নামেই ভোজেশ্বর মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা প্রকল্পের ভোজেশ্বর রেড ক্রিসেন্ট মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে ভুতুড়ে পরিবেশ বিরাজ করে। চিকিত্সাসেবা নিতে সচরাচর রোগীরা এখানে আসে না। উন্নত চিকিত্সার অভাব ও নিয়মিত স্বাস্থ্যকর্মী না থাকায় এ স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের আসার আগ্রহ কম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিট কার্যালয় সূত্রে জানা যায়, গর্ভবতী মায়ের পরিচর্যা, নিরাপদ প্রসব, প্রসব-পরবর্তী মা ও শিশুর নিয়মিত পরীক্ষা ও যত্ন, সাধারণ রোগীর চিকিত্সা, মা ও শিশুদের প্রতিষেধক টিকা, পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ ও প্রয়োজনীয় জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, প্যাথলজি পরীক্ষা, প্রজননতন্ত্র সংক্রমণে চিকিত্সা, এইচআইভি/এইডস রোগ প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষাসহ মা ও শিশুর চিকিত্সাসেবা দেওয়া হয় এ কেন্দ্রে। নড়িয়ার ভোজেশ্বর এলাকার জমিদার পাচানি পালের পরিত্যক্ত বাড়িতে ১৯৮৮ সালে ভোজেশ্বর রেড ক্রিসেন্ট মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র গড়ে ওঠে। স্থানীয়ভাবে ১৩ সদস্যের একটি পরিচালনা পরিষদ এর কার্যক্রম তদারকি করে থাকে। পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘দাতাগোষ্ঠীর শর্ত অনুযায়ী কোনো প্রতিষ্ঠান পরিচালনার জন্য স্থানীয় একটি কমিটির প্রয়োজন হয়। তাই আমাদের নামমাত্র কমিটিতে রাখা হয়েছে। প্রতিষ্ঠাকালে মন্ত্রী থাকা অবস্থায় টি এম গিয়াস উদ্দিন আহম্মেদ সভাপতি হয়েছেন। এখনো তিনিই আছেন। তিনি একবারও কমিটির কোনো সভায় উপস্থিত হননি।’ সূত্র জানায়, মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রটি পরিচালনার জন্য একজন মিডওয়াইফ, একজন মাঠকর্মী, একজন আয়া ও একজন নাইট গার্ড কর্মরত রয়েছেন। কর্মীরা স্থানীয় হওয়ায় প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। নৈশপ্রহরী কালু চৌকিদার বলেন, ‘পাঁচ বছর আগে এ প্রতিষ্ঠানে ৫০০ টাকা বেতনে চাকরি নিয়েছি। এখনো কর্মরত আছি। একজন মানুষের ৫০০ টাকায় কী হয়? বেতন বৃদ্ধি করার জন্য অনেকবার বলেছি। কিন্তু কাজ হয় না।’ জপসা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের রাহেলা খাতুন (২৬) বলেন, ‘আমি সন্তানসম্ভবা হওয়ার পর মাতৃসদনে গিয়েছিলাম। স্বাস্থ্যসেবা না পেয়ে ফিরে এসেছি। আমাদের গ্রামের কোনো মহিলা সেখানে যায় না।’ফতেজঙ্গপুর ইউনিয়নের যোগপাট্টা গ্রামের খাদিজা (৩০) বলেন, ভোজেশ্বরের স্বাস্থ্যকেন্দ্রে গেলে স্বাস্থ্যকর্মী পাওয়া যায় না। সেখানে উন্নতমানের চিকিত্সাও দেওয়া হয় না। তাই আমাদের কোনো সমস্যা দেখা দিলে অন্য ডাক্তারের কাছে যাই।’ ভোজেশ্বর ইউনিয়নের আনাখণ্ড গ্রামের আমেনা বেগম (২৮) বলেন, ‘আমি কয়েকবার চিকিত্সার জন্য এ কেন্দ্রে এসেছিলাম। ঠিকমতো সেবা পাই নাই। গ্রামের অনেক মানুষ জানে, ওখানে গেলে স্বাস্থ্যকর্মী পাওয়া যায় না।’ ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহম্মদ শিকদার বলেন, ‘মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রটি আমার ইউনিয়নে হলেও এটা পরিচালনার সঙ্গে আমাদের সম্পর্ক নেই।’বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিটের সাধারণ সম্পাদক হেলাল আকন্দ বলেন, ‘রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তর থেকে এ স্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয়ভাবে এর কোনো কার্যক্রমের সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই।’