নারায়ণগঞ্জে অবরোধ ও ভাঙচুর, ট্রেন বন্ধ
নারায়ণগঞ্জে রেললাইন ও সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও আটকের মধ্য দিয়ে আজ সোমবার হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।সকালে চাষাঢ়ায় নারায়ণগঞ্জ-ঢাকা রেললাইনে অবরোধ করেন হেফাজতে ইসলামের কর্মীরা। পরে নিরাপত্তার জন্য এ রেলপথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। শহরের চাষাঢ়া গোলচত্বর বিজয়স্তম্ভ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হরতাল-সমর্থকেরা। কাঁঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন হেফাজতের কর্মীরা। এ সময় তাঁরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় লাঠিসোঁটা নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন হরতাল-সমর্থকেরা। শহরের চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনের সড়কে বসে সমাবেশ করেন হেফাজতের ইসলামের নেতা-কর্মীরা। পরে হরতালের সমর্থনে শহরের বিভিন্ন স্থানে লাঠিসোঁটা নিয়ে খণ্ড খণ্ড মিছিল করেন তাঁরা।সকাল সাড়ে ছয়টার দিকে শহরের চাষাঢ়া এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ওপর প্রতিবন্ধকতা সৃষ্টি করেন হরতাল-সমর্থকেরা। পরে পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দেয়। এ ঘটনার পর সকাল আটটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।ফতুল্লা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সানোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে জানান, নিরাপত্তার কারণে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।অন্যদিকে সকাল আটটার দিকে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হেফাজতে ইসলামের কর্মীরা রাস্তায় বসে পড়ে সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা যানবাহন চলাচলে বাধা দেন ও বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে মহাসড়ক থেকে তাঁরা অবরোধ তুলে নেন। গাড়ি ভাঙচুরের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, হেফাজতের কর্মীরা মহাসড়ক অবরোধ করলে তাঁদের সরিয়ে দেওয়া হয়। ভাঙচুরের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।হরতালে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। শহরে দোকানপাট ও যান চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তা রক্ষায় বিপুলসংখ্যক পুলিশ ও র্যাবের সদস্য মোতায়েন রয়েছেন।