নামেই কর্মশালা, কাজে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের পুষ্টি কর্মশালা শেষ হয়েছে দুই ঘণ্টায়। আর দেড় ঘণ্টায় শেষ হয়েছে দিনব্যাপী কর্মশালা। কিছু ক্ষেত্রে কর্মশালা না করেই খরচ দেখানো হয়েছে। প্রশিক্ষণসামগ্রীও দেওয়া হয়নি অংশগ্রহণকারীদের। জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের (আইপিএইচএন) বেশ কিছু কর্মশালার চিত্র এমনই।স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত এপ্রিল থেকে জুনের মধ্যে আইপিএইচএনের পুষ্টিসেবা কার্যক্রমের (ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস) আওতায় এসব কর্মশালার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের হিসাবে, এতে অংশ নেন ৩৩ হাজার ১৮৬ জন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন চিকিৎসক, উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মাঠপর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মী। এ ছাড়া সাংবাদিক, শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন মূলত চিকিৎসা কর্মকর্তারা।তিন দিনের কর্মশালায় অংশগ্রহণকারীদের সম্মানী বরাদ্দ ছিল ৬০০ টাকা করে। আর এক দিনের জন্য বরাদ্দ ছিল ৭০০ টাকা করে। প্রশিক্ষণসামগ্রী হিসেবে ছিল ব্যাগ, খাতা-কলম ও পুষ্টিবিষয়ক ম্যানুয়াল।কর্মশালায় অনিয়মের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. হুমায়ুন কবির জানান, অনিয়মের কথা তাঁরাও শুনেছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করার কথা ভাবা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্য পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।পুষ্টির গৌরনদী দশা: বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে তিন দিনের পুষ্টি কর্মশালা ১১ জুন শুরু হয়ে ওই দিনই শেষ হয়। কর্মশালায় অংশ নেওয়া মাঠপর্যায়ের দুজন স্বাস্থ্য সহকারী ও চারজন পরিবার কল্যাণ সহকারী প্রথম আলোকে বলেন, কর্মশালা হয়েছিল দেড় থেকে দুই ঘণ্টার। জানা গেছে, ঢাকা থেকে জাভেদ জাহাঙ্গীর নামের একজন চিকিৎসক প্রশিক্ষণের দায়িত্ব নিয়ে যান। তিনি প্রশিক্ষণসামগ্রী (ব্যাগ, খাতা, কলম, ম্যানুয়াল) নিয়ে যাননি। কাউকে সম্মানীও দেননি। সকাল নয়টার দিকে প্রশিক্ষণ শুরু করে তিনি উপস্থিত সবার সই নেন। বেলা ১১টার দিকে প্রশিক্ষণ শেষ করার সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বলেন, ঢাকায় পৌঁছানোর পর প্রত্যেকের সম্মানী ও প্রশিক্ষণসামগ্রী পাঠিয়ে দেবেন। এ ব্যাপারে জানতে চাইলে আইপিএইচএনের পরিচালক ও লাইন ডিরেক্টর মো. এখলাসুর রহমান প্রথম আলোকে বলেন, প্রশিক্ষণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপব্যবস্থাপক মির মোবারক হোসেন এ বিষয়ে বলতে পারবেন। মির মোবারক হোসেন জানান, উপজেলা পর্যায়ে কর্মশালা পরিচালনার জন্য ২২০ জন চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। জাভেদ জাহাঙ্গীর তাঁদের একজন। জাভেদের সঙ্গে যোগাযোগ করার জন্য মোবারক হোসেন একটি মুঠোফোন নম্বর দিয়েছিলেন। যোগাযোগ করলে অন্য প্রান্ত থেকে বলা হয়, তিনি জাভেদ জাহাঙ্গীর নন এবং গৌরনদীতে প্রশিক্ষণ দিতে যাননি।৮০ উপজেলায় তিন দিনের কর্মশালা: আইপিএইচএন প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) ও চিকিৎসকদের প্রশিক্ষণসহ নানা ধরনের কর্মশালা করেছে। