নারায়ণগঞ্জে গণপিটুনিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি, বয়স আনুমানিক ৩২। গণপিটুনিতে আরেকজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের সুলপিনা এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনা সম্পর্কে এলাকাবাসী ও পুলিশের ভাষ্য, আজ ভোররাত চারটার দিকে সুলপিনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সালাউদ্দিন মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিস লুটে নেয়। পালিয়ে যাওয়ার সময় সালাউদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিলে ডাকাতেরা তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।এতে ইউপি সদস্য সালাউদ্দিন, জাকির হোসেন, আওলাদ হোসেন ও আবদুল হামিদ আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ সময় আহত ব্যক্তিদের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে ডাকাত দলের দুজনকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।