নারাজি আবেদন করবেন আসমা কিবরিয়া
‘আমি তো হতভম্ব হয়ে গিয়েছি। আমার সঙ্গে কোনো কথা না বলেই হুট করে তারা একটা অভিযোগপত্র দিয়ে দিল। আমি খুবই দুঃখ পেয়েছি। আমি এই অভিযোগপত্র প্রত্যাখ্যান করছি। আমি নারাজি আবেদন করব।’ গতকাল সোমবার সকালে হবিগঞ্জ আদালতে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের পর এভাবেই প্রথম আলোর কাছে প্রতিক্রিয়া জানান তাঁর স্ত্রী আসমা কিবরিয়া। পরিবারের সদস্যরা জানান, কিডনি ও হূদেরাগে প্রায় শয্যাশায়ী আসমা কিবরিয়া অভিযোগপত্র দাখিলের পর মানসিকভাবেও ভেঙে পড়েছেন। চিকিৎসার জন্য এ সপ্তাহেই তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।আসমা কিবরিয়া বলেন, ‘এই অভিযোগপত্রে তারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে জড়াতে চাইছে না। অথচ ঘটনার পর থেকে বারবারই এর সঙ্গে জড়িত হিসেবে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের কয়েকজন রথী-মহারথীর নাম এসেছে।’ ঘটনার সঙ্গে জড়িত হিসেবে সুনির্দিষ্টভাবে কারও নাম বলতে চান কি না জানতে চাইলে আসমা কিবরিয়া বলেন, ‘এগুলো তো খুবই পরিচিত মুখ, পরিচিত নাম। কিবরিয়া সাহেবকে হত্যার পর বারবারই এসব নাম চর্চিত হয়েছে। পত্রপত্রিকায় আকার-ইঙ্গিতে লেখা হয়েছে। এর মধ্যে লোকমুখে সবচেয়ে বেশি এসেছে হারিছের (সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী) নাম। হারিছ খুবই দক্ষতার সঙ্গে তদন্ত প্রতিবেদন থেকে তাঁর নাম বাদ দিতে সমর্থ হয়েছেন বলে আমি জানতে পেরেছি। তাঁর ওপরের আরও কয়েকজনের নাম আলোচিত হয়েছে। তারা তদন্ত করে বের করবে কে কে জড়িত ছিলেন, যাঁদের নাম এসেছে, তাঁরা আদৌ জড়িত ছিলেন কি না—এ বিষয়গুলো তদন্তে খতিয়ে দেখা হয়নি বলে আমি জেনেছি।’আসমা কিবরিয়ার অভিযোগ, তদন্তে যাঁদের নাম এসেছে, তাঁরা সবাই নিয়োগকৃত বা ভাড়াটে। তাঁদের যাঁরা নিযুক্ত করেছেন বলে শোনা যায়, তদন্তে তাঁদের কারোরই নাম আসেনি। আসমা কিবরিয়ার দাবি, ‘যাঁরা টাকা দিয়ে কিবরিয়াকে মারার জন্য লোক ভাড়া করলেন, তাঁদের ধরতে হবে। না হলে এ তদন্ত আমি মানব না। অবস্থা দেখে বুঝে প্রয়োজনে জনগণের সাহায্য চাইব, রাস্তায় নামব কিবরিয়া হত্যার বিচারের জন্য।’আসমা কিবরিয়া বলেন, ‘আমার আইনজীবীর সঙ্গে কথা বলব। বিষয়টা ভালোভাবে বুঝে আমরা অধিকতর তদন্তের জন্য এই অভিযোগপত্রের ওপর একটা নারাজি দেব। আমি খুবই অসুস্থ। তার মাঝেই এ অবস্থা। আমার মনটা খুবই খারাপ। আমার ছেলেও (রেজা কিবরিয়া) দেশে নেই। আমার তো আর কোনো লোকও নেই যে আমি একটু মুভ করব। আল্লাহ আমাকে যেন শক্তি দেন। দেশের বাইরে যাচ্ছি চিকিৎসা করাতে। যাওয়ার আগে আদালতে নারাজি দিয়ে যাব।’সরকারের প্রতি ইঙ্গিত করে আবেগাক্রান্ত আসমা কিবরিয়া বলেন ‘এটা ভাবলেই আমার মনটা ভেঙে যায়, তারা (সরকার) তাঁর (কিবরিয়া) হত্যার বিচারটাও ভালোভাবে করতে চাইছে না। অথচ আমার স্বামী এই দলের (আওয়ামী লীগ) জন্য প্রাণ দিলেন। কেন ওনার বিচারটা তারা ঠিকমতো করতে চাইছে না, তা আমি কিছুতেই বুঝতে পারছি না, আমার যুক্তিতে আসছে না। তবে আমি বিশ্বাস করি, একদিন না একদিন এই ঘটনার রহস্য উন্মোচিত হবেই। হয়তো আমি থাকব না। তবে তাঁর বিচারটা দেখে যেতে পারলে খুবই শান্তি পেতাম। জীবনটাকে অর্থবহ মনে হতো।’এর আগে কিবরিয়া হত্যা মামলার তদন্ত কর্তৃপক্ষ হবিগঞ্জ পুলিশ গত ২৫ মে মামলার অভিযোগপত্র দেওয়ার উদ্যোগ নিলেও সেদিন আর দেওয়া হয়নি। তখনই প্রতিক্রিয়ায় তদন্তের ফলাফল প্রত্যাখ্যান করেছিলেন আসমা কিবরিয়া। এর পরও তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেনি উল্লেখ করে আসমা কিবরিয়া বলেন, ‘আমি ভেবেছিলাম, এরপর তদন্তকারীরা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে তথ্য ও মতামত চাইবে। কিন্তু তারা কেউই কোনো যোগাযোগ করেনি। এটাই আমার কাছে আশ্চর্য লাগছে। তারা খুবই সযতনে আমার বিষয়টি এড়িয়ে গেছে।’