নামেই শুধু আদর্শ বিদ্যালয়
পাঁচবিবি উপজেলা সদরে ৫০ বছর আগে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় সমিরন নেছা আদর্শ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির নামের সঙ্গে আদর্শ শব্দটি থাকলেও প্রকৃত অর্থে এখানে আদর্শের কোনো ছোঁয়া লাগেনি। এখানে না আছে শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ, না আছে বিদ্যালয়ের উন্নত অবকাঠামো, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার সুযোগ। বিদ্যালয়ের সূত্রে জানা যায়, শিক্ষানুরাগী মরহুমা সমিরন নেছার দান করা দুই একর তিন শতক জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালে এটি সরকারীকরণ করা হয়। প্রতিষ্ঠার ৪১ বছর পর ২০০১-০২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ছয় লাখ ২১ হাজার ৭৫৭ টাকা ব্যয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির জন্য দ্বিতল একটি ভবন করা হয়। এরপর বিদ্যালয়টির আর কোনো উন্নয়ন বা সংস্কার হয়নি। বিদ্যালয়ের পাকা ও আধাপাকা ১৮টি কক্ষের মধ্যে বর্তমানে আটটি ব্যবহারোপযোগী এবং ১০টি সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে আছে। ব্যবহারের উপযোগী কক্ষগুলোর মধ্যে একটি অফিসকক্ষ। এখানে দাপ্তরিক কাজসহ শিক্ষক-শিক্ষিকাদের বসার ব্যবস্থা করা হলেও নেই কোনো চেয়ার-টেবিল। একটি কক্ষে বইয়ের গুদাম। বাকি ছয় কক্ষে ক্লাস নেওয়া হয়। শিক্ষকদের সূত্রে জানা যায়, বিদ্যালয়ে চেয়ার, টেবিল ও বেঞ্চসংকট রয়েছে। বর্ষার সময় মাঠে পানি জমে থাকে। ৪৫০ জন ছাত্রছাত্রীর জন্য একটি টিউবওয়েল, একটি ল্যাট্রিন আছে। নেই সীমানা প্রাচীর। অভিভাবক আমজাদ হোসেন ও রফিকুল ইসলাম জানান, বিদ্যালয়ে লেখাপড়ার মান ভালো না। তাই বাড়িতে প্রাইভেট শিক্ষক রেখে ছেলেমেয়েদের লেখাপড়া করাতে হয়। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মারধর করা হয় বলে তাঁরা অভিযোগ করেন। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী স্নিগ্ধা, জাকির, সিয়াম জানায়, বৃষ্টি হলে ক্লাসে পানি পড়ে। চারপাশ থেকে দুর্গন্ধ আসে। ল্যাট্রিনটাও ব্যবহারের অনুপযোগী। নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রী জানায়, তারা পড়া না পারলে কিংবা দুষ্টুমি করলে শিক্ষকেরা তাদের মারধর করেন। বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক সাইফুল ইসলাম বলেন, প্রাচীর না থাকায় ছুটির পর বাইরের লোকজন ঢুকে আশপাশে এমনকি ক্লাসরুমের বারান্দায় মলমূত্র ত্যাগ করে রাখে। বিদ্যালয়ে সাংস্কৃতিক শিক্ষক ও কোনো প্রহরী নেই। শিক্ষিকা মরিয়ম বেগম ছাত্রছাত্রীদের মারধর করার অভিযোগ সম্পর্কে বলেন, ‘আমরা সে রকম মারধর করি না। তবে শাসনের জন্য যেটুকু প্রয়োজন তা করি।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) যতন কুমার দেবনাথ বলেন, ‘আমি নতুন এসেছি। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরোনো ভবন নিলামের জন্য প্রক্রিয়া চলছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যালয়টির উন্নয়নে তৎপর নয়। তাই প্রতিষ্ঠানটির এত খারাপ অবস্থা। অবস্থা পরিবর্তনে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন বলে জানান।