ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পরিমল জয়ধরের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। পরিমলের পক্ষে গতকাল বৃহস্পতিবার জামিনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।গতকাল বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর ভারপ্রাপ্ত বিচারক এ কে এম মোস্তফা দেওয়ান এ আদেশ দেন। একই সঙ্গে বাদীপক্ষের দেওয়া নারাজি আবেদনের ব্যাপারে আগামী ১৪ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন আদালত।ভিকারুননিসার ছাত্রী ধর্ষণ মামলার তদন্তের পর ১৪ আগস্ট পরিমলকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন বাড্ডা থানার পরিদর্শক এস এম শাহাদত হোসেন। আসামির তালিকা থেকে সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগম এবং বসুন্ধরা শাখার প্রধান লুৎফর রহমানকে বাদ দেওয়া হয়। বাদীপক্ষ অভিযোগপত্রের ব্যাপারে গতকাল নারাজি আবেদন করেন। ধর্ষিত ছাত্রীর নিকটাত্মীয় মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশের দেওয়া অভিযোগপত্র প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করা হয়েছে। আদালত ১৪ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছেন। ওই আত্মীয় বলেন, নির্যাতিতার পক্ষ থেকে যেসব সাক্ষ্য-প্রমাণ সরবরাহ করা হয়েছে, তা আমলে নেয়নি পুলিশ।মজিবুর রহমান আরও বলেন, অধ্যক্ষ ও শাখাপ্রধানের বিরুদ্ধে আলামত নষ্ট করা, ভয়ভীতি দেখানো ও মেয়েটিকে স্কুল থেকে বহিষ্কারের হুমকি দেওয়ার অভিযোগে মামলা করা হয়। কিন্তু মেয়েটির স্বজনদের বক্তব্য অভিযোগপত্রে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তা ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনেও দুই শিক্ষকের অবহেলার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। এ কারণে তাঁরা নারাজি দিয়েছেন। ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা গত ৫ জুলাই বাড্ডা থানায় ভিকারুননিসা নূনের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধর, ভিকারুননিসার অধ্যক্ষ হোসনে আরা বেগম ও বসুন্ধরা শাখার প্রধান লুৎফুর রহমানকে আসামি করে মামলা করেন। ৭ জুলাই পরিমলকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।