নামের জন্য লড়াই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের নাম ব্যবহারের স্বাধীনতা প্রত্যেক মানুষের অধিকারগুলোর মধ্যে একটি। আর মা-বাবার দেওয়া নাম ব্যবহারের অধিকার তো পৃথিবীর অধিকাংশ দেশের মানুষেরই রয়েছে।তবে এ ক্ষেত্রে ব্যতিক্রমী দেশ হলো আইসল্যান্ড, ডেনমার্ক ও জার্মানি। আর সবচেয়ে কট্টর হলো আইসল্যান্ড। সেখানে ব্যাকরণ ও উচ্চারণের ক্ষেত্রে দেশটির বেঁধে দেওয়া নিয়মকানুন মেনে সন্তানের নামকরণ করার বিষয়ে আইনের কড়াকড়ি রয়েছে। এর ব্যত্যয় ঘটলে সরকার সেই নাম ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করারও ক্ষমতা রাখে।সম্প্রতি আইসল্যান্ডে এমনই এক ঘটনা ঘটেছে। দেশটিতে ১৫ বছরের এক কিশোরী রীতিমতো সরকারের বিরুদ্ধে আদালতে আইনি লড়াইয়ে জয়ী হয়ে তার মায়ের দেওয়া নাম ব্যবহারের অধিকার পেয়েছে। গতকাল বৃহস্পতিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।কিশোরীটির মা শখ করে তার নাম রেখেছিলেন ‘ব্লেয়ার বিজারকারদোতির’। এর অর্থ ‘মৃদু হাওয়া’। তবে আইসল্যান্ড সরকার এই বলে বাদ সাধে যে, নামটি বেশ পুরুষালি। একজন কন্যাসন্তানের নাম কখনো এটি হতে পারে না। তাই এত দিন মায়ের দেওয়া নামটি কোথাও ব্যবহার করতে পারছিল না ওই কিশোরী।এরই প্রেক্ষাপটে সম্প্রতি দেশটির রেইকজাভিক জেলার একটি আদালতে মামলা করে ওই কিশোরী। মামলার শুনানি শেষে তার পক্ষে রায় দিয়েছেন আদালত। নাম ব্যবহারের অধিকার পেয়ে যারপরনাই খুশি ‘ব্লেয়ার’।ব্লেয়ার বলেছে, ‘এখন সব পরিচয়পত্র ও পাসপোর্টে আমি ‘ব্লেয়ার নামটি ব্যবহার করতে পারব। আমি খুশি যে আমার লড়াই শেষ হয়েছে।’তবে এ রায়ে খুব একটা খুশি হতে পারেনি আইসল্যান্ড সরকার। এখনো ব্লেয়ারকে ‘কিশোরী’ বলেই উল্লেখ করছে আইসল্যান্ড সরকার। এ ব্যাপারে সরকার উচ্চ আদালতে আপিল করবে কি না, তা এখনো নিশ্চিত করে বলা হয়নি।