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা ৪৬৭টি উপজেলায় এক দিনের অবহিতকরণ সভা বা কর্মশালা করেছেন। তিন দিনের কর্মশালা হয়েছে ৮০টি উপজেলায়।তিন দিনের কর্মশালা হয়েছে এমন ৮০ উপজেলার তালিকা ধরে প্রথম আলোর প্রতিনিধিরা জেনেছেন, বেশ কিছু উপজেলায় তিন দিনের কোনো কর্মশালা হয়নি। মহেশখালী (কক্সবাজার), জুরি (মৌলভীবাজার), ধরমপাশা (সুনামগঞ্জ), উলিপুর (কুড়িগ্রাম) ও পাটগ্রাম (লালমনিরহাট) উপজেলায় প্রশিক্ষণ হয়েছে অর্ধদিন। কিশোরগঞ্জের নিকলীতে হয়েছে দুই দিন, কিন্তু অর্ধদিন করে। আর রংপুরের তারাগঞ্জে কোনো প্রশিক্ষণই হয়নি। সব অংশগ্রহণকারীর জন্য সমান সম্মানী বরাদ্দ থাকলেও কোনো উপজেলায় ৪০০ টাকা করে, কোনো উপজেলায় ৬০০ টাকা করে দেওয়া হয়েছে। এসব উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা প্রথম আলোর প্রতিনিধিদের কাছে প্রশিক্ষণের কোনো কাগজ বা হিসাব দেখাতে পারেননি। তাঁরা বলেছেন, ঢাকা থেকে প্রশিক্ষক হিসেবে যাঁরা গিয়েছিলেন, তাঁরা হিসাবের অনুলিপি রেখে আসেননি। এসব ব্যাপারে মির মোবারক হোসেন বলেন, প্রশিক্ষণ হয়েছে। কাগজপত্র পরে দেখানো যাবে।দেড় ঘণ্টায় পুষ্টিজ্ঞান: ১২ জুন ভৈরব উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কর্মশালাটি দিনব্যাপী হওয়ার কথা ছিল। কিন্তু শুরু হওয়ার দেড় ঘণ্টার মধ্যে তা শেষ হয়। ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘আইলাম আর গেলাম। কিছু টাকা পাইলাম। কলা, শিঙাড়া খাইলাম। এখানে পুষ্টিডা কোনখানে খুঁইজা পাইলাম না।’উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মমতাজুল হক প্রথম আলোকে বলেন, ‘এককথায় বলব, পুরো বিষয়টি নিয়ে আমরা অন্ধকারে ছিলাম।’ তিনি বলেন, ৫০ জনকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন মাত্র ২৫ জন। কর্মশালাটি দুপুরের আগে শেষ হয়ে যায়। ঢাকা থেকে যাঁরা এসেছিলেন, তাঁরা কোনো কাগজপত্র রেখে যাননি। তাঁরা কুলিয়ারচর চলে যান।কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু উবায়দ জানান, দুটোয় শুরু হয়ে সাড়ে তিনটায় কর্মশালা শেষ হয়। কর্মশালাটি দিনব্যাপী হওয়ার কথা ছিল। এতে উপস্থিত ছিলেন ৩২ জন। শিক্ষার্থীদের জন্য ২১ জুন ভৈরব উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আরও একটি কর্মশালা হয়। এতে ভৈরব ও কুলিয়ারচরের ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। এ কর্মশালাটি হওয়ার কথা ছিল দুই দিনে। তবে মাত্র দুই ঘণ্টায় কর্মশালা শেষ হয়। ভৈরবের শিক্ষার্থীরা ১০০ টাকা এবং আর কুলিয়ারচরের শিক্ষার্থীরা ২৫০ টাকা করে সম্মানী পায়। ভৈরব হাজী জহির উদ্দিন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মারজিয়া জাহান বলে, এত অল্প সময়ে কিছু বোঝা কঠিন। এঁদের হাতে পুষ্টি নিরাপদ নয়: বিশিষ্ট পুষ্টিবিদ এমকিউকে তালুকদার বলেন, প্রশিক্ষণ কর্মীদের সচেতন, উদ্বুদ্ধ ও দক্ষ করে। তিন দিনের প্রশিক্ষণ এক-দুই ঘণ্টায় শেষ করার অর্থ কেউ কোনো কিছু শিখল না। ওই এলাকার পুষ্টি-পরিস্থিতির উন্নতিতে ওই প্রশিক্ষণ কোনো ভূমিকা রাখবে না। এটা খুব দুঃখজনক। দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান টিআইবির (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এ ধরনের বিস্তৃত ও গভীর অনিয়মে উচ্চপর্যায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দায় এড়াতে পারেন না। প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সুমন মোল্লা, নিজস্ব প্রতিবেদক, ভৈরবসহ সংশ্লিষ্ট উপজেলার প্রতিনিধিরা