নামেই সুইমিংপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইমিংপুল নির্মিত হলেও স্বপ্ন পূরণ হয়নি বরিশাল শহরবাসীর। শহরের পরিত্যক্ত সুইমিংপুল নিয়ে লিখেছেন সাইফুর রহমান মিরণঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার! বিভাগীয় শহর বরিশালের সুইমিংপুলটির অবস্থা ঠিক এমনই। জল নেই, সাঁতারও নেই; অথচ নাম তার সুইমিংপুল। এর চেয়ে বরং সুইমিং শব্দটা বাদ দিয়ে পুলের আভিধানিক অর্থটাই এর সঙ্গে ভালো যায়। এটা এখন পরিত্যক্ত এক ডোবাই! চাঁদমারী স্টেডিয়ামের উল্টো দিকে ১৪ বছর আগে অনেক স্বপ্ন নিয়েই তৈরি করা হয়েছিল সুইমিংপুলটি। একে ঘিরে স্বপ্নও দেখছিল বরিশালের মানুষ। নদী-খালের এলাকা বরিশালে নদী বা খাল কমতে শুরু করেছে অনেক আগে থেকেই। নদী তীরের শহর, যে শহরের মধ্য দিয়ে আবার ছিল কয়েকটি খাল। সব মিলিয়ে একসময় মানুষ বরিশালকে বলত বাংলার ভেনিস। বরিশালের সেদিন আর নেই। একে একে ভরাট হয়ে গেছে শহরের খাল আর পুকুরগুলো। সুইমিংপুল হচ্ছে, সেখানে ছেলেমেয়েরা সাঁতার শিখতে পারবে—বড় আশাই করেছিলেন বরিশালের অনেক মা-বাবা।চার কোটি টাকা ব্যয়ে সুইমিংপুল ঠিকই তৈরি হলো। তবে স্বপ্ন আর পূরণ হলো কই? সুইমিংপুলে পানিই থাকে না। দেখলে মনে হয়, জমিদারি আমলের কোনো পুরাকীর্তি। চারদিকের শেডে মরিচা ধরেছে, রং চটে গেছে। ১৯৯৭ সালে সেই জন্মের বছর থেকেই সুইমিংপুলটি পরিত্যক্ত, ব্যবহারের অনুপযোগী।স্টিলের পাতের বক্স দিয়ে সুইমিংপুলের কূপে ঢালাই দেওয়ার কথা থাকলেও নির্মাণের সময় দেওয়া হয় কাঠের বক্স। পরীক্ষামূলকভাবে কূপে পানি তুলতে গেলে ধরা পড়ে ফাটল। ফাটল সারানো ও সড়ক নির্মাণের জন্য ক্রীড়া পরিষদ আট লাখ টাকা বরাদ্দ দিয়েছিল ১৯৯৭ সালে। ওই টাকায় সুইমিংপুলের ফাটল সারানোসহ সড়কের কাজও করা হয়। ফাটল সারানোর পর কূপটির আধুনিকায়নের জন্য এর অভ্যন্তরে টাইলস প্রতিস্থাপন করা হয়। এ জন্য ব্যয় হয় ৫০ লাখ টাকা। অভিযোগ রয়েছে, পুলে নিম্নমানের টাইলস দেওয়া হয়েছে। ফাঁকফোকর দিয়ে পানি বেরিয়ে যায়।এ সমস্যার সমাধান না করে ২৫ লাখ টাকা ব্যয়ে সুইমিংপুলের জন্য বসানো হয় পানির পাম্প। ওই পাম্প দিয়ে চার লাখ ৩২ হাজার গ্যালন পানি ধারণক্ষমতাসম্পন্ন সুইমিংপুল পুরোটা ভরতে সময় লাগে ৯০ থেকে ১০০ ঘণ্টা। দ্রুতগতিতে পানি ভরার জন্য পরে স্থাপন করা হয় আরেকটি পাম্প। তাতে কাজের কাজ কিছুই হয়নি। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় দুটি পাম্পই নষ্ট হয়ে রয়েছে। আর সুইমিংপুলের ভেতরের আসবাব, পানির ফিটিংসসহ মূল্যবান অনেক যন্ত্রাংশ এরই মধ্যে চুরি হয়ে গেছে। পুলের বিভিন্ন জায়গায় পলেস্তারা খসে পড়ার সঙ্গে খসে পড়ছে মানুষের স্বপ্নও। টাইলসে শ্যাওলা জমেছে, শ্যাওলা জমেছে মানুষের স্বপ্নেও। গত সিডরের সময় এর দুই পাশের চালা উড়ে গেলে আজও তা মেরামত করা হয়নি। বরিশালের ব্যবসায়ী আজমল হোসেন বলেন, ‘আমার দুটি ছেলে। তারা সাঁতার জানে না। ইচ্ছা ছিল, বরিশাল সুইমিংপুলে নিয়ে সাঁতার শেখানোর। কিন্তু দীর্ঘদিন ধরে ওটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ওটা নগরবাসীর কোনো কাজে আসছে না।’ স্বপ্ন পূরণ না হওয়ার আক্ষেপ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজল ঘোষের কণ্ঠে, ‘শুনেছিলাম, সুইমিংপুল নির্মাণের পর সেখানে সাঁতার শেখানোর জন্য প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমাদের ছেলেমেয়েদের সাঁতার শেখার স্বপ্ন পূরণ হবে না।’কখনো এই ‘পরিত্যক্ত ডোবাটি’ সুইমিংপুল হয়ে উঠবে কি?