নারায়ণগঞ্জে আরও পাঁচ পোশাকশ্রমিক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের ওপর হামলা, পোশাকশিল্পে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আরও পাঁচ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রামারবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, আনিসুর রহমান, শহীদুল ইসলাম ও মিনহাজুল ইসলাম। এ নিয়ে মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হলো।এদিকে ফতুল্লা শিল্পাঞ্চলের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। বিভিন্ন শিল্প-কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিতে শুরু করেছেন, তবে মামলার ভয়ে গ্রেপ্তার এড়াতে অনেক শ্রমিক কাজে যোগ দেননি। ফতুল্লা শিল্পাঞ্চলের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা এই পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।ফতুল্লা শিল্পাঞ্চলের বৃহত্ তিনটি কারখানা—মাইক্রোফাইবার, ক্যাডটেক্স ও মেট্রো নিটিং আগামী শুক্রবার বন্ধ থাকবে বলে জানিয়েছে মালিকপক্ষ। এ তিনটি কারখানায় প্রায় ২০ হাজার শ্রমিক কাজ করেন।উল্লেখ্য, গত তিন দিন ধরে ফতুল্লা শিল্পাঞ্চলের কাঠেরপুল এলাকায় পোশাকশ্রমিকেরা ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা ঘোষণা এবং তা পয়লা আগস্ট থেকে কার্যকরসহ সিপিবি-সমর্থিত গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা মন্টু ঘোষের মুক্তির দাবিতে পোশাকশিল্পে হামলা, ভাঙচুর, বিক্ষোভ ও সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।