নামের মতোই আলাদা হলো মণি-মুক্তা
নামের মতোই আলাদা হলো জোড়া যমজ শিশু মণি ও মুক্তা। ছয় মাস বয়সী এই দুই শিশুকে অস্ত্রোপচারের মাধ্যমে গতকাল সোমবার আলাদা করা হয়। ঢাকা শিশু হাসপাতালে এই অস্ত্রোপচারে সময় লেগেছে দুই ঘণ্টা ২০ মিনিট। জন্ম থেকে তাদের বুক থেকে নাভি পর্যন্ত জোড়া লাগানো ছিল। অস্ত্রোপচারকারী চিকিত্সকেরা বলেছেন, মণি ও মুক্তা সুস্থ আছে, শ্বাসপ্রশ্বাসও স্বাভাবিক। ঢাকা শিশু হাসপাতালের পরিচালক এ আর খানের নেতৃত্বে সার্জারি ও অ্যানেসথেসিয়া বিভাগের ২৫ সদস্যের একটি দল এই অস্ত্রোপচারে অংশ নেয়। অস্ত্রোপচারের পুরো ব্যয় বহন করছে হাসপাতাল কর্তৃপক্ষ।অস্ত্রোপচারের পর এ আর খান সাংবাদিকদের বলেন, ‘শিশু দুটির বুক থেকে নাভি পর্যন্ত অংশের চামড়া, বুকের হাড়, যকৃত্ (লিভার) একসঙ্গে লাগানো এবং আন্ত্রিক নাড়িও একসঙ্গে পেঁচানো ছিল। অত্যন্ত দক্ষতার সঙ্গে এগুলো পৃথক করা হয়েছে। আপাতত কোনো সমস্যা নেই। আমরা ৪৮ ঘণ্টা ওদের পর্যবেক্ষণ করব, এ জন্য তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।’ গত বছরের ২২ আগস্ট দিনাজপুরের পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে জোড়া যমজ মণি-মুক্তার জন্ম হয়। তাদের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামে। বিশেষজ্ঞরা বলেছেন, এ সমস্যাটির বৈজ্ঞানিক নাম ‘কনজোয়েন্ড টুইন থোরাকো ওমফেলোপেগাস।’ গত ২২ জানুয়ারি প্রথম আলোয় ‘শিশু মণি-মুক্তাকে আলাদা করা যাবে না’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর এ আর খান নিজ উদ্যোগে প্রথম আলোর মাধ্যমে মণি-মুক্তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। গতকাল সকাল নয়টা ২০ মিনিটে শুরু হয় অস্ত্রোপচার। পৌনে দুই ঘণ্টা পর অস্ত্রোপচার কক্ষ থেকে জানানো হয়, মণি ও মুক্তাকে আলাদা করা হয়েছে। এ খবর শুনে খুশির ঝিলিক দেখা যায় শিশু দুটির মা তৃষ্ণা পাল ও নানা দেবেন্দ্র নাথ পালের মুখে। হাসপাতালের ওয়ার্ডবয় ও নার্সরাও তাঁদের সঙ্গে যোগ দেন। দুই ঘণ্টা পর নার্স অস্ত্রোপচার কক্ষ থেকে বেরিয়ে এসে তৃষ্ণাকে ভেতরে যেতে বলেন। কক্ষ থেকে প্রথম বাইরে আনা হয় মুক্তাকে। তাকে বাইরে আনা চিকিত্সক বলেন, ‘মুক্তা ভালো আছে।’ কিছুক্ষণ পর এক চিকিত্সক মণিকে কোলে নিয়ে বাইরে এসে বলেন, ‘মণিও ভালো আছে।’ আনন্দ ছড়িয়ে পড়ে মণি-মুক্তার স্বজন, ওয়ার্ডবয়, নার্সসহ উপস্থিত অন্যদের মধ্যে। মণি ও মুক্তাকে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। এ সময় তাদের বাবা জয়প্রকাশ পাল উচ্ছ্বসিত কণ্ঠে মুঠোফোনে কাকে যেন বলছিলেন, ‘ওরা ভালো আছে।’ অস্ত্রোপচার চলাকালে তৃষ্ণা প্রথম আলোকে বলেন, ‘আমি অনেক খুশি। আমি জানি তারা ভালো থাকবে। ওদের পরিচর্যা করতে কষ্ট হতো। ওদের কষ্ট দেখে খারাপ লাগত। অপারেশনের এত টাকা তো আমার নেই। এই ডাক্তাররাই সব ব্যবস্থা করে দিয়েছেন।’ মণি ও মুক্তার নানা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক দেবেন্দ্র নাথ পাল বলেন, ‘ওদের আলাদা করতে অস্ত্রোপচারের জন্য লাখ টাকার বেশি খরচ লাগত। আমার এত টাকা নেই। ওদের বাবাও দরিদ্র কৃষক। আমার সাবেক ছাত্র ও বর্তমানে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা শাফি কামাল আমাকে সাহায্য করতে এগিয়ে আসে। একই সঙ্গে প্রথম আলোয় ওদের ছবিসহ খবর ছাপা হয়। এর পরই এই হাসপাতালের চিকিত্সকেরা আমার সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা আমাকে আশ্বাস দেন, অস্ত্রোপচারে কোনো পয়সাই লাগবে না।’ দেবেন্দ্র নাথ এই অস্ত্রোপচারের জন্য চিকিত্সক, শাফি কামাল এবং প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা জানান। অস্ত্রোপচারে এ আর খানের নেতৃত্বে অংশ নেন এম কবিরুল ইসলাম, জাহানারা আলাউদ্দিন, আবদুল আজিজ, আমিনুর রশিদ, আশরারুর রহমান, সাইফ উল্লাহ, আখতার হোসেন, স্বপন কুমার পাল, নুর-উল-ফেরদৌস, ইস্পিতা বিশ্বাসসহ ২৫ জন চিকিত্সক।