নামেই পৌরসভা!
ময়েন উদ্দিন, যদু সেখ, হাসেন আলী কেউই বলতে পারেন না পৌরসভা কী? অথচ তাঁরা আটঘরিয়া পৌরসভার বাসিন্দা। আটঘরিয়া পৌরসভা হওয়ার পর তাঁরা কী কী সুবিধা পেয়েছেন কিংবা কী ধরনের সুযোগ-সুবিধা প্রাপ্য, তা তাঁরা জানেন না। তাঁরা শুধু বোঝেন, আগেও যেমন ছিলেন, এখনো তেমনই আছেন; শুধু নতুন করে কিছু কর দিতে হচ্ছে তাঁদের। ২০০৬ সালের ১ আগস্ট তত্কালীন সরকার পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ও দেবত্তর ইউনিয়নের ১২টি গ্রাম নিয়ে আটঘরিয়া পৌরসভা ঘোষণা করলেও পৌরসভার কোনো সুবিধাই পাচ্ছেন না এখানকার বাসিন্দারা। পৌরসভার ৭৪টি কর্মকর্তা-কর্মাচারী পদের ৭২টিই শূন্য। ধার করা লোকবল ও ভাড়া করা ঘরে চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে নামেমাত্র চলছে এর কার্যক্রম। গত চার বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই এলাকায়।এলাকাবাসী ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, পৌরসভা প্রতিষ্ঠার পর থেকেই নানা জটিলতার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। পৌরসভাটি প্রতিষ্ঠার শুরুতেই প্রশাসক নিয়োগ ও স্থান নির্ধারণ নিয়ে জটিলতায় প্রশ্নবিদ্ধ হয় এর কার্যক্রম। শেষ পর্যন্ত আটঘরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল হককে পৌরসভার প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তখন থেকে তিনি ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার প্রশাসক। কিন্তু পৌরসভা প্রতিষ্ঠার প্রায় চার বছর হলেও এর কোনো উন্নয়ন হয়নি। পৌরসভার নিজস্ব কোনো ভবন নেই। ভাড়া করা একটি টিনের ঘরে নামমাত্র চলছে এর কার্যক্রম। এ পর্যন্ত পৌরসভার উদ্যোগে এলাকায় কোনো উন্নয়ন হয়নি। তবে নিয়মিতভাবে পৌর কর্তৃপক্ষ এলাকাবাসীর কাছ থেকে হোল্ডিং ট্যাক্স, ভ্যাট, ট্রেড লাইসেন্স ফি ইত্যাদি আদায় করছেন।পৌরসভার বাসিন্দা দেবত্তর গ্রামের বাবু সেখ জানান, পৌরসভার নামে সরকার এই এলাকার মানুষকে বিপদে ফেলেছে। পৌর কর্তৃপক্ষ এলাকাবাসীর কাছ থেকে তাদের সব সুবিধা আদায় করলেও এলাকাবাসীর জন্য কিছুই করছে না। গত এক বছর আগে পৌরসভার উদ্যোগে দেবত্তর ও আটঘরিয়া বাজারে দুটি গণশৌচাগার তৈরি করা হলেও পৌর কর্তৃপক্ষ এখনো তা খুলে দেয়নি। অথচ প্রায় চার লাখ টাকা ব্যয়ে এই শৌচাগার দুটি তৈরি করা হয়। পৌর এলাকার অন্য বাসিন্দা খাইরুল ইসলাম বলেন, ‘আটঘরিয়া পৌরসভা আমরা শুধু নামেই পেয়েছি। কার্যত এর কোনো সুবিধা এলাকাবাসী পায়নি। কোথাও পৌরসভার তরফ থেকে একটি রোড লাইটও লাগানো হয়নি। কোথাও ড্রেন, কালভার্ট করা হয়নি। এলাকার প্রায় ৭০ ভাগ রাস্তা এখনো কাঁচা। সামান্য বৃষ্টিতেই এলাকার রাস্তাগুলো চলার অযোগ্য হয়ে যায়। এ ছাড়া এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসুবিধাসহ কোনো ক্ষেত্রেই পৌর কর্তৃপক্ষ কিছু করেনি। অথচ নিয়মিতভাবে কর্তৃপক্ষ পৌর কর আদায় করছে। এটা এলাকার মানুষের সঙ্গে একপ্রকার প্রতারণা।পৌরসভার সচিব মো. আব্দুর রশিদ জানান, প্রতিষ্ঠার পর থেকে এ পৌরসভার জন্য এখনো সরকারিভাবে কোনো লোকবল নিয়োগ ও তহবিল বরাদ্দ হয়নি। নিয়ম অনুযায়ী ৭৪ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে তিনিসহ মাত্র দুজন আছেন। হিসাবরক্ষক ও প্রকৌশলীর দুটি পদে পার্শ্ববর্তী দুটি পৌরসভার দুজন কর্মকর্তাকে এনে সপ্তাহে দুদিন কাজ করিয়ে নেওয়া হচ্ছে। একজন পিয়ন ও দুজন নৈশপ্রহরীকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। পৌরসভা হিসেবে যন্ত্রপাতির মধ্যে একটি জিপ, একটি রোড রোলার, একটি মিকচার মেশিন, দুটি ট্রাক, দুটি মোটরসাইকেল, দুটি বাইসাইকেল, দুটি ফটোকপি মেশিন, তিনটি টাইপরাইটার ও একটি লেমিনেটিং মেশিন পাওয়ার কথা থাকলেও কিছুই পায়নি কর্তৃপক্ষ। পৌরসভার প্রশাসক মো. আমিনুল হক বলেন, আটঘরিয়া খুবই কনিষ্ঠ পৌরসভা। সবে যাত্রা শুরু করেছে। জোট সরকারের শেষ সময়ে পৌরসভার কার্যক্রম শুরু হওয়ায় তারা কিছু করতে পারেনি। পরবর্তী সময় তত্ত্বাবধায়ক সরকারও কিছু করেনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরা উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি আগামী দু-তিন মাসের মধ্যেই পৌরসভাটি পূর্ণাঙ্গতা পাবে। ভবন তৈরি এবং লোক নিয়োগ করা হবে।