নামিয়ে দেওয়া হয়েছে আমলাকে!
‘আমরা চোকার না’, ‘আমরা চোকার না’—টুর্নামেন্ট শুরুর আগে এটা জনে জনে বলে বেড়িয়েছেন স্মিথ, ক্যালিস, ডি ভিলিয়ার্স, বোথারা। কিন্তু দক্ষিণ আফ্রিকানদের এই দাবি মুখ থুবড়ে পড়ে তৃতীয় ম্যাচেই। মাত্র ১৭১ রানে আটকে দিয়েও ইংল্যান্ডকে ৬ রানের জয় উপহার দিল চোকার দক্ষিণ আফ্রিকা।লক্ষ্য ছিল ১৭২, ৩ উইকেটে ১২৪ করার পরও দক্ষিণ আফ্রিকা অলআউট ১৬৫ রানে—স্মিথরা বললেই হলো, তারা ‘চোকার’ না!চেন্নাইয়ের ওই হারে কোয়ার্টার ফাইনালের রাস্তাটা একটু পিচ্ছিল হয়ে গেছে। আজ আবার চোকার দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখা ভারত (গতকাল হয়তো ভারতের শেষ আট নিশ্চিতও হয়ে গেছে)।জেতা ম্যাচ হেরে বসার চাপ, কোয়ার্টার ফাইনালের আশায় ‘জিততেই হবে’ চাপ—সব মিলিয়ে আজ ভারতের বিপক্ষে চাপ অবশ্যই স্মিথদের সঙ্গী। ঘাড়ের ওপর এমন চাপের ভারী বোঝা চেপে থাকলে কি আর জয় সম্ভব! প্রোটিয়া শিবির তাই ধরেছে অন্য কৌশল। নিজেদের কাঁধ হালকা করে ‘চাপের’ বোঝাটা তারা তুলে দিতে চাইছে ভারতের কাঁধে।আর এই চালে তারা ঘুঁটি হিসেবে ব্যবহার করছে একজন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারকে! শান্তশিষ্ট শ্মশ্রুমণ্ডিত হাশিম আমলা বলছেন, তাঁরা নয়, চাপে থাকবে ভারতীয়রাই! তাঁর যুক্তি, ভারতীয় দলের একেকজন মহা তারকা। তা ছাড়া তাঁরা খেলবেন নিজেদের মাটিতে। তাই তাঁদের কাছে দেশবাসীর প্রত্যাশা থাকবে অনেক বেশি, ‘চাপটা বেশি থাকবে ভারতের ওপর, যেহেতু থাকবে বিপুল প্রত্যাশা। আমরা আগেও বিশাল দর্শকের সামনে খেলেছি। দর্শকের উল্লাস, চিৎকারের বিষয়টিকে যদি ধরি, তাহলে এটি বড় সমস্যা হবে না। এটি বড় এক উপলক্ষ, আমাদের ক্রিকেটাররা বিশাল দর্শকের সামনে খেলাটা উপভোগই করবে।’বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা এসেছে নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে। আমলা মনে করিয়ে দিয়েছেন সেটাও, ‘আমরা তাদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকায় খেলেছি এবং ওয়ানডে সিরিজ ৩-২-এ জিতেছি। যদিও কন্ডিশন ছিল ভিন্ন এবং ওই সিরিজ এখন অতীত। আমরা জানি, আমাদের প্রত্যাশা কী। এই উইকেট আমাদের ব্যাটসম্যান-বোলারদের জন্য হবে চ্যালেঞ্জ।’উইকেট নিষ্প্রাণ হলেও আমলা মনে করেন, রাতের বেলা ব্যাটিং করাটা সহজ হবে না। স্পিনাররা টার্ন পাবেন। ভারতের মাটিতে বরাবরই সফল আমলা এসব জানবেন না তো কে জানবে! ওয়েবসাইট।