নামসর্বস্ব
১০ বছর পর যেদিন নিজের নাম ছাপার আকারে দেখলেন, জায়েদ হকের একটা শিরশির অনুভূতি হলো। প্রেমে পড়ার সময় তাঁর এ রকম অনুভূতি হয়েছিল। দেশের বাইরে থাকেন বলে দেশের পত্রিকা পড়তে হয় ইন্টারনেটে। একটা পত্রিকার সাহিত্য সাময়িকীতে নিজের নামে ছাপানো গল্পটা দেখে তিনি একমনে অনেকক্ষণ চেয়ে থাকেন। হঠাৎ তাঁর মনে হয়, দেশে তাঁর বসতবাড়ি ভাইয়েরা দখল করেছে, মা-বাবা নেই, আত্মীয়স্বজনের বেশির ভাগই অচেনা হয়ে গেছে, ছিল কেবল তাঁর নামটা। এবার সেটাও গেল। তাঁর নাম ব্যবহার করে আরেকজন লেখা ছাপাচ্ছে। এর মানে, ‘জায়েদ হক’ নামের যে একজন লেখক ছিলেন, কারোরই তা আর মনে নেই। দেশে ‘স্মৃতি’ হিসেবেও জায়েদ হক আর নেই।১০ বছর আগে জায়েদ হক যখন দেশ ছাড়েন, তখন তিনি নিয়মিত লিখতেন। ছোট পত্রিকায়, জাতীয় দৈনিকের সাহিত্য পাতায় গল্প পাঠাতেন। সেগুলোর বেশ কিছু ছাপানোও হয়েছিল। বই অবশ্য তাঁর করা হয়ে ওঠেনি। বই করলে কি তাঁর নামটা টিকে যেত?বিদেশে চলে আসার পর জায়েদ হক আর লেখেননি। দেশের লেখকদের সঙ্গেও আর যোগাযোগ রাখেননি। মাঝেমধ্যে ইন্টারনেটে তাঁদের লেখা পড়েন। যোগাযোগ বলতে এ-ই। তাই জায়েদ হক নামের যে আরেকজন লেখক দেশে গজিয়ে উঠেছেন, জায়েদ হকের তা জানা হয়ে ওঠেনি।দেশে রেখে আসা নামটা হারানোর পর জায়েদ হকের মনে হয়, তিনি তাঁর দেশও কি হারিয়ে ফেললেন না? দেশ ভাবলে দেশে বসে লেখাগুলোকেও তিনি ভাবেন। তাঁর নাম বেদখল হয়ে যাওয়া মানে তো তাঁর লেখাও আর তাঁর না। তাঁর মানে তাঁর দেশও আর তাঁর না।এই ভারী অনুভূতি নিয়ে জায়েদ হক নিজের নামে ছাপা হওয়া গল্পটা পড়তে শুরু করেন। গল্পের এক অনুচ্ছেদ পড়ার পরই তিনি আগ্রহী হন এবং গল্পের পুরোটা না পড়ে তিনি থামতে পারেন না। তাঁর মনে আরেকটা ভয় তৈরি হচ্ছিল, যদিও তিনি জানেন, ভয়টা অমূলক। সেটা হলো দেশে যদি এমন এক-দুজন পাঠকও অবশিষ্ট থাকে, যারা তাঁকে লেখক হিসেবে মনে রেখেছে, আর এই গল্পটা যদি বাজে একটা গল্প হয়, সেই পাঠকদের কাছে বদনাম তো তাঁরই হবে! গল্পটা পড়তে গিয়ে তাঁর এই শঙ্কাটা কাটে। বাক্যের পর বাক্য তাঁকে টেনে নিয়ে যায় এবং গল্পের শেষ বাক্যে এসে তিনি এই সিদ্ধান্তে পৌঁছান যে এ খুব উঁচু দরের লেখা। এই নতুন জায়েদ হকের প্রতি লেখকদের স্বভাবজাত ঈর্ষা অনুভব করেন তিনি। বহুদিন পর তাঁর মনে হয়, আবার যদি লিখতে বসা যেত।কিন্তু লিখতে তাঁর বসা হয় না। যে জীবনে স্বেচ্ছায় নিজেকে বন্দী করে ফেলেছেন জায়েদ হক, সেই জীবনে চাইলেও লিখতে বসা সম্ভব না। নিজের লেখকত্বও তিনি খুইয়ে বসেছেন বহুদিনের অযত্নে, অব্যবহারে।তবে নতুন জায়েদ হকের জীবনে সম্ভবত লেখালেখি ছাড়া আর কিছু নেই। তাঁর লেখা দুই মাসে ছাপা হতেই থাকে। জায়েদ হক সেসব খুঁজে খুঁজে পড়েন। সব লেখা যে তাঁর ভালো লাগে, তা নয়। কিন্তু নতুন জায়েদ হকের স্টাইল তাঁকে বশ করে। তিনি স্বীকার করতে বাধ্য হন, এই লেখকের লেখার তিনি প্রেমে পড়েছেন। এবং তাঁর মনে হয়, প্রেমের এই অনুভূতি তাঁর নতুন না। সব লেখকই নিজের নামের প্রেমে পড়েন। নিজের নামের প্রেমে না পড়লে কে লেখা ছাপায়? পার্থক্য কেবল, নিজের ছাপানো নামের প্রতি মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকার জন্য জায়েদ হককে আর আয়েস করে গল্প-কবিতা প্রসব করতে হয় না। তাঁর হয়ে আরেকজন একাগ্রতা নিয়ে মাসের পর মাস কাজটা করে চলছেন।এরপর নতুন জায়েদ হক একটা বই লিখে ফেলেন। একুশে বইমেলায় বই ছাপা হয়। বইয়ের রিভিউ আসে পত্রিকায়। পুরোনো জায়েদ হক সেই রিভিউও পড়েন। ছাপা হওয়া বইটা পড়ার লোভ তাঁকে সামলাতে হয়। এই বই দেশে কোনো শোরগোল তোলে কি না, জায়েদ হকের তা জানা হয় না। তবে মাস তিনেক পর তিনি ইন্টারনেটে দেখেন যে একটা দৈনিকের সেরা বইয়ের তালিকায় জায়েদ হকের বইটা আছে। চিরকুমার জায়েদ হক পানীয়ে বরফ মেশাতে মেশাতে খবরটা উদ্যাপন করেন।রাতে এক কাপ কফি বানিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে বসেন তিনি। বর্ষসেরা বইয়ের সংবাদটা আরেকবার তিনি পড়তে বসেন। এই ফাঁকে তাঁর ই-মেইল অ্যাড্রেসে একটা ই-মেইল আসে। এই ই-মেইলটা জায়েদ হকের সবকিছু তেতো বানিয়ে দেয়।জায়েদ হকের কাছে ই-মেইল আসে লীনা নাজনিনের। লীনা যে বেঁচে আছেন, জায়েদ হক সেটাও জানতেন না। লীনার সঙ্গে শেষ যেদিন দেখা হয়েছিল সেদিন, তাঁর পরনে ছিল একটা লাল চাদর। লীনা ভাবলে তাই তিনি লাল রং ভাবেন। রং ছাড়া আর কিছু তাঁর মনে পড়ে না। জায়েদ হক চেষ্টা করে দেখেন, কিন্তু লীনার মুখ তাঁর মনে আসে না।লীনা ছিলেন জায়েদ হকের বন্ধু। লীনার আগ্রহ লেখালেখি নিয়ে ছিল না। জায়েদ হক লীনাকে প্রচুর চিঠি লিখতেন। তাঁর একটা জেদ ছিল, লীনাকে তাঁর লেখা পছন্দ করিয়ে ছাড়বেন। লীনা ভালোবাসতেন গ্রাফিটি আঁকতে। রাতে বন্ধ দোকানের শাটারে, ট্রাকের বাম্পারে সেপ্র পেইন্ট দিয়ে গ্রাফিটি আঁকতেন লীনা। এসব কাজ করতে তাঁর বডিগার্ডের দরকার পড়ত। জায়েদ হক ছিলেন সেই বডিগার্ড। লীনারও সম্ভবত একটা জেদ ছিল, জায়েদ হককে তাঁর আঁকাআঁকি পছন্দ করিয়ে ছাড়বেন। তাঁদের এই শিল্পদ্বন্দ্বের নিষ্পত্তি হওয়ার আগেই লীনা একদিন জায়েদ হককে জানিয়ে দিলেন, ‘তোমার সঙ্গে আমার আর কোনো রিলেশন নেই।’ ‘কেন?’ ‘তোমাকে আমার আর ভালো লাগে না।’ কেবল এই এক লাইন। তারপর লাল চাদর গায়ে মুড়ে লীনা রিকশা ঘুরিয়ে চলে গেলেন। জায়েদ হকের তাই লাল চাদরটাই মনে থেকে গেল, লীনার মুখ আর তাঁর মনে থাকল না। লীনার রিকশা কিছু দূর যাওয়ার পর তিনি টের পেলেন, তিনি লীনার প্রেমে পড়েছেন।লীনার খবর গত ১০ বছরে জায়েদ হক আর করেননি। যোগাযোগ করতে তাঁর ভয় লাগত। তিনি কেবল এই তথ্যটা পেয়েছিলেন, লীনা ইউরোপের কোনো দেশে আছেন। কোন দেশে আছেন, কী করছেন—সেসবের খোঁজ তিনি নেননি। তো ১০ বছর পর লীনা নাজনিন তাঁকে ই-মেইল করেছেন। ই-মেইলের ভাষায় আপত্তিকর কিছু নেই। কিন্তু জায়েদ হকের মেজাজ খারাপ হয়ে গেছে। রাগে তাঁর মাথার তালু জ্বালা করছে। লীনা লিখেছেন, ‘বর্ষসেরা লেখকের তালিকায় নাম ওঠায় অভিনন্দন।’ এই মেইল পড়ার পর থেকে জায়েদ হকের মনে হতে থাকে, এত অক্ষমতার অনুভূতি তাঁর জীবনে কখনো হয়নি। এর চেয়ে বড় অপমান আর হয় না। আরেকজনের এমন কদর্য অনুগ্রহে লীনার সঙ্গে তাঁর আবার যোগাযোগ হবে, এ ঘটনা তাঁর জন্য দুঃস্বপ্ন। তখনই জায়েদ হক একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন।পরিবারের সদস্যের অসুস্থতার কারণ দেখিয়ে বসের কাছ থেকে জরুরি ছুটি নেন তিনি। প্লেনের টিকিট বুকিং করে তিন দিনের মাথায় দেশে ফিরে আসেন। অতঃপর জায়েদ হক আইনজীবী মারফত নতুন জায়েদ হকের প্রকাশকের বিরুদ্ধে উকিল নোটিশ জারি করেন। একজন প্রকাশিত লেখকের নাম ব্যবহার করে বই ছাপিয়ে এবং সেই বই দিয়ে বাণিজ্য করে প্রকাশনা সংস্থাটি যে অপরাধ করেছে, প্রকাশক ও সংশ্লিষ্ট ‘জাল’ লেখককে তার যথাযথ কারণ দর্শাতে বলা হয়। অন্যথায়, তাঁদের বিরুদ্ধে ‘কপিরাইট আইন-২০০০’-এ মামলা করা ছাড়া জায়েদ হকের কোনো গত্যন্তর নেই। জায়েদ হকের দাপুটে আইনজীবীর ভয়েই সম্ভবত, প্রকাশক তাঁর নতুন লেখককে নিয়ে তৈরি হওয়া ঝামেলায় জড়াতে চান না। তিনি সমঝোতার প্রস্তাব পাঠান। জায়েদ হক সমঝোতার জন্য এক উদ্ভট শর্ত দেন। ‘নতুন জায়েদ হকের সব লেখা এবং ছাপা হওয়া বই তাঁর নিজের বলে বিবেচিত হবে।’ আশ্চর্যের বিষয়, প্রকাশক এই প্রস্তাবে রাজি হয়ে যান! শুধু প্রকাশকই নন, জায়েদ হক অবাক হয়ে আবিষ্কার করেন, সেই মেরুদণ্ডহীন লেখকও এই অপমানজনক প্রস্তাব নিয়ে কোনো সাড়াশব্দ করেন না। জায়েদ হক দীর্ঘ আইনি জটিলতার প্রস্তুতি নিয়ে এসেছিলেন। কিন্তু সবকিছু এমন অপ্রত্যাশিতভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যায় যে জায়েদ হকের প্রতিশোধের পিপাসা মেটে না। তিনি অতৃপ্তি নিয়ে ঢাকার রাস্তায় রিকশায় করে জ্যামে বসে থাকেন। তাঁর পাশে এসে দাঁড়ায় ট্রাক। তাঁর মনে পড়ে, একটা ট্রাকের পিঠে ছবি আঁকা হলে লীনা দিনের পর দিন ঢাকার রাস্তায় সেই ট্রাক খুঁজতে থাকতেন। মোট সাতটা ট্রাক তাঁর আঁকা ছবি নিয়ে ফিরে এসেছিল। জায়েদ হক শক্ত করে রিকশার হুড চেপে রাখেন।হুট করে যেমন এসেছিলেন, তেমনি হুট করেই দেশ ছাড়ার বন্দোবস্ত করেন তিনি। ফেরার দুই দিন আগে তাঁর মনে হয়, এই নতুন জায়েদ হককে তাঁর মাফ করে দেওয়া উচিত। এসবের কোনো মানে হয় না। তিনি নতুন জায়েদ হকের প্রকাশকের কাছে এই প্রস্তাব পাঠাবেন বলে ঠিক করেন। পরে হঠাৎ সিদ্ধান্ত নেন, লোকটার সঙ্গে দেখা করেই জানানো যায়। যদি ব্যাটার মুখোমুখি হওয়ার সাহস থাকে আর কি। আইনজীবী মারফত জায়েদ হক এই প্রস্তাব পাঠান নতুন লেখককে। নতুন লেখক দেখা করতে রাজি হয়ে যান।ধানমন্ডি লেকের কাছে একটা রেস্টুরেন্টে জায়েদ হক নতুন জায়েদ হকের সঙ্গে দেখা করতে যান। লোকটাকে কী বলবেন, তা আরেকবার ভেবে তিনি ভেতরে ঢোকেন। কিন্তু যে টেবিলে নতুন জায়েদ হকের থাকার কথা, সেখানে একজন নারী বসে আছেন। জায়েদ হক টেবিলটার কাছাকাছি গিয়ে একটা ধাক্কা খান। এই সেই নারী যার মুখ তিনি মনে করতে পারেন না। তাঁর চোখে লেগে থাকা লাল কুয়াশা সরে যেতে থাকে। কী বলবেন, কী করবেন—কিছু বুঝে উঠতে পারেন না তিনি।‘তাই বলে তুমি আমার নাম ছিনতাই করবা?’ জায়েদ হক কেবল বলতে পারেন।‘তোমাকে ফেরানোর আর কোনো উপায় ছিল আমার, তুমি সাজা ছাড়া?’ লীনা জবাব দেন।