নামেই খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কুতুবখালী খাল। নামেই খাল। দেখতে নর্দমার মতো। নোংরা আবর্জনায় ভরা। তার ওপর গড়ে উঠেছে শ দেড়েক দোকান। দু-একটি বাঁশের সাঁকো দেখে মনে হয়, এখানে খাল ছিল।তবে একটু বৃষ্টি হলে আর রক্ষা নেই। কোমরসমান পানিতে তলিয়ে যায় পুরো এলাকা। জলাবদ্ধতায় দুর্বিষহ অবস্থার শিকার হয় এলাকাবাসী। কারণ, পানি সরার রাস্তা নেই। কুতুবখালী মোড়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তৈরি করা কালভার্টটি অপ্রশস্ত ও অগভীর। খালের এক পাশে দক্ষিণ যাত্রাবাড়ী, অন্য পাশে পূর্ব দোলাইরপাড়, দনিয়া। জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঢাকা-২ জোনের নির্বাহী প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ প্রথম আলোকে বলেন, এলাকাবাসী ময়লা ফেলে পুরো খালটাই ভরাট করে ফেলেছে। এখন বৃষ্টি হলে যাত্রাবাড়ী কলোনি তলিয়ে যায়। তিনি জানান, যাত্রাবাড়ীর দোলাইরপাড় ও সংলগ্ন এলাকার পানি নিষ্কাশনের একমাত্র উপায় এই কুতুবখালী খাল। খালটি উদ্ধার হবে কি না, এ প্রসঙ্গে তিনি জানান, ঢাকা-১ জোন খালের জমি মাপতে শুরু করেছে। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।পাউবো সূত্রে জানা গেছে, নকশা অনুযায়ী প্রায় দুই কিলোমিটার লম্বা এই খালের প্রস্থ ৫০ থেকে ৬০ ফুট। আর গভীরতা প্রায় আট ফুট।কিন্তু সরেজমিন ঘুরে দেখা গেছে, খালটির বর্তমান প্রস্থ মাত্র সাড়ে সাত থেকে আট ফুট। ময়লায় ভরা খালটির তিনটি জায়গায় বাঁশ দিয়ে গভীরতা মেপে পাওয়া গেছে মাত্র পৌনে এক ফুট। আর ঢাকা-চট্টগ্রাম সড়কের কাছে কুতুবখালী মোড়ে খালটির গভীরতা সোয়া দুই ফুট পাওয়া গেছে। অধিকাংশ স্থানে সারি সারি দোকানের ভিড়ে খাল যে আছে, সেটাই বোঝা দায়।প্রায় তিন দশক ধরে এই এলাকায় বসবাস করছেন আছিয়া বেগম। তিনি জানান, একসময় এই খালে প্রচণ্ড স্রোত ছিল। বড় নৌকা চলত। প্রচুর মাছও ছিল। আর এখন? ‘দুইডা বেশি পয়সা পাওনের লাইগ্যা মাইনষে খালে হাত দিছে। হগলতেই ঘর তোলনের সময় এট্টু এট্টু কইরা খালপাড়ের জাগা নিছে। ভাড়া বসাইছে।’ বললেন আছিয়া বেগম। তাঁর ছেলে মো. মোবারকেরও খালের ওপর দুটি চায়ের দোকান আছে। এ থেকে প্রতি মাসে ভাড়া আসে তিন হাজার টাকা।এলাকার লোকজন জানান, দোলাইরপাড়ের স্থানীয় বাড়িওয়ালাদের তৈরি এসব দোকানের মাসিক ভাড়া এক থেকে দুই হাজার টাকা। কুতুবখালী মোড়সংলগ্ন এলাকার বাসিন্দা মো. ইউসুফ জানান, এলাকার ৮০ শতাংশ লোকই স্থানীয়। ফলে এখানে চাঁদাবাজি বা সন্ত্রাসবিষয়ক কোনো সমস্যা নেই। কিন্তু বাড়িওয়ালারাই সমস্যা করেন। তাঁরা নিজ নিজ বাড়ির সামনে খালের ওপর দোকান বানিয়ে ভাড়া দেন।কুতুবখালী মোড়সংলগ্ন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাছানীয়া মাদ্রাসার পাশেই একটি মুড়ির কারখানা। মালিকের নাম ওলিউল্লাহ। খালের ওপর তাঁর চারটি বড় দোকান। খালের ওপরে দোকান কেন? স্থানীয় প্রশাসন অনুমতি দিয়েছে কি না, এসব বিষয়ে জানতে চাইলে ওলিউল্লাহ এই প্রতিবেদককে ধমক দেন। বলেন, ‘আমার ভাই সাংবাদিক। কী করার আছে করেন।’খালের ওপরে কাঁচাবাজারের মালিক এলাকার প্রভাবশালী ব্যক্তি বাবুল জমিদার। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবুল জমিদার এলাকার উন্নয়নের জন্য মসজিদ ও বাজার তৈরি করে দিয়েছেন। আর বাজারের ভাড়া থেকে পাওয়া আয় জমা হয় মসজিদের তহবিলে।পাউবোর ঢাকা-১ বিভাগের ভাইস চেয়ারম্যান (প্রশাসন) খন্দকার মঞ্জুর মোরশেদ জানান, কুতুবখালী খালসহ ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের আওতাভুক্ত খালগুলো সংস্কার ও পুনরুদ্ধারের জন্য একটি উন্নয়ন প্রকল্প ইতিমধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে একনেকে পাঠানো হয়েছে। খাল পুনরুদ্ধার ও সংস্কারের পর ওই খালে কাঁটাতারের বেড়া বা ইটের দেয়াল তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। এতে সংস্কার করা খালগুলো পুনরায় দখল ও নোংরা হওয়ার হাত থেকে রক্ষা পাবে।