নামে মুক্তিযোদ্ধারাই হানাদারদের পুনর্বাসিত করেছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নামে মুক্তিযোদ্ধা হলেও কেউ কেউ ’৭৫ পরবর্তী সময়ে স্বাধীনতাবিরোধী ও হানাদার বাহিনীর লোকদের রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেছেন। আজ রোববার দুপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের আম্রকাননে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতা দখল করে মার্শাল ল জারি করে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী নামে মুক্তিযোদ্ধা হলেও আসলে রাজাকারেরই কাজ করেছিলেন। তিনি যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী কাজে যারা লিপ্ত, তাদের রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছেন। এভাবে ’৭৫-এর পরে পবিত্র সংবিধানকে ক্ষতবিক্ষত করা হয়েছে। যে নীতি ও লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেই আদর্শ ও নীতি পদদলিত করা হয়। মানুষ আবার অন্ধকারে নিমজ্জিত হয়।’ হাসিনা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সবাইকে উত্পাদনমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। নারীনীতি নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সচেতন হওয়ার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধের বিচার করা বর্তমান সরকারের এক নম্বর এজেন্ডা। কিন্তু বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও মানসম্পন্ন করতেই কিছুটা বিলম্ব হচ্ছে। আজ রোববার সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সৈয়দ আশরাফ সাংবাদিকদের এ কথা বলেন।নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে মুজিবনগর দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকাল সাতটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এরপর সকাল সাড়ে সাতটার দিকে বনানী কবরস্থানে জাতীয় তিন নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও ক্যাপ্টেন মনসুর আলীর কবর জিয়ারত করা হয়।দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে মেহেরপুরেও আজ অনুষ্ঠান হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অনুষ্ঠানে যোগ দিতে মেহেরপুর যাচ্ছেন।