নামেই বাউফল পৌরসভা
পটুয়াখালীর বাউফল পৌরসভার সমস্যার অন্ত নেই। রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি সরবরাহ ও জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়নি এতটুকুও। খোদ পৌরসভার জনশক্তি ও নিজস্ব ভবনও নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০১ সালে তিন দশমিক ১৭৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বাউফল পৌরসভার কার্যক্রম শুরু হয়। ওই বছরের ২২ অক্টোবর পর্যন্ত পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন ব্যবসায়ী জীবন কৃষ্ণ সাহা। এরপর ২০০৩ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন। পরে উপজেলা বিএনপির সহসভাপতি কাজী ফরিদুজ্জান বিভিন্ন মেয়াদে পৌর প্রশাসক ও চেয়ারম্যান এবং বর্তমানে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। পৌরসভা প্রতিষ্ঠার দীর্ঘ নয় বছর অতিবাহিত হলেও ‘সি’ গ্রেডের বাউফল পৌরসভাটি একই অবস্থায় রয়েছে। বাউফল পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভার জনসংখ্যা ২০ হাজার। শিক্ষার হার ৫৯ দশমিক ৫৯। হোল্ডিং সংখ্যা রয়েছে দুই হাজার ৭৪৮টি, পাকা সড়ক ১৯ দশমিক ২৫ কিলোমিটার, ব্রিক সলিং সড়ক ১০ দশমিক ৬৭ কিলোমিটার ও কাঁচা সড়ক ১০ দশমিক ৯৫ কিলোমিটার। রাজস্ব আয়ের উৎস বাউফল বাজার। কর্মকর্তা-কর্মচারী ৬৮ জন থাকার কথা থাকলেও বর্তমানে আছেন মাত্র নয়জন। তা-ও একজন মাস্টার রোলে। প্রশাসন বিভাগে ২৬ জনের অনুকূলে আছেন সাতজন। তার মধ্যে আবার সচিব সফিকুল ইসলাম দুটি পৌরসভায় সচিবের দায়িত্ব পালন করছেন। বরিশালের মুলাদি পৌরসভার সচিব সফিকুল ইসলাম সপ্তাহে দু-এক দিন বাউফলে এসে কাজ করে আবার মুলাদি চলে যান। পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন বিভাগ, পূর্ত-বিদ্যুৎ ও যান্ত্রিক বিভাগে কোনো লোকবল নেই। সরেজমিনে ঘুরে ও পৌরবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, পৌরবাসী নাগরিক সুযোগসুবিধা থেকে একেবারেই বঞ্চিত। পৌরসভা গঠনের পর নাগরিক সুবিধা বলতে উপজেলা পরিষদসংলগ্ন কিছু এলাকায় গুটিকয়েক সোডিয়াম বাল্বের আলো; যা বর্তমানে নষ্ট অবস্থায় পড়ে আছে। রাস্তাঘাটের বেহাল দশা। যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। বিগত চারদলীয় জোট সরকারের সময় ভিআইপি সড়ক সংস্কার করা হলেও বর্তমানে তা যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গোলাবাড়ি এলাকার ওষুধ বিক্রেতা মো. শাহিন বলেন, ‘সড়কে জলাবদ্ধতার কারণে প্রায়ই ফার্মেসি বন্ধ রাখতে হয়।’পৌরসভায় ৬৯টি গভীর নলকূপ থাকলেও তাতে পানির প্রয়োজন মিটছে না। বাউফল বাজারের হোটেল ব্যবসায়ী মজিরন বিবি (৫২) বলেন, ‘মোগো পানির সমস্যা আছে। পৌরসভা কলগুলি (গভীর নলকূপ) বসাইছে বড়লোকগো বাড়ির মধ্যে। হেই জায়গা দিয়া পানি আনতে অনেক সমস্যা হয়।’পৌর শহরের অনেক এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। ৫ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার প্রায় অর্ধশত পরিবার বিদ্যুৎ-বঞ্চিত। ওই ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতেও বিদ্যুৎ নেই। কাউন্সিলর ফরহাদ হোসেন বলেন, ‘অনেক চেষ্টা করেও আমার ওয়ার্ডে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পারিনি।’ এদিকে পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মধ্যে থাকা খালে রয়েছে বাঁশের সাঁকো। এর এক পাশে ৬ নম্বর ওয়ার্ডে রয়েছে ছালেহিয়া হাফেজিয়া ও দ্বীনিয়া দাখিল মাদ্রাসা, অপর পাশে ৫ নম্বর ওয়ার্ডে রয়েছে হিন্দু সম্প্রদায়ের শতবর্ষী বিশ্ব কল্যাণ গীতাশ্রম। ওই গীতাশ্রমের সভাপতি জীবন কৃষ্ণ সাহা বলেন, ‘আমাদের এই দুই ওয়ার্ডের মানুষের মধ্যে বন্ধন রক্ষার একমাত্র মাধ্যম এই বাঁশের সাঁকোর স্থলে সেতু নির্মাণ হয়নি।’ ছালেহিয়া হাফেজিয়া ও দ্বীনিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘নির্বাচনের সময় সব দলের নেতারা এখানে সেতু নির্মাণ করার ওয়াদা দিলেও ক্ষমতায় এসে তোয়াক্কাই করেন না।’ ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন বলেন, ‘আমার হাসান ও মুসা নামের দুই সন্তান ওই মাদ্রাসায় পড়লেও মেয়ে অফিকা একাধিকবার সাঁকো পারাপারের সময় খালে পড়ে যাওয়ায় মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছি।’পৌরসভার নিজস্ব ভবন না থাকায় উপজেলা পাবলিক লাইব্রেরির ভবনটি অস্থায়ী ভবন হিসেবে ব্যবহূত হচ্ছে। এ কারণে বাউফলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বইপ্রেমী মানুষ সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছেন। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা নূরুল হক মৃধা বলেন, ‘আসলে বাউফল পৌরসভা, না অন্য কিছু? জরুরি ভিত্তিতে সমস্যাগুলো সমাধান না করলে পৌরবাসীর মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হবে। বাউফল পৌরসভার মেয়র কাজী ফরিদুজ্জান পৌরসভার বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘পৌরসভার সবচেয়ে বড় সংকট লোকবল। প্রায় দুই মাস আগে এক কোটি ২৫ লাখ টাকার ২১ গ্রুপে উন্নয়ন কাজ শুরু হলেও সঠিকভাবে কাজ হচ্ছে কি না দেখার জন্য রয়েছে পৌরসভার একজন উপসহকারী প্রকৌশলী। সহকারী প্রকৌশলী হিসেবে বরগুনা জেলা থেকে একজন মাঝেমধ্যে এসে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। পৌরসভার মধ্য দিয়ে যাওয়া বগা-বাউফল-দশমিনা সড়কটি সড়ক ও জনপথ বিভাগের। এ কারণে এই সড়ক ইচ্ছে করলেই পৌরসভা মেরামত করতে পারে না। এই সড়কটি আমরা এলজিইডির কাছে হস্তান্তরের জন্য সুপারিশ করেছি। আর বাউফলের ভিআইপি সড়কটি বিটুমিন কার্পেটিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া দুটি ওয়ার্ডের মধ্যেকার বাঁশের সাঁকোর স্থলে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আর জমি না পাওয়ায় পৌরসভার নিজস্ব ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না। বর্ষা মৌসুম শেষে বাউফল পৌরসভাকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।’