নারাজি আবেদন খারিজের বিরুদ্ধে রিভিশন দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিষয়ে নারাজি আবেদন খারিজ করে আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে রিভিশন আবেদন দাখিল করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুর ১২টায় মামলার বাদী ও নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান জেলা ও দায়রা জজ আদালতে এই আবেদন করেন। বিচারক আবেদনটি গ্রহণ করে আগামী ২ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন।আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১ নভেম্বর লোকমান হোসেন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় তাঁর ছোট ভাই কামরুজ্জামান ডাকমন্ত্রীর ছোট ভাই সালাহ উদ্দিন আহমেদকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে গত ২৪ জুন এজাহারভুক্ত ২ নম্বর আসামি নরসিংদী পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল মতিন সরকারসহ ১২ জনকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডলের দেওয়া এ অভিযোগপত্রে সালাহ উদ্দিন আহমেদসহ এজাহারভুক্ত ১১ জনের নাম নেই।বাদী পুলিশের দেওয়া অভিযোগপত্র প্রত্যাখ্যান করে তা বাতিল ও নতুন করে তদন্তের মাধ্যমে এজাহারভুক্ত সব আসামিকে অন্তর্ভুক্ত করার দাবিতে ২৪ জুলাই মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। আদালত ২৫ জুলাই আবেদনটি খারিজ করে দেন।মামলার বাদী ও নরসিংদীর বর্তমান পৌর মেয়র কামরুজ্জামান বলেন, ‘পুলিশ প্রভাবিত হয়ে এজাহারভুক্ত আসামিদের বাদ দিয়ে অভিযোগপত্র তৈরি করে আদালতে পেশ করে, যা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এর বিরুদ্ধে আমি নারাজি আবেদন করেছিলাম কিন্তু আদালত তা খারিজ করে দেন। আমি এই খারিজের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশন আবেদন করেছি। প্রয়োজনে পরবর্তী সময়ে উচ্চ আদালতে যাব।’