রেতারা রাজধানীর বাসিন্দা। এ কারণে দালালদের চোখ রাজধানীর দিকে। তবে কয়েকজন ধনী ব্যক্তি কিডনিদাতাকে বিদেশে নিয়ে কিডনি নিয়েছেন, এমন প্রমাণও পুলিশের হাতে আছে। একজন কিডনি বিক্রেতার কাছ থেকে কিডনির নাম করে যকৃ ৎ নেওয়া হয়েছে, এমন ঘটনাও রয়েছে।তারেককে জয়পুরহাটে নেওয়া হচ্ছে: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হওয়া তারেককে আজ জয়পুরহাটের কালাই থানায় নেওয়া হচ্ছে। কালাই থানার ওসি মো. ফজলুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল ঢাকায় অবস্থান করে।ডিবির উত্তর জোনের সহকারী কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম শুক্রবার সকালে প্রথম আলোকে জানান, কিডনি কেনাবেচা চক্রের অন্য সদস্য ও তারেকের সহযোগীদের ধরতে তাঁকে সঙ্গে নিয়ে রাতে রাজধানীর কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। তবে গা ঢাকা দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।ওসি বলেন, তারেককে কালাই থানায় আনার পর প্রতারিত কিডনি বিক্রেতাদের মুখোমুখি করা হবে। এরপর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম দফায় ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।এর আগে ডিবি পুলিশের অন্য একটি দল তারেকের সহযোগী সাইফুল ইসলামকে বাগেরহাটের মোল্লারহাট থেকে গ্রেপ্তার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে সাইফুল স্বীকার করেন, দেশ-বিদেশে কিডনি বিক্রি ও পাচারকারী চক্রের প্রধান হলেন তারেক। সাইফুল এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।