নামেই আধুনিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর আধুনিক হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত হলেও বাড়ানো হয়নি জনবল। শুধু বাড়ানো হয়েছে খাদ্য ও ওষুধের সরবরাহ। এখানে বর্তমানে কর্তব্যরত আছেন ১৪ জন চিকিৎসক।হাসপাতাল সূত্র জানায়, অস্ত্রোপচার কক্ষসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও শল্য বিশেষজ্ঞ নিয়মিত না থাকায় জরুরি অস্ত্রোপ্রচারের রোগীদের স্থানীয় ক্লিনিক অথবা রংপুর যেতে হয়। এখানে নেই মেডিসিন ও চক্ষুরোগ বিশেষজ্ঞ, রেডিওলজিস্ট। জরুরি বিভাগে তিনজন চিকিৎসকের জায়গায় আছেন একজন। সিনিয়র স্টাফ নার্সের ২২ জনের মধ্যে আছেন ১৯ জন। স্টাফ নার্সের ১১টি পদে আছেন নয়জন। ওয়ার্ডবয়/এমএলএসএসের একটি পদ, পরিচ্ছন্নতাকর্মীর একটি পদ এবং ডোমের একমাত্র পদটি খালি। ধারণক্ষমতার অতিরিক্ত রোগী থাকায় হাসপাতালের মেঝে ও বারান্দায় আশ্রয় নিয়ে চিকিৎসা নিতে হচ্ছে অনেক রোগীকে। এ অবস্থায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসক ও সেবিকাদের। ১৯৯৭ সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সালাউদ্দিন ইউসুফ নীলফামারী সদর আধুনিক হাসপাতালটিকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। এর ছয় বছর পর ২০০৩-০৪ অর্থবছর থেকে শুরু করা হয় ১০০ শয্যার কার্যক্রম। এরপর চলে গেছে আরও প্রায় সাত বছর। অথচ হাসপাতালটি চলছে সেই ৫০ শয্যার জন্য প্রয়োজনীয় জনবলেরও কম লোক নিয়ে। হাসপাতাল সূত্র জানায়, ১০০ শয্যার জন্য এখানে ৪৫ জন চিকিৎসক থাকা দরকার। সংশ্লিষ্ট সূত্র মতে, প্রতিদিন হাসপাতালে রোগী ভর্তি থাকে গড়ে ১৮০ জন। এ ছাড়া আউটডোরে প্রতিদিন চিকিৎসা নেয় ৫০০ থেকে ৬০০ রোগী। একটি মাত্র অ্যাম্বুলেন্স দিয়ে জরুরি রোগী পরিবহনে হিমশিম খেতে হয়। এখানে আলট্রাসনোগ্রাম ও ইসিজি মেশিন থাকলেও টেকনিশিয়ান না থাকায় সেগুলো বাক্সবন্দী হয়ে আছে দীর্ঘদিন। জরুরি প্রয়োজনে হাসপাতালের রোগীদের ছুটতে হয় বাইরে।ফার্মাসিস্ট বকুল চন্দ্র রায় বলেন, ওষুধের তেমন সংকট নেই। সংকট জনবলের। তিনি বলেন, ১০০ শয্যায় উন্নীত করায় রোগী বাড়লেও জনবল কমেছে।সিনিয়ার স্টাফ নার্স খাদিজা বেগম বলেন, প্রতিদিন ওয়ার্ডের দেড় থেকে ২০০ রোগী দেখাশোনা করতে তাঁদের হিমশিম খেতে হয়। তারপরও বহু কষ্টে চালিয়ে নিতে হচ্ছে।১ ডিসেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রসূতি বিভাগে মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন জেলা সদরের কাঞ্চনপাড়া গ্রামের মিনতি রানী (৩০)। প্রসবের পরও একদিনের শিশুকে নিয়ে বিছানায় ঠাঁই হয়নি তাঁর। একইভাবে পঞ্চপুকুরের চ্যাংমারী গ্রামের নাসিমা বেগমও (৩২) একদিনের শিশু নিয়ে মেঝেতে আছেন। তাঁরা জানান, বিছানা নেই। তাই মেঝেতে থাকতে হচ্ছে। এ সময় দায়িত্বরত সিনিয়ার স্টাফ নার্স আয়েশা সিদ্দিকা বলেন, মোট ১৫টি শয্যার এ ওয়ার্ডে ভর্তি আছেন ২৫ জন প্রসূতি মা ও শিশু। তিনি বলেন, সদ্য প্রসূত বাচ্চা মেঝেতে থাকলে প্রসূতি ও শিশুর সমস্যা হতেই পারে। কিন্তু বিছানা নেই। তাই আমরা কিছু করতে পারছি না।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহ মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ১৪ জন চিকিৎসক দিয়ে চালাতে হচ্ছে ১০০ শয্যার এ হাসপাতালটি। তিনি বলেন, বদলিজনিত কারণে চক্ষুরোগ বিশেষজ্ঞের পদটি দুই মাস ধরে শূন্য। ফলে চক্ষু বিভাগটি বন্ধ রয়েছে। বারান্দায় ও মেঝেতে রোগী থাকা প্রসঙ্গে বলেন, প্রতিদিন আউটডোরে ৫০০/৬০০ রোগী দেখা হয় এবং গড়ে প্রতিদিন ১৮০ জন রোগী ওয়ার্ডে ভর্তি থাকে। এত শয্যা না থাকায় বাধ্য হয়ে রোগীদের মেঝে ও বারান্দায় জায়গা করে দিতে হয়।নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেন, ১৪ জন চিকিৎসক দিয়ে ১০০ শয্যার হাসপাতাল চালাতে হয়। এটা ভীষণ কঠিন। পাশাপাশি ময়নাতদন্ত করতে হয়, কখনো কাউকে আদালতে সাক্ষী দিতে যেতে হয়, মোবাইল কোর্টে যেতে হয়, মিটিং-কনফারেন্স থাকে, আবার জরুরি প্রয়োজনে কাউকে কাউকে ছুটিও দিতে হয়। তাই এ মুহূর্তে চিকিৎসকই বেশি প্রয়োজন বলে তিনি মনে করেন।