নারকেলগাছের সারি অসহায়ের সহায়
ফরিদপুরের সদরপুর উপজেলার চর নাসিরপুর ইউনিয়নের বাইলাহাটি বাজার থেকে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভায়া হাকিম নগর নিম্নমাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত দুই কিলোমিটার হেড়িংবন সড়কের দুই পাশে নারকেলগাছের সারি। পাঁচ থেকে ১০ বছর বয়সী এক হাজার ৪০০টি গাছ। ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ গাছগুলো লাগানো হয়েছে।২০০১ সাল থেকে গাছগুলো লাগানো শুরু হয়। শেষ হয়েছে ২০০৫ সালে। গাছ লাগাতে ইউনিয়ন পরিষদের খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকা।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর যখন ইউনিয়ন পরিষদের সামনের এ কাঁচা সড়কটিতে ইট বিছাতে শুরু করে, সে সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাছ লাগানোর এ উদ্যোগ নেন। প্রতিবছর ধাপে ধাপে গাছগুলো লাগানো হয়।ওই ইউনিয়নের মৈজুদ্দিন মাতুব্বরের কান্দি গ্রামের মমতাজ, শাহেদা, রিক্তা, রওশন আরা, হালি বেগমসহ মাঝবয়সী ছয়জন দুস্থ নারী গাছগুলো দেখভাল করছেন। আগামী কয়েক বছরের মধ্যেই গাছগুলো ফল দেওয়া শুরু করবে।ইউনিয়নের হাকিম নগর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোরাব আলী ফকির প্রথম আলোকে বলেন, ‘সড়কের দুই পাশে নারকেলগাছ লাগানোর ফলে এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। পাশাপাশি এলাকার গরিব মানুষদের সাহায্যের মানসিকতায় যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সফল হলে এলাকার গরিব মানুষগুলো উপকৃত হবে। ঢাকা থেকে আমার বিদ্যালয় পরিদর্শনে যাঁরা আসেন, তাঁরা নারকেলগাছের এ সারির নয়নাভিরাম দৃশ্য দেখে মুগ্ধ হন। দেশের অন্য ইউনিয়ন পরিষদের জন্যও এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।’এ কাজের মূল উদ্যোক্তা চর নাসিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুর রহমান মাতুব্বর প্রথম আলোকে বলেন, ‘আমি চিরকাল চেয়ারম্যান থাকব না। আমার এলাকা নদী ভাঙন-কবলিত। প্রচুর গরিব মানুষ আছে। তারা সামান্য অসুখ-বিসুখ থেকে শুরু করে বিয়ে-মুসলমানিতে সাহায্যের জন্য ইউনিয়ন পরিষদে আসে। অথচ ইউনিয়ন পরিষদে এ জাতীয় সাহায্যের কোনো তহবিল নেই। তাই আমি অর্থকরী ফসল হিসেবে নারকেলগাছ লাগানোর উদ্যোগ নিই। এর ফলে দুটি কাজ হবে। প্রথমত, গাছগুলো পরিবেশ রক্ষা করতে সাহায্য করবে। দ্বিতীয়ত, এ গাছের ফল বিক্রি করে এলাকার গরির নিঃস্ব মানুষের বিপদে-আপদে সাহায্য করা যাবে। বর্তমানে এক জোড়া নারকেল ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। সাহায্য করার জন্য কাউকে যদি প্রতিটি গাছ থেকে একটি নারকেল দেওয়া হয়, তাতে ৭০০ জোড়া নারকেল হবে। তাতে ওই পরিবারকে ৩৫ হাজার টাকা সাহায্য করা হবে।’