নামার অনুপযোগী বিনা স্মৃতি স্নানঘাট
আহছান মঞ্জিল আর বুলবুল ললিতকলা একাডেমীর সংযোগস্থল থেকে একটি রাস্তা চলে গেছে বুড়িগঙ্গার তীরে ওয়াইজঘাটের দিকে। সেখানে দেখা মিলল নিত্য রঞ্জনের সঙ্গে। শাঁখারীবাজারের বাসিন্দা তিনি। মায়ের শ্রাদ্ধ করতে এসেছেন বুড়িগঙ্গার তীরে। জুতসই কোনো জায়গা না পেয়ে শেষতক বিনা স্মৃতি স্নানঘাটে বসেছেন পুরোহিতসহ। শ্রাদ্ধ শেষে তিনি বলেন, ‘আমাদের কুলে মৃতের শ্রাদ্ধে নদীর পানির বিশেষ কদর। অথচ দেখুন, বাড়ির কাছে বুড়িগঙ্গা থাকতেও আমরা এখানে আসতে শঙ্কিত হই। বসার কোনো জায়গা নেই। ময়লা-আবর্জনায় পূর্ণ এই ঘাটটি।’বুড়িগঙ্গার এই ঘাটটি এলাকায় পরিচিত ডাবঘাট নামে। এই ঘাট দিয়েই ঢাকা শহরে ডাব আসে বলে এমন নাম। বুড়িগঙ্গা নদীর ওয়াইজঘাটের ডাবঘাট অংশে ২০০৬ সালে নির্মাণ করা হয় বিনা স্মৃতি স্নানঘাট। সে সময় নির্মাণ ব্যয় হয় ১৮ লাখ টাকা। তার পর থেকে ঘাটটি বিনা স্নানঘাট নামেই পরিচিত। অথচ ঘাটে নৌকার মাঝিরা ঘাটটিকে ওই নামে ডাকতে নারাজ। তাদের মুখে আগের নামটিই টিকে আছে। মাঝি বাতেন মিয়া বলেন, ‘ঘাটলার নাম বদলাইব ক্যান? সরকার বাহাদুর নাম বদলায়া সন্ত্রাসীর নামে নাম দিল ক্যান? এরথন ডাব ঘাটলা নামই ভালা।’ এ ব্যাপারে ওয়াইজঘাটের আড়তমালিক সুলতান সফিউদ্দিন জানান, ঘাটটি নামকরণের সময় দলীয়করণ করা হয়েছে। এ নামকরণের বিরুদ্ধে এলাকাবাসী সে সময় সোচ্চার ছিল।এলাকা ঘুরে দেখা গেছে, কংক্রিটের ছাদ, নদীর দিকে প্রশস্ত সিঁড়িসহ ঘাটে আছে দুটি ছোট্ট ঘর। চারপাশ ঘেরা আছে লোহার বেষ্টনীতে। বাইরে থেকে বোঝার উপায় নেই যে এখানে একটি ঘাট রয়েছে। লোহার বেষ্টনীর পুরোটাই ফলবাহী ট্রাক আর কনটেইনারে ঢাকা পড়ে গেছে। বেষ্টনী পেরিয়ে ভেতরে যেতেই চোখে পড়ে ডিসিসির ময়লার ট্রলি ভ্যান। ভবঘুরে আর মাদকসেবীদের আড্ডা সেখানে। দুই পাশে ছোট্ট দুটি ঘরের একটি ব্যবহার করে ডিসিসির সুইপাররা। আর অন্যটি পথশিশু শিক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহূত হচ্ছে। ঘাটের সিঁড়িতে চোখে পড়ে কাঁচা হাতের লেখা ‘এখানে প্রসাপ করবেন না।’ লেখার মমার্থ বোঝা যায় সিঁড়িতে নেমে। সিঁড়ির যত্রতত্র মনুষ্যবর্জ্য। আর চারপাশে মূত্রের ঝাঁজালো গন্ধ। সিঁড়ি বেয়ে নিচে নামতে গলদঘর্ম হতে হবে। সেখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে ডাবের অজস্র খোসা আর কলার কাঁদি। সবটাই পচে শুকিয়ে গেছে। আশপাশের ফলের আড়তের পচা নষ্ট ফল আর আর্বজনা ফেলা হয় এখানে।এলাকার বাসিন্দা মজিবুর রহমান বলেন, ‘২০০৬ সালে ঘাটটি উদ্বোধনের পর দুজন ওয়ার্ড কাউন্সিলর এই ঘাটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান। কিন্তু কথায় আছে না, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। তেমনি এখানে ঘটেছে অতি কাউন্সিলরে ঘাট নষ্ট।’শাঁখারীবাজার-তাঁতীবাজারের একাধিক ব্যবসায়ী বেহাল ঘাটটির ব্যাপারে ৭২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে জানিয়েছেন। তাঁদেরই একজন সুদীপ্ত বসাক বলেন, ‘বিনা স্মৃতি স্নানঘাট বানানোর সময় আমরা যে আশা করেছিলাম, তাতে গুড়ে বালি। এক বছর ঘুরে আসতে না-আসতেই নদীর ঘাট অপরিষ্কার আর ভবঘুরেদের আড্ডাখানা হয়ে গেছে। আর তিন বছর ধরে ময়লা জমতে জমতে এটা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।’বিনা স্মৃতি স্নানঘাটের ফলকের তত্ত্বাবধানে ৭২ ও ৭৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের নাম উল্লিখিত রয়েছে। এ প্রসঙ্গে ৭২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারিকা সরকার বিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। ৭৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম এ সামাদ জানান, ‘বিনা স্নানঘাটের জন্য দুজন সার্বক্ষণিক লোক নিয়োগের প্রক্রিয়া চলছে। মাসখানেকের মধ্যে স্নানঘাটটির চেহারা পাল্টে যাবে।